০১:৪৩ পি.এম
নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুন সন্ত্রাস ও নাশকতার অভিযোগে এক বিএনপি নেতার বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ চার যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ফতুল্লার লালপুর এলাকার ছানাউল্লার বাড়ীর ভাড়াটিয়া জব্বার শিকদারের পুত্র মো. রাকিব (২৫), নাঈম মিয়ার ভাড়াটিয়া মো. জলিলের পুত্র মো. নিশাদ (২৩), পৌষাপুকুর পাড় এলাকার দুলাল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মিঠুর পুত্র রাফি (১৯) এবং সুরুজ মিয়ার পুত্র আরিফ(২৬)।
শনিবার দিবাগত রাত ১ টার দিকে সদর থানা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদের ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত মধ্যরাতে লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে যুবলীগের চার কর্মীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের মোবাইল ফোনে বিভিন্ন স্থানে সরকার বিরোধী মিছিলে তাদের উপস্থিতির ভিডিও পাওয়া গেছে। একই সাথে দেশের বাইরে এবং দেশের অভ্যন্তরে আত্মগোপণ করে থাকা আওয়ামী লীগের নেতাদের সাথে গ্রুপ চ্যাটিংয়ের প্রমাণও পাওয়া গেছে।
আরও পড়ুন: কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজির আকস্মিক পরিদর্শন, প্রশাসন নড়েচড়ে বসল
স্থানীয়দের অভিযোগ, বিএনপি নেতা নুর মোহাম্মদের ছোট ভাই মুন্না যুবলীগের রাজনীতির সাথে জড়িত। গ্রেপ্তারকৃতরা এই বাড়িতে প্রায় সময়ই মিলিত হতো। মুন্নার নেতৃত্বে সরকার বিরোধী ঝটিকা মিছিল করা হতো। ঐ বাসাতেই কয়েকদিন পূর্বে কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ছবি ফেসবুকে আপলোডও করা হয়েছিল।
গ্রেপ্তার নিশাদ জানান, "আমি পোশাক শ্রমিক। মুন্না ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে মিছিলে নিয়ে যেতো। কয়েকদিন পূর্বে ঐ বাসায় কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। মুন্নার এক ভাই স্থানীয় বিএবপি নেতা এবং আরেক ভাই রাসেল সাংবাদিক হওয়ায় বাড়িটি নিরাপদ মনে করে ইতিপূর্বে একাধিক কর্মসূচি পালন করা হয়েছে। পাশাপাশি দলীয় গোপন বৈঠকও হয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন