বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৪৭ এম
মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির প্রভাব ফুটবলের মাঠে পড়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। শুধু টুর্নামেন্টে অংশগ্রহণই নয়, বাতিল করা হয়েছে তাদের পূর্বনির্ধারিত প্রস্তুতি ক্যাম্পও।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন খেলোয়াড়দের উদ্দেশ্যে একটি চিঠি পাঠিয়েছে, যেখানে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তার স্বার্থে বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেডারেশন স্পষ্ট করেছে, তাদের কাছে খেলোয়াড় ও কর্মীদের কল্যাণ সর্বোচ্চ অগ্রাধিকার।
এছাড়া, কাতারের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জারি করা ‘লেভেল ৩’ ভ্রমণ সতর্কতার বিষয়টিও সিদ্ধান্তের পেছনে রয়েছে। গত মাসে হালনাগাদ করা ওই সতর্কতায় সশস্ত্র সংঘাতের ঝুঁকি তুলে ধরে কাতার ভ্রমণের বিষয়ে পুনর্বিবেচনা করতে বলা হয়েছে। সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলা, বিশেষ করে বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার বিষয়টিও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন বুধবার সংশ্লিষ্ট খেলোয়াড়দের ক্লাবগুলোকে সিদ্ধান্তের কথা জানানোর পরিকল্পনা করেছে। তবে ফিফার আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসার আগে খেলোয়াড়দের এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য না করতে নিরুৎসাহিত করা হয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ৪৮ দলের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। ‘জে’ গ্রুপে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ ছিল চিলি, আলজেরিয়া ও মন্টেনেগ্রো। সূচি অনুযায়ী, ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের আসর শুরু হওয়ার কথা ছিল।
গত আসরে যুক্তরাষ্ট্র শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে অংশ নিয়েছিল। তবে এবার নিরাপত্তা উদ্বেগের কারণে তাদের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত টুর্নামেন্টের আয়োজনে নতুন পরিস্থিতি তৈরি করেছে। তবে যুক্তরাষ্ট্রের জায়গায় অন্য কোনো দল খেলবে কি না, সে বিষয়ে ফিফার সিদ্ধান্ত এখনো জানা যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হুথিরা সৌদি কমান্ড সেন্টারে হামলার দাবি করেছে ইয়েমেনে। ইয়েমেনের হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি জানিয়েছেন, বুধবার ইয়েমেনের এডেন অঞ্চলের আল-বুরাইকা এলাকায় সৌদি সামরিক কমান্ড সেন্টার ও অপারেশন রুমে তারা বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
সারি টেলিগ্রামে একটি পোস্টে উল্লেখ করেছেন, এই কেন্দ্র লাহিজ, আল-দালি, তাইজ ও অন্যান্য গভর্নরেটের যুদ্ধক্ষেত্রগুলোতে সৌদি সামরিক বাহিনীর সহায়তা কার্যক্রম পরিচালনা ও তদারকির জন্য দায়ী ছিল। সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তথ্যমন্ত্রী সালেম আল-আওয়ালকি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে বলেছেন, এই হামলা ‘বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা এবং নিরপরাধ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির ক্ষেত্রে এই মিলিশিয়া গোষ্ঠীর দীর্ঘদিনের অভ্যাসেরই প্রতিফলন।’
এদিকে, ইয়েমেনের হুথিরা সৌদি আরবের মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছে। তবে, গোষ্ঠীটি দাবি করেছে যে, দেশটির ইয়ানবুতে একটি তেল পাম্পিং স্টেশন এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
এর আগে, সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানায়, রিয়াদের দিকে ছোড়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। একই সঙ্গে, মক্কা ও সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে পাঠানো কয়েকটি ড্রোনও তারা ভূপাতিত করার দাবি করেছে।
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজায় ইসরায়েলি বিমান হামলায় এবার নিহত হয়েছেন ফিলিস্তিনি ফুটবলার মাহমুদ কামাল ফারেস আবদেল-মালেক। এই তথ্যটি নিশ্চিত করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)।
পিএফএর তথ্য অনুযায়ী, গাজা স্পোর্টস ক্লাবের অধিনায়ক ও গোলরক্ষক আবদেল-মালেক মঙ্গলবার গাজা সিটির দক্ষিণাঞ্চলীয় সাবরা এলাকায় হামলার সময় নিহত হন।
২০ বছর বয়সী আবদেল-মালেক ছিলেন গাজায় চলমান যুদ্ধে নিহত হওয়া ক্রীড়াজগতের সঙ্গে সংশ্লিষ্ট ১,০১৭তম ব্যক্তি, জানিয়েছে পিএফএ।
মৃত্যুর মাত্র পাঁচ দিন আগে তিনি ‘থাউজ্যান্ড মার্টার্স কাপ’-এর গাজা ও উত্তর গাজা বিভাগের ফাইনালে অংশগ্রহণ করেছিলেন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নিহত এক হাজারের বেশি ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তার স্মরণে এই টুর্নামেন্টের নামকরণ করা হয়।
মাহমুদের মৃত্যুর খবর জানিয়ে গাজা স্পোর্টস ক্লাব সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, "ক্লাবের কিংবদন্তি ও প্রথম দলের গোলরক্ষক মাহমুদ কামাল ফারেস আবদেল-মালেক কিছুক্ষণ আগে শহীদ হয়েছেন।"
গত সপ্তাহে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টের ফাইনালে রানার্সআপ হয় গাজা স্পোর্টস ক্লাব। প্রতিযোগিতাটিতে ২০০টির বেশি ক্লাব অংশ নেয়। এর মধ্যে অধিকৃত পশ্চিম তীর থেকে ১৪৬টি, গাজা থেকে ৪৪টি এবং লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরগুলো থেকে ৩৬টি ক্লাব ছিল।
একই সময়ে তিনটি এলাকায় টুর্নামেন্টের যাত্রা শুরু হয়।
পিএফএ সভাপতি জিবরিল রাজুব বলেন, এই আয়োজন প্রমাণ করেছে যে ফিলিস্তিনিরা তাদের "জাতীয় সংকল্প" হারায়নি।
তিনি বলেন, "আমরা এই বিশ্বাসও হারাইনি যে খেলাধুলা আশা ও জীবনের প্রতীক হয়ে থাকবে।"
আবদেল-মালেকের মৃত্যুর কয়েক দিন আগে খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে থাকা ১৫ বছর বয়সী মোহাম্মদ নিদাল বারবাকও ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন।
এই ঘটনাগুলো ইসরায়েলের বিরুদ্ধে ফিফার নিষ্ক্রিয়তার বিষয়টিকে আবারও সামনে নিয়ে এসেছে। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন মার্চ মাসে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে নিষিদ্ধ করার দাবি জানায়। ফিফার শৃঙ্খলা কমিটির এক প্রতিবেদনে বলা হয়েছিল, বেইতার জেরুজালেম ক্লাবের ধারাবাহিক ও নথিভুক্ত বর্ণবাদী আচরণের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন।
সেই সময় রাজুব বলেছিলেন, "আমরা আন্তর্জাতিক সব প্রতিষ্ঠান থেকে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে বহিষ্কারের দাবিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।"
গাজার ক্রীড়া অবকাঠামোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ফিলিস্তিনি ক্রীড়া কর্মকর্তারা দাবি করেছেন। তাদের মতে, বিভিন্ন স্টেডিয়াম, ক্লাব, ক্রীড়া হল, একাডেমি ধ্বংস হয়েছে এবং বহু ক্রীড়া স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
ফিলিস্তিন স্পোর্টস মিডিয়া ফেডারেশনের মহাসচিব মুস্তাফা সিয়ামের মতে, প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনকে একটি "অস্তিত্ব সংকটে" ঠেলে দিয়েছে।
তিনি জানান, ফিফার সহায়তায় প্রতিষ্ঠিত গাজার ৫৬টি ক্রীড়া ক্লাবের মধ্যে ৫০টির বেশি এবং প্রায় ২০টি ক্ষুদ্রাকৃতির ফুটবল মাঠ ধ্বংস হয়ে গেছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ৭৪ হাজার ৬৪৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজার ৯৭৮ জন আহত হয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ব্যাংক নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের তরুণ সমাজের আত্মকর্মসংস্থানের সুযোগকে আরও সম্প্রসারিত করতে বিশেষ ঋণ সহায়তা প্রদান করছে। এই উদ্যোগের আওতায়, যোগ্য ও সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তারা তাদের ব্যবসায়িক উদ্যোগকে এগিয়ে নিতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ পাচ্ছেন।
কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের এই আর্থিক সহায়তা লাভের জন্য শুধুমাত্র আগ্রহ প্রকাশ করলেই হবে না; বরং একটি আকর্ষণীয় ব্যবসায়িক পরিকল্পনা (বিজনেস প্ল্যান), প্রকল্পের লাভজনকতা এবং কর্মসংস্থান সৃষ্টির সুনির্দিষ্ট সম্ভাবনা প্রমাণ করে যথাযথ নিয়মে আবেদন করতে হবে।
ঋণ পাওয়ার প্রাথমিক প্রক্রিয়া
বাংলাদেশ ব্যাংকের তরুণ উদ্যোক্তা ঋণ পেতে আগ্রহী ব্যক্তিদের নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে—
ব্যাংকে যোগাযোগ: প্রথমে দেশের যেকোনো তফসিলি ব্যাংকের নিকটস্থ শাখায় যোগাযোগ করে বাংলাদেশ ব্যাংকের তরুণ উদ্যোক্তা ঋণ সহায়তা কর্মসূচির আওতায় ঋণ নেওয়ার ইচ্ছা প্রকাশ করতে হবে এবং নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
শর্তাবলি জেনে নেওয়া: ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে ঋণের আবেদন প্রক্রিয়া, সুদের হার ও অন্যান্য শর্ত ভালোভাবে বুঝে নিতে হবে।
অনলাইন থেকেও সংগ্রহ: ব্যাংক কিংবা বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট থেকেও আবেদন ফরম সংগ্রহ করে পূরণ করা সম্ভব।
কাগজপত্র সংযুক্তি: যথাযথভাবে ফরম পূরণের পর এর সঙ্গে প্রয়োজনীয় দাপ্তরিক কাগজপত্র যুক্ত করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের সময় সাধারণত যে সমস্ত কাগজপত্র সঙ্গে জমা দিতে হয়, তার মধ্যে রয়েছে—
১. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনুলিপি।
২. হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি (যদি থাকে)।
৩. শিক্ষাগত যোগ্যতার সনদ ও এর সত্যায়িত অনুলিপি।
৪. একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক পরিকল্পনা বা বিজনেস প্ল্যান।
৫. সংশ্লিষ্ট ব্যাংকের চাহিদা অনুযায়ী অন্যান্য সহায়ক কাগজপত্র।
বিজনেস প্ল্যানে যা থাকতে হবে
ঋণ অনুমোদনের ক্ষেত্রে ব্যবসায়িক পরিকল্পনা বা বিজনেস প্ল্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পরিকল্পনাটিতে যে বিষয়গুলো স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে হবে—
উল্লেখ্য, আবেদন ফরমে ব্যবসার বিস্তারিত পরিকল্পনা লেখার পর্যাপ্ত জায়গা না থাকলে একটি আলাদা ফাইলে পূর্ণাঙ্গ বিজনেস প্ল্যান তৈরি করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
সফল আবেদনের কিছু টিপস
ব্যাংক থেকে ঋণ নিশ্চিত করতে হলে পরিকল্পনাটি হতে হবে সম্পূর্ণ বাস্তবসম্মত, সুস্পষ্ট ও তথ্যভিত্তিক। শুধু ঋণের নির্দিষ্ট অঙ্কের পরিমাণ উল্লেখ করলেই হবে না; বরং অর্থের সুনির্দিষ্ট ব্যবহার এবং ব্যবসা থেকে আয় করে কীভাবে তা পরিশোধ করা যাবে, তার যৌক্তিক ব্যাখ্যা থাকতে হবে।
সবশেষে, আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র নির্দিষ্ট ব্যাংক শাখায় জমা দেওয়ার পর ব্যাংক তা যাচাই-বাছাই করে নিজস্ব নীতিমালা এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা সাপেক্ষে ঋণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
আবেদন করলেই ঋণ নিশ্চিত—এমনটি নয়। ঋণের পরিমাণ, আবেদনকারীর যোগ্যতা, সুদের হার, জামানত এবং অন্যান্য শর্ত ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ সার্কুলার বা নির্দেশনা অনুযায়ী ভালোভাবে যাচাই করে নেওয়া বাঞ্ছনীয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আনন্দ এবং দুঃখ, উভয়ই মহান আল্লাহর পক্ষ থেকে আসে। আনন্দের সময় আল্লাহর প্রশংসা করা যেমন কর্তব্য, তেমনি দুঃখ-কষ্টের মুহূর্তেও তাঁর কাছে আত্মসমর্পণ করা অপরিহার্য। রাসুল (সা.) আনন্দের কোন দৃশ্য দেখলে বলতেন,
الْحَمْدُ لِلَّهِ الَّذِي بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ
উচ্চারণ : ‘আলহামদুলিল্লাহিল্লাযি বিনিমাতিহি তাতিম্মুস সালিহাত’।
অর্থ : সব প্রশংসা আল্লাহর জন্য, যাঁর নেয়ামতের মাধ্যমে ভালো কাজগুলো সম্পন্ন হয়। অপরদিকে, যখন তিনি কোনো অপছন্দনীয় বিষয় দেখতেন তখন বলতেন,
الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ
উচ্চারণ : ‘আল্লাহমদুলিল্লাহি আলা কুল্লি হাল।’
অর্থ : সব প্রশংসা সব অবস্থায় মহান আল্লাহর জন্য।
হাদিস অনুযায়ী, আয়েশা (রা.) বর্ণনা করেছেন যে, রাসুল (সা.) যখন কোনো পছন্দনীয় বিষয় দেখতেন, তখন তিনি প্রথম উল্লিখিত দোয়াটি পড়তেন। আর যখন তিনি কোনো অপছন্দনীয় বিষয় দেখতেন, তখন দ্বিতীয় উল্লিখিত দোয়াটি পড়তেন। (ইবনে মাজাহ, হাদিস : ৩৮০৩)
তালাশ বিডি/মিডিয়া লিঃ