ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত


জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে জয়পুরহাট জেলা কার্যালয়ের যৌথ আয়োজনের মাধ্যমে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে জয়পুরহাটে আজ অনুষ্ঠিত হয় মাদকবিরোধী মানববন্ধন, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

শুক্রবার বেলা ১১টায় শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে শেষ হয়। দিবসটি উপলক্ষে মানববন্ধন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন এর সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জয়পুরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক শাকিল আহমেদ এর সঞ্চালনায় বক্তব্যমূলক আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল কুমার, জেলা পরিষদের প্রশাসক মো. মাসুদ রানা প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব-উন-নবী, জেলা বিএনপি’র আহ্বায়ক মো. গোলজার হোসেন, দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড.শাহিনুর রহমান শাহিন, জিপি এ্যাড. ছালামত হোসেন এবং ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ১২ লিটার চোলাইমদসহ আটক ১

আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বক্তারা বিশেষভাবে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সুধীজন এবং বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমার নদের ওপর নতুন সেতু চালু, স্বস্তি ফিরবে পাঁচ গ্রামের মানুষের যাতায়াতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


কুমার নদের ওপর নতুন সেতু চালু, স্বস্তি ফিরবে পাঁচ গ্রামের মানুষের যাতায়াতে

মাদারীপুর সদর উপজেলার কুমার নদের ওপর একটি নতুন সেতুর নির্মাণকাজ শুরু হয়েছে। এই সেতুর নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৮ কোটি ২৭ লাখ টাকা। শুক্রবার সকালে, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান এই কাজের উদ্বোধন করেন।

এই সময় সংসদ সদস্য বলেন, "নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার ও উন্নয়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ চলছে। রাষ্ট্র মেরামতের পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।"

তিনি আরও বলেন, "এই সেতু নির্মিত হলে এলাকার মানুষের যোগাযোগ সহজ হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।"

এছাড়া, তিনি উল্লেখ করেন, মানবপাচার, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। "এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।"

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ১৯৫ মিটার দীর্ঘ ও ৭৫ মিটার স্টিল আর্চ পিএসসি গার্ডার সেতুটি মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে। এছাড়া, ২০২৭ সালের ১৫ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সেতুটি নির্মিত হলে তরমুগুরিয়া, লক্ষীগঞ্জ, নতুন মাদারীপুর, চরমুগুরিয়াসহ আশপাশের অন্তত পাঁচ গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

উদ্বোধন অনুষ্ঠানে এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনীয়া, সদর উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেন, জেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আটকে পড়া নাবিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা স্থগিত করল জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


আটকে পড়া নাবিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা স্থগিত করল জাতিসংঘ

হরমুজ প্রণালীতে বৃহস্পতিবার একটি জাহাজের ওপর হামলার ঘটনার পর আটকে থাকা নাবিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম স্থগিত করেছে জাতিসংঘ। এদিকে, গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে চলাচলের জন্য ইরান যেন কোনো ধরনের ফি আদায় না করে, সে বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

নিউইয়র্ক টাইমসসহ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম জানায়, হরমুজ প্রণালীতে একটি কন্টেইনারবাহী জাহাজের ওপর হামলা চালিয়েছে ইরান। ঘটনার পর সেখানে নৌযান চলাচল নিয়ন্ত্রণ দাবি করে ইরানি সংস্থা একটি সতর্কবার্তা জারি করেছে।

মানামা থেকে বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষ (পিজিএসএ) এক্সে দেওয়া এক বার্তায় বলেছে, ‘পিজিএসএ নির্ধারিত কাঠামোর বাইরে কোনো নৌপথ ব্যবহার করলে নিরাপদ চলাচলের নিশ্চয়তা দেওয়া হবে না।’

যুদ্ধকালীন অবস্থায় ইরান হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ করেছিল, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিয়েছে। পরে দেশটি জানায়, তারা 'সামুদ্রিক সেবা ফি' নামে একটি নতুন ফি চালুর পরিকল্পনা করেছে।

এসব পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে। ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া সংঘাতের অবসানে উভয় দেশ একটি সমঝোতা স্মারকে সই করার পর এখন তারা চূড়ান্ত চুক্তির চেষ্টা করছে।

বৃহস্পতিবারের হামলার পর সমুদ্র নিরাপত্তাবিষয়ক জাতিসংঘের সংস্থা আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ যুদ্ধের কারণে আটকে পড়া ৬০০টি জাহাজ ও তাদের নাবিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছেন।

এক বিবৃতিতে ডোমিঙ্গেজ বলেন, সরিয়ে নেওয়ার তালিকায় থাকা জাহাজগুলোর জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তা এখনও বহাল আছে কি না, তা পুনরায় নিশ্চিত করতে তিনি পরিকল্পনাটি সাময়িকভাবে স্থগিত করেছেন।

তিনি জানান, যে জাহাজটিতে বৃহস্পতিবার হামলা হয়েছে, সেটি আইএমওর সরিয়ে নেওয়ার কাঠামোর আওতায় চলাচল করছিল না। ওই কার্যক্রম মঙ্গলবার সন্ধ্যায় শুরু হয়েছিল।

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানায়, হরমুজ প্রণালীতে থাকা কার্গোবাহী জাহাজটির ডান পাশে অজ্ঞাত একটি প্রক্ষেপণাস্ত্র আঘাত হানে, ফলে জাহাজের ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সংস্থাটি জানায়, ঘটনাটি ওমান উপকূল থেকে মাত্র ৭ দশমিক ৫ নটিক্যাল মাইল বা ১৪ কিলোমিটার দূরে ঘটেছে।

হোয়াইট হাউস জানায়, তারা এ বিষয়ে প্রতিবেদন সম্পর্কে অবগত এবং বিষয়টি খতিয়ে দেখছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, হরমুজ প্রণালীত অবাধ নৌচলাচল ব্যাহত করার সুযোগ ইরানকে দেওয়া হবে না।’

-'যেকোনো মূল্যে নয়'-

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ক্ষতিগ্রস্ত উপসাগরীয় মিত্রদের আশ্বস্ত করতে আঞ্চলিক সফরের অংশ হিসেবে বাহরাইন সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র একটি চুক্তি চায়, ‘কিন্তু যেকোনো মূল্যে নয়।’

তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই, এই চুক্তির লক্ষ্যে কোন অংশ হবে না যা উপসাগরীয় অঞ্চলে আমাদের অংশীদারদের নিরাপত্তা, স্থিতিশীলতা বা সমৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করে।’

রুবিও হরমুজ প্রণালীতে চলাচলের জন্য তেহরানকে ফি আদায়ের সুযোগ দেওয়ার ধারণা নাকচ করেছেন। তার ভাষায়, এতে ‘সম্পূর্ণ বিশৃঙ্খলা’ সৃষ্টি হবে।

গত সপ্তাহে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকে বলা হয়েছে, আগামী ৬০ দিন বাণিজ্যিক জাহাজগুলো কোনো ফি ছাড়াই হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে। তবে এর পর কী ব্যবস্থা থাকবে, তা এখনও স্পষ্ট নয়।

ইরান ও ওমানের মাঝে অবস্থিত সরু জলপথ হরমুজ প্রণালী আরব সাগর ও ভারত মহাসাগরের সাথে যুক্ত। উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি রপ্তানির ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ।

রোববার সুইজারল্যান্ডে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা শিথিল এবং হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক জ্বালানি পরিবহন নিয়ে কেন্দ্রিক হতে যাচ্ছে। এ নৌপথে ইরান পূর্বেও একাধিকবার বেসামরিক জাহাজকে লক্ষ্যবস্তু করেছে।

তবে উপসাগরীয় দেশগুলো ও ইসরাইল দীর্ঘদিন ধরে এ অঞ্চলে ইরানের মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন এবং দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। এসব বিষয় আলোচনায় অন্তর্ভুক্ত হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

রুবিও জ্বালানি সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোকে আশ্বস্ত করতে বলেন, বহু দশক ধরে যেসব দেশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে হরমুজ প্রণালীর ওপর নির্ভর করছে, তাদের জন্য এ নৌপথে কোনো টোল আরোপ করা হবে না।

উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে বলেন, হরমুজ প্রণালীতে ‘অবাধ, নিঃশর্ত ও বাধাহীন নৌচলাচল’ নিশ্চিত করা এ অঞ্চলের জন্য অত্যাবশ্যক।

-নতুন নৌপথ-

ওমান বুধবার নিজেদের উপকূলঘেঁষা একটি নতুন অস্থায়ী নৌপথের মানচিত্র প্রকাশ করেছে। দেশটি জানায়, হরমুজ প্রণালীর এই পথটি আইএমওর সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হয়েছে।

পরে ইরানের বিপ্লবী গার্ড এক বিবৃতিতে নতুন এ নৌপথের সমালোচনা করেছে। তবে সেখানে ওমানের নাম উল্লেখ করা হয়নি।

এদিকে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে যে আলোচনা বৃহস্পতিবার শেষ হওয়ার কথা ছিল, তা আরও এক দিন চলবে।

দপ্তরটি জানায়, এ সপ্তাহে শুরু হওয়া পঞ্চম দফার আলোচনা শুক্রবার সকালে আবার শুরু হবে। বিস্তৃত বিবৃতিতে বলা হয়, ‘আমরা আলোচনা এগিয়ে নিতে সহায়তা করে যাচ্ছি। ইসরাইল ও লেবাননের আলোচনা অব্যাহত রয়েছে।’

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধারাবাহিকতায় ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে যে ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, এ আলোচনা তারই প্রেক্ষাপটেই হচ্ছে। আর সেই সংঘাতের চূড়ান্ত অবসানে যুক্তরাষ্ট্র ও ইরান পৃথকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোংলা নদীতে ফেরি সার্ভিস চালু, দুর্ভোগ কমবে মানুষের: পরিবেশ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


মোংলা নদীতে ফেরি সার্ভিস চালু, দুর্ভোগ কমবে মানুষের: পরিবেশ প্রতিমন্ত্রী

মানুষের দুর্ভোগ কমাতে মোংলা নদীতে ২৪ ঘণ্টায় দুইটি ফেরি সার্ভিস চালু করা হয়েছে, এমনটাই জানিয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। শুক্রবার (২৬ জুন) সকালে ফেরি চলাচল কার্যক্রম ও ঠাকুরানী খাল পরিদর্শন করার সময় তিনি এই তথ্য দেন।

এর আগে, জোয়ার-ভাটার ওপর নির্ভর করে ১টি ফেরি চলাচল করতো। সেই অবস্থায় মানুষের দুর্ভোগের কোনো সীমা ছিল না। ফেরি সার্ভিস চালু হওয়ার পর প্রতিমন্ত্রী বললেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মানুষের যোগাযোগ সহজ করতে নতুন করে আরও একটি ফেরি সার্ভিস যোগ করা হলো।

এছাড়া, ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে মোংলা-ঘাষিয়াখালী চ্যানেল নিয়মিত খনন করার কথা জানালেন তিনি।

তিনি আরো বলেন, নির্বাচনে একটি অঙ্গিকার ছিল মোংলা পোর্ট পৌরসভার প্রধান খাল ঠাকুরানী খালের পুনরুদ্ধার। ইতোমধ্যে এই কার্যক্রম শুরু হয়েছে। খালের ময়লা দূরীকরণ সম্পন্ন হয়েছে, বর্তমানে খালের জায়গা পরিমাপের কাজ চলমান। এরপর খালটি খনন করতে পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করবে। ফলে স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে এবং শহরের সৌন্দর্য উন্নয়নে সাহায্য করবে। এছাড়া, ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রকোপও কমে আসবে।

খাল পরিদর্শনের সময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শারমিন আক্তার সুমি, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার এবং সাধারণ সম্পাদক আবু হোসেন পানিসহ আরও অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লার্ভা শনাক্ত হওয়ায় বনানীর নির্মাণাধীন ভবনকে ৫০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


লার্ভা শনাক্ত হওয়ায় বনানীর নির্মাণাধীন ভবনকে ৫০ হাজার টাকা জরিমানা

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে গঠিত জাতীয় টাস্কফোর্সের বিশেষ অভিযানে রাজধানীর বনানীর একটি নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এর ফলে সংশ্লিষ্টদের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৬ জুন) বনানীর ১৮, ২১ ও ২৪ নম্বর সড়ক এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অভিযান শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী জানান, টানা তিন দিনের অভিযানে বনানীর সরকারি কোয়ার্টার ও আশপাশের প্রায় ৫০ শতাংশ বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। বর্ষা মৌসুমকে সামনে রেখে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির আওতায় প্রতিদিন পরিচ্ছন্নতা ও লার্ভা ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অভিযান চলাকালে বনানীর ২৪ নম্বর সড়কের একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা শনাক্ত হলে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলী দণ্ডবিধি, ১৮৬০-এর ২৬৯ ধারায় সংশ্লিষ্টদের ৫০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘আমাদের উদ্দেশ্য কাউকে জরিমানা করা বা জেলে পাঠানো নয়; আমাদের উদ্দেশ্য মানুষের জীবন বাঁচানো এবং ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা।’

তিনি বলেন, শুধু সিটি করপোরেশনের পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এর জন্য নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি নাগরিকদের বাড়ির ছাদ, আঙিনা, বেসমেন্ট, ফুলের টব, ডাবের খোসা, টায়ারসহ যেকোনো স্থানে তিন দিনের বেশি পানি জমে না রাখতে এবং নিয়মিত জমে থাকা পানি অপসারণের আহ্বান জানান। পাশাপাশি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলারও অনুরোধ করেন।

প্রতিমন্ত্রী আরও জানান, ডিএনসিসির আঞ্চলিক ও ওয়ার্ড কার্যালয় থেকে নাগরিকরা বিনা মূল্যে মশার লার্ভা ধ্বংসকারী ট্যাবলেট সংগ্রহ করতে পারবেন। এছাড়া সরকারি কোয়ার্টারগুলোতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবকে নির্মাণাধীন ভবনে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে চিঠি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

অভিযানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. আজিজুন নেছা, বনানী সোসাইটির সাধারণ সম্পাদক ইরফান ইসলামসহ স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%