০২:৪৮ পি.এম
সিলেটের মৎস্য বিভাগ মারাত্মক জনবল সংকটে ভুগছে। জনবল সংকটের কারণে এক যুগ ধরে দুটি হ্যাচারি বন্ধ রয়েছে। সিলেট অঞ্চলে সুস্বাদু ও গুণগত মানসম্পন্ন মাছের সরকারি পোনা সরবরাহের প্রধান কেন্দ্র হিসেবে দুটি হ্যাচারির ১০টি পদের বিপরীতে বর্তমানে মাত্র একজন কর্মরত আছেন।
১৯৬৩ সালে নগরীর খাদিমনগরে প্রায় ৭ একর জায়গায় প্রতিষ্ঠিত খামারটির হ্যাচারি সরঞ্জাম ও পুকুর দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় রয়েছে। সিলেট মৎস্য বিভাগের সিনিয়র এক সহকারী পরিচালক খাদিমনগর মৎস্যবীজ উৎপাদন খামারের ব্যবস্থাপকের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। ফলে অফিস ভবন প্রায়ই বন্ধ থাকে। পুরো খামারটি দেখাশোনা করছেন আবুল হোসেন নামের একজন নিরাপত্তা কর্মী।
সিলেট অঞ্চলে মানসম্মত মাছের পোনা সরবরাহের অন্যতম সরকারি উৎস হিসেবে খাদিমনগর ও গোলাপগঞ্জ মৎস্যবীজ উৎপাদন খামার পরিচিত। গোলাপগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় অবস্থিত সিলেটের আরেকটি সরকারি মৎস্যবীজ উৎপাদন খামারটিও দীর্ঘদিন ধরে জনবল সংকটে রেনু উৎপাদন বন্ধ রেখেছে। তবে চলতি বছরের সেপ্টেম্বরে নতুন এক কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। নিয়োগের পর সেখানে রেণু উৎপাদন শুরুর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন আউটসোর্সিংএ নিয়োজিত এক কর্মচারী।
আরও পড়ুন: কাউখালী উপজেলা পরিষদের পুরাতন ভবন যেন ময়লার ভাগাড়
সিলেট জেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস জানিয়েছেন, খাদিমনগর মৎস্যবীজ খামার নিরাপদ পানির অভাবে রেনু উৎপাদন বন্ধ রয়েছে। খামারের পাশে অবস্থিত ছড়ার পানি বিসিক এলাকার বর্জ্যে দূষিত হয়ে গেছে, তাই তা ব্যবহার করা সম্ভব হচ্ছে না। ভূগর্ভস্থ পানিতে আয়রনের সমস্যা মারাত্মক।
সিলেট জেলা মৎস্য কর্মকর্তার মতে, জেলায় ৯৫ পদের বিপরীতে বর্তমানে কর্মকর্তা-কর্মচারী রয়েছেন ৩৫ জন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন