০৫:২৪ পি.এম
চার বছরের প্রেমের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন বলিউড প্রযোজক অংশুলা কাপুর এবং তাঁর দীর্ঘদিনের সঙ্গী রোহন ঠাক্কর। গতকাল সোমবার, মুম্বাইয়ের তাজ ল্যান্ডস এন্ড-এ ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় তাঁদের বিয়ে, হিন্দু রীতিতে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে বিয়ের প্রথম ভিডিও। সেখানে দেখা যায়, পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে নবদম্পতি সাত পাকে বাঁধা পড়ছেন। হাসি, আনন্দ এবং একে অপরের দিকে ভালোবাসাভরা দৃষ্টিতে তাকিয়ে তাঁরা জীবনের নতুন অধ্যায় শুরু করেন।
আরেকটি ভিডিওতে দেখা যায় যে, বিয়ের আনুষ্ঠানিক নিবন্ধনও সম্পন্ন করছেন অংশুলা ও রোহন। এদিন অংশুলার পরনে ছিল হালকা গোলাপি ও আড়ু রঙের লেহেঙ্গা, এবং রোহন পরেছিলেন আইভরি-সোনালি রঙের শেরওয়ানি। বিয়ের নথিতে স্বাক্ষর করার পর পরিবারের এক প্রবীণ সদস্যের আশীর্বাদও নেন নবদম্পতি।
আরও পড়ুন: রিজভী: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার
এই আয়োজনে কাপুর পরিবারের প্রায় সবাই উপস্থিত ছিল। অতিথিদের মধ্যে অনিল কাপুর, অর্জুন কাপুর, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, মহীপ কাপুর, শানায়া কাপুর, সোনম কাপুর, রিয়া কাপুর, হর্ষবর্ধন কাপুর, শাবানা আজমী এবং কারিশমা কাপুর ছিলেন।
পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অর্জুন কাপুর ব্যক্তিগতভাবে সংবাদমাধ্যম ও আলোকচিত্রীদের অনুরোধ করেছিলেন, যেন তাঁরা অনুষ্ঠানস্থলে ভিড় না করেন। কারণ, বিয়েটি একান্তই পারিবারিক পরিসরে রাখতে চেয়েছিলেন তাঁরা। মঙ্গলবার একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গেছে। সেখানে চলচ্চিত্র অঙ্গনের আরও অনেক তারকার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
বিয়ের উৎসব শুরু হয়েছিল কয়েক সপ্তাহ আগেই। গত ২১ জুন রোহনের পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘মাতা কি চৌকি’। এরপর ছিল মেহেদি অনুষ্ঠান, যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে জাহ্নবী ও খুশি কাপুরের পরিকল্পনায় আয়োজন করা হয় অংশুলার চুড়া ও কালিরা পরানোর অনুষ্ঠানও।
মেহেদি অনুষ্ঠানের পর ইনস্টাগ্রামে দুই বোনকে ধন্যবাদ জানিয়ে অংশুলা লিখেছিলেন, জাহ্নবী ও খুশি তাঁর কল্পনারও বাইরে একটি সুন্দর আয়োজন করেছেন। প্রতিটি ছোট্ট বিষয়েও তাঁদের ভালোবাসা এবং যত্নের ছাপ ছিল। ফলে তিনি কোনো দুশ্চিন্তা ছাড়াই পুরো আয়োজন উপভোগ করতে পেরেছেন।
আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান
অংশুলা এবং রোহনের সম্পর্কের শুরু ২০২২ সালে, একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। ২০২৫ সালের জুলাইয়ে সেন্ট্রাল পার্কে অংশুলাকে বিয়ের প্রস্তাব দেন রোহন। সেই মুহূর্তকে ‘জাদুর মতো’ বলে বর্ণনা করেছিলেন অংশুলা। প্রস্তাবের ছবি প্রকাশ করে তিনি জানিয়েছেন, তাঁদের প্রথম কথা হয়েছিল রাত ১টা ১৫ মিনিটে। টানা কয়েক ঘণ্টা কথা বলার পর শুরু হয়েছিল সম্পর্ক। তিন বছর পর একই সময়ের স্মৃতি মনে রেখেই নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে তাঁকে বিয়ের প্রস্তাব দেন রোহন।
অংশুলার ভাষায়, তিনি রূপকথার গল্পে কখনো খুব একটা বিশ্বাস করতেন না। কিন্তু রোহনের পরিকল্পনা এতটাই আন্তরিক এবং ব্যক্তিগত ছিল যে, তিনি চোখের জল, হাসি এবং আবেগের মধ্যেই ‘হ্যাঁ’ বলে দেন। প্রযোজক বনি কাপুর এবং তাঁর প্রথম স্ত্রী মোনা শৌরি কাপুরের মেয়ে অংশুলা কাপুরকে সর্বশেষ দেখা গেছে ‘দ্য ট্রেইটর্স’–এ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন