ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইরানে সরকার পরিবর্তন নিয়ে খুব একটা মাথা ঘামাইনি: ট্রাম্প


ইরানে সরকার পরিবর্তন নিয়ে খুব একটা মাথা ঘামাইনি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন যে, তিনি ইরানে ক্ষমতার পরিবর্তন চান না। বরং, তিনি তেহরানের সঙ্গে একটি স্থায়ী চুক্তি প্রতিষ্ঠা করতে আগ্রহী, যার মাধ্যমে সংঘাতের অবসান ঘটানো সম্ভব হবে এবং দেশটির পারমাণবিক অস্ত্র অর্জন প্রতিরোধ করা যাবে।

শনিবার (২১ নভেম্বর) ফক্স নিউজের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইরানে শাসন পরিবর্তনের বিষয়টি নিয়ে তিনি ‘কখনোই খুব একটা মাথা ঘামাননি’ বলে মনে করেন।

ফক্স নিউজের উপস্থাপককে ট্রাম্প বলেন, “আসলে, শাসনব্যবস্থা (ইরানের) নিয়ে আমার খুব একটা মাথাব্যথা ছিল না। কেউ কেউ একে ‘শাসনব্যবস্থার পরিবর্তন’ (রেজিম চেঞ্জ) বলে থাকেন। আমি ইতোমধ্যেই প্রথম ও দ্বিতীয় দলকে সরিয়ে দিয়েছি, আর এখন আমরা তৃতীয় দলটিকে নিয়ে কাজ করছি। সুতরাং, একে আপনি চূড়ান্ত শাসনব্যবস্থার পরিবর্তন বলতে পারেন।”

আরও পড়ুন: গাজায় ইসরাইলি হামলা ও গুলিতে নিহত ৪

ট্রাম্প ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করেছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে একটি যৌথ সামরিক অভিযান পরিচালনা করে, যার লক্ষ্যবস্তু ছিল সামরিক স্থাপনা এবং বিভিন্ন নেতার বাসভবন ও কার্যালয়। ওই অভিযানে খামেনিসহ আরও কয়েকজন ইরানি কর্মকর্তা নিহত হন।

৮০ বছর বয়সি এই রিপাবলিকান নেতা ইরানের বর্তমান নেতৃত্বের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বর্তমান শাসনব্যবস্থাকে ‘যৌক্তিক’ বলে অভিহিত করলেও, একই সঙ্গে জানিয়েছেন, তাদের সঙ্গে কাজ করা বেশ কঠিন।

ট্রাম্প বলেন, ‘মনোভাবটা (ইরানের বর্তমান নেতাদের) অনেক আলাদা। সম্ভবত, এরা বেশি যুক্তিবাদী। আবার এদের সামাল দেয়াও খুব কঠিন। আমরা একটা চুক্তি করি, আর পরদিন তারাই সেই চুক্তি ভেঙে ফেলে।’

আরও পড়ুন: কাদের ‘ইহুদি সন্ত্রাসী’ বললেন গাদি আইজেনকোট?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ইসরাইলি হামলা ও গুলিতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


গাজায় ইসরাইলি হামলা ও গুলিতে নিহত ৪

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : শনিবার গাজার উপত্যকায় ইসরাইলি হামলা ও গুলিতে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন খাদ্য সহায়তা বহনকারী একটি গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় মারা যান।

আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হামলার পর তিনজন পুরুষের মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় বাস্তুচ্যুত মানুষের জন্য খাদ্য বহনকারী একটি গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

আল-শিফা হাসপাতাল জানায়, ওই ঘটনায় নিহত একজনের মরদেহও তারা গ্রহণ করেছে।

হামাসের অধীনে উদ্ধারকারী সংস্থা বেসামরিক প্রতিরক্ষা বাহিনী আরও জানায়, উত্তর গাজার জাবালিয়া আল-বালাদ এলাকায় ইসরাইলি সেনাদের গুলিতে একজন নিহত হয়েছেন।

গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এ বিষয়ে মন্তব্য জানতে এএফপি ইসরাইলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরাইল ও হামাস পরস্পরকে নিয়মিত দোষারোপ করে আসছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের ইসলামপন্থী সংগঠন হামাসের নজিরবিহীন হামলার মাধ্যমে ইসরাইলের সঙ্গে দুই বছরের যুদ্ধ শুরু হয়।

ঘটনাস্থলে তোলা এএফপির ছবিতে দেখা যায়, বিস্ফোরণে একটি ভ্যান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির ভেতরে খাবার ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী এএফপিকে জানায়, তারা ওই এলাকায় ‘বেশ কয়েকজন সামরিক অভিযানে জড়িত ব্যক্তিকে’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

এদিকে, শনিবার মধ্য গাজার বিভিন্ন স্থান থেকে ফিলিস্তিনিরা বুরেইজ শরণার্থীশিবিরের দক্ষিণ-পশ্চিমে আগের দিন বিমান হামলায় নিহত চারজনের জানাজায় অংশ নিতে জড়ো হন।

ওই হামলার বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, গাজার মধ্যাঞ্চলে বেসামরিক ইসরাইলি নাগরিক ও ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার পরিকল্পনা নিয়ে বৈঠক করার সময় হামাসের সামরিক শাখার ‘বেশ কয়েকজন সন্ত্রাসীকে’ লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে।

হামলায় নিহত ব্যক্তিদের একজনের ভাই মাহদি আবু গারকুদ ইসরাইলের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে বলেন, ‘নেতানিয়াহু যে যুদ্ধবিরতির কথা বলছেন, তা কোথায়?’

তিনি এএফপিকে বলেন, ‘গাজায় যুদ্ধ শেষ হয়ে গেছে—এমনটা ধরে নিয়ে পুরো বিশ্ব আমাদের পরিত্যাগ করেছে। অথচ এখনকার দিনগুলো প্রকৃত যুদ্ধের সময়ের চেয়েও বেশি দুর্বিষহ।’

এএফপির হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর পর থেকে গাজায় ১ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের অধীনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে। জাতিসংঘের বিবেচনায় এসব পরিসংখ্যান নির্ভরযোগ্য।

একই সময়ে, ইসরাইলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, তাদের সাত সেনা এবং একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘স্বামী মৃত্যুর ১১ মাসেও পাননি পেনশন ও ভাতা’ প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


‘স্বামী মৃত্যুর ১১ মাসেও পাননি পেনশন ও ভাতা’ প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রত্তন আলী শরীফের (বীর প্রতীক) স্ত্রী নুরজাহান বেগম প্রধানমন্ত্রীর কাছে সরাসরি অভিযোগ করেছেন যে, তিনি তার স্বামীর পেনশন ও ভাতা উত্তোলন করতে পারছেন না।

প্রধানমন্ত্রী তারেক রহমান এই অভিযোগ মনোযোগ সহকারে শোনেন এবং জানতে চান, "দরখাস্ত আছে কিনা।"

শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও তাদের উত্তরাধিকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। বরিশালের বাবুগঞ্জ উপজেলার খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত রত্তন আলী শরীফের স্ত্রী নুরজাহান বেগম প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা স্মারক গ্রহণকালে তার পারিবারিক পেনশন ও ভাতা-সংক্রান্ত জটিলতা তুলে ধরেন।

নুরজাহান বেগম জানান, তার স্বামী ২০২৫ সালের ২৮ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। এরপর থেকে তিনি স্বামীর প্রাপ্য পেনশন ও ভাতা নিয়মিত উত্তোলন করতে পারছেন না। দীর্ঘদিন ধরে এই জটিলতার কারণে তিনি আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

প্রধানমন্ত্রী তার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং জানতে চান, "দরখাস্ত আছে কিনা।"

উল্লেখ্য, প্রয়াত রত্তন আলী শরীফ বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন, মুক্তিযুদ্ধের একজন সাহসী সংগঠক ও মুক্তিযুদ্ধকালীন বেইজ কমান্ডার। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট ছিলেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি 'বীর প্রতীক' খেতাবে ভূষিত হন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সম্মিলিত আক্রমণের সূচনাকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। এই দিবস উপলক্ষে শনিবার সকালে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
জাতীয় ঐক্য

এনসিপির চার নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


এনসিপির চার নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছেন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডবের পরিপ্রেক্ষিতে আগামীকাল সোমবার তার সঙ্গে বসতে যাচ্ছে। এনসিপির প্রতিনিধি দল সরকার প্রধানের এই আহ্বানকে ইতিবাচক হিসেবে নিয়ে সংলাপে অংশগ্রহণ করবে।

এই সংলাপের মাধ্যমে জাতীয় ঐক্যের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু হতে যাচ্ছে। দুপুরে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে।

জাতীয় সংসদে সর্বশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। এনসিপির সঙ্গে আগামীকাল বৈঠকের মাধ্যমে এই সংলাপ শুরু হবে, এরপর জামায়াতে ইসলামীর অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে।

যুক্তরাজ্য সফরে থাকা নাহিদ ইসলাম আজ রোববার বিকেলে দেশে ফিরবেন। দেশে ফেরার পর প্রতিনিধিদলের অন্য সদস্যদের নাম তার সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে, এনসিপি সূত্রে এ তথ্য জানা গেছে।

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের অন্যতম সদস্য ও দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করবে।

বার্তায় উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে এনসিপি ইতিবাচক হিসেবে নিয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে বলে মনে করে এনসিপি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা এবং দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে গত বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়।

শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। তিনি ২৬ নভেম্বর দেশে ফেরার পর ২৭ বা ২৮ নভেম্বর জামায়াতের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকে বসবেন বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের এক নেতা বলেন, ‘সব দলকে নিয়ে আলোচনায় বসার ক্ষেত্রে আমাদের বক্তব্য হলো, একটি অভিন্ন ভিত্তি বা রেফারেন্স পয়েন্ট থাকতে হবে। সেই ভিত্তি হবে জুলাই সনদ ও গণভোট। এ বিষয়ে সবাই ইতিবাচক অবস্থান নিলে অন্য বিষয়গুলোর সমাধান সহজ হয়ে যাবে।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র বলছে, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে প্রধানমন্ত্রী জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথমে আলাদা আলাদাভাবে বৈঠক করবেন। পরে সর্বদলীয় বৈঠক হতে পারে।

সূত্র জানাচ্ছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে এনসিপির সঙ্গে যোগাযোগ করেছেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। এনসিপির নেতারা বৈঠকে প্রধানমন্ত্রীকে জানাবেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর যেসব কারণে রাজনৈতিক ঐক্য নষ্ট হয়েছে। এ ছাড়া বিএনপি নেতা-কর্মীরা যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে, সে বিষয়গুলোও তুলে ধরবেন। একই সঙ্গে গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়নসহ তাদের পাঁচ দফা দাবির বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন এনসিপির নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%