০২:৪৯ পি.এম
নড়াইল, ২২ নভেম্বর, ২০২৬ : নড়াইলের কালিয়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাকে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী বাসিন্দারা গুজব ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।
তারা জানিয়েছেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
পুলিশ এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা বাসসকে জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বড়কালিয়া ঘোষপাড়াসহ হিন্দু অধ্যুষিত এলাকায় কোনো ধরনের ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। বরং সেখানকার বাসিন্দা ও ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে বসবাস ও ব্যবসা পরিচালনা করছেন।
আরও পড়ুন: নন্দীগ্রামে বিস্ফোরক মামলায় গ্রেফতার-১
কালিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি ও স্থানীয় বণিক সমিতির সভাপতি অশোক ঘোষ বলেছেন, ‘আমরা সবাই নিরাপদে আছি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শত শত বাড়িঘর পুড়িয়ে দেওয়ার বানোয়াট খবর দেখে এবং লোকমুখে গুজব শুনে অবাক হচ্ছি। বাস্তবতাকে পাশ কাটিয়ে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।’
ঘোষপাড়ার দীর্ঘদিনের বাসিন্দা গোপী ঘোষ এবং বিমান ঘোষ জানিয়েছেন, তাদের এলাকায় কোনো বাড়িঘরে হামলা বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি।
কালিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক অরূপ ঘোষ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে এইরকম খবর দেখামাত্র আশপাশে খোঁজ নিয়ে দেখি ও স্বজনদের সঙ্গে কথা বলি। তবে এখন পর্যন্ত এলাকার কোনো সনাতন ধর্মালম্বী বাসিন্দার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন তথ্য পাইনি।
বিএনপির কালিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু বাসসকে বলেন, বর্তমান সরকার ও বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য কালিয়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের মিথ্যা ঘটনা ছড়ানোর মতন ন্যাক্কারজনক কাজ করা হচ্ছে। এখানে আমাদের বিএনপির দুই নেতাকর্মী অন্যায়ের প্রতিরোধ করতে গিয়ে আওয়ামী লীগের কর্মীদের দ্বারা নৃশংসভাবে খুন হন। এরপরও যেন কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য আমাদের দলীয় নেতাকর্মীদের নিয়ে সজাগ আছি।
আরও পড়ুন: সাঘাটায় নিম্নচাপ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জলাবদ্ধতায় পাকা ধান সহ সরিষা ও আলুর ক্ষেতের ক্ষতির শঙ্কা
নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম বলেছেন, ‘ফেসবুকে যা ছড়ানো হয়েছে তা সবই গুজব। নড়াইলকে আমরা নিরাপদ রাখতে চাই। আর সে লক্ষ্যে অবিচল আমরা দুইজন নিষ্ঠাবান সহযোদ্ধাদের হারিয়েও শোক বুকে নিয়ে কাজ করে যাচ্ছি।’
চলতি বছরের সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এলাকার সনাতন ধর্মালম্বীদের বিপুল সমর্থনের কথা স্মরণ করে বলেন, ‘আমরা তাদের সঙ্গে আছি, তারাও আমাদের সঙ্গে আছেন। এআই দিয়ে তৈরি ছবি প্রচার করে বিএনপির ঘাড়ে মিথ্যা দায় চাপানো হচ্ছে। বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে এসব অপপ্রচার কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলের লোকজন করছে। আমরা সকলে মিলে অন্যায়কে প্রতিহত করবোই। কোনভাবেই এই গর্হিত কাজে তাদের সফল হতে দেবো না।’
বিএনপি ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গত বুধবার বিকেলে মোটরসাইকেলযোগে কালিয়ায় মিছিল বের করেন।
মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যায় পৌরসভার বেন্দারচর বটতলা এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালান বলে অভিযোগ করেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। এ সময় কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল মোল্যাকে কুপিয়ে জখম করা হয়। খুলনায় নেওয়ার পথে তারা মারা যান।
আরও পড়ুন: হার্ট অ্যাটাকের জরুরি চিকিৎসায় পিছিয়ে বরিশাল, জীবন বাঁচাতে ছুটতে হয় ঢাকা-খুলনায়
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিকভাবে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামক দুইজন ব্যক্তিকে আটক করা হয়েছে।
তিনি বলেন, এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বেন্দারচর কিংবা কালিয়া উপজেলা সদরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এ ধরনের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি গুজব বলে উল্লেখ করে তিনি বলেন, এর সঙ্গে এলাকায় বিদ্যমান বাস্তব পরিস্থিতির কোনও মিল নেই।
একইসঙ্গে, তিনি জনসাধারণকে ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন খবর জানামাত্র তার সত্যতা যাচাই করে গুজব রোধে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তা নেয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আগুন দেওয়ার চেষ্টা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন