০৮:৩১ পি.এম
দৌলতপুর সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। দক্ষিণ-পশ্চিম রিজিয়নের যশোরে চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানে ১৬৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া, মোট ৯৩ কোটি ১৪ লাখ ৬৯ হাজার ২৮৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে নিয়মিত অভিযান, টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীনে ৭টি ব্যাটালিয়ন এবং ১১৬টি বিওপির মাধ্যমে প্রতিদিন গড়ে ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে। অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৯.৫৩৮৮ কে.জি. স্বর্ণ, ৫টি আগ্নেয়াস্ত্র, ৯৪.২৫ কে.জি. ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি এবং ১০ রাউন্ড গুলি।
এছাড়া, বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৬৯০ বোতল বিদেশি মদ, ৮.৭৭১ কে.জি. হেরোইন, ২২০.৬৭৬ কে.জি. গাঁজা, ৮৫ হাজার ৬১০ পিস ইয়াবা, ১ হাজার ৯৮৮ বোতল ফেনসিডিল, ৭.০৯৭ কে.জি. ক্রিস্টাল মেথ (আইস), ২৪ হাজার ৯৪৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ এবং ৩ লাখ ৩০ হাজার ৩৮৪ পিস বিভিন্ন প্রকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর আগমনে দৌলতপুরে বিএনপির আনন্দ মিছিল
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কুষ্টিয়া জেলা ও মেহেরপুরের গাংনী উপজেলায় পরিচালিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ২১ জনকে আটক করেছে। এসব অভিযানে ৬ কোটি ৪১ লাখ ৯৩ হাজার ১২১ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়নের অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৯৪.২৫ কে.জি. ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি, ২টি আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ৯ হাজার ২৫০ কে.জি. সার এবং অন্যান্য চোরাচালানি পণ্য।
এছাড়া, ৯৭১ বোতল বিদেশি মদ, ১০৬৬ বোতল ফেন্সিডিল, ১১২.৬২৮ কে.জি. গাঁজা, ১২ গ্রাম হেরোইন, ১১৯ পিস ইয়াবা এবং ১ লাখ ৫১ হাজার ৮৭৮ পিস বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে হ্যালোজেন এবং সার্চ লাইট স্থাপনের মাধ্যমে আলোকিতকরণ, টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ টাস্কফোর্সের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। অন্যদিকে, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যশোর রিজিয়নের আওতাধীন বিজিবি ইউনিটগুলো দায়িত্ব পালন করছে। বিশেষ করে গোপালগঞ্জ জেলার চলমান অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করছেন বিজিবি সদস্যরা।
প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তসংক্রান্ত বিরোধ ও অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি এবং পাচার প্রতিরোধেও বিজিবির কার্যক্রম অব্যাহত রয়েছে। বিজিবি মনে করে, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় প্রশাসন, সাংবাদিক সমাজ ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য।
আরও পড়ুন: অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ার আহ্বান বাপ্পির
সীমান্তকে অপরাধমুক্ত রাখতে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপরও গুরুত্ব দিচ্ছে বাহিনীটি। সীমান্ত সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে এই প্রত্যয়কে সামনে রেখে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন