প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুটি শাখা লক্ষ্য করে পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে একটি শাখার বাইরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। পরপর দুটি শাখায় এমন হামলার ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এর আগে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখায় পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা।
গ্রামীণ ব্যাংকের মাদারীপুর জোনাল ম্যানেজার প্রদ্যুৎ কুমার বিশ্বাস জানান, শনিবার রাতে কেন্দুয়া শাখা লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে কয়েকজন দুর্বৃত্ত। তবে বোমা দুটি বিস্ফোরিত না হওয়ায় আগুন ছড়িয়ে পড়েনি। এ সময় ব্যাংকের নাইট গার্ড বিষয়টি টের পেলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
অন্যদিকে, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শিবচরের উমেদপুর ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে বাইরে থেকে দুটি ককটেল ও দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের বাইরের অংশে আগুন ধরে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি না হলেও বাইরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
জোনাল ম্যানেজার প্রদ্যুৎ কুমার বিশ্বাস আরও জানান, ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ঘটনার পর থেকে ব্যাংকের শাখাগুলোতে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তবে পরপর দুটি শাখায় হামলার ঘটনায় কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কের মধ্যে রয়েছেন।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, কেন্দুয়া গ্রামীণ ব্যাংক শাখা লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে সেগুলো বিস্ফোরিত না হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
শাওন বল
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন