বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৪৯ এম
বাংলাদেশ ব্যাংক নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের তরুণ সমাজের আত্মকর্মসংস্থানের সুযোগকে আরও সম্প্রসারিত করতে বিশেষ ঋণ সহায়তা প্রদান করছে। এই উদ্যোগের আওতায়, যোগ্য ও সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তারা তাদের ব্যবসায়িক উদ্যোগকে এগিয়ে নিতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ পাচ্ছেন।
কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের এই আর্থিক সহায়তা লাভের জন্য শুধুমাত্র আগ্রহ প্রকাশ করলেই হবে না; বরং একটি আকর্ষণীয় ব্যবসায়িক পরিকল্পনা (বিজনেস প্ল্যান), প্রকল্পের লাভজনকতা এবং কর্মসংস্থান সৃষ্টির সুনির্দিষ্ট সম্ভাবনা প্রমাণ করে যথাযথ নিয়মে আবেদন করতে হবে।
ঋণ পাওয়ার প্রাথমিক প্রক্রিয়া
বাংলাদেশ ব্যাংকের তরুণ উদ্যোক্তা ঋণ পেতে আগ্রহী ব্যক্তিদের নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে—
ব্যাংকে যোগাযোগ: প্রথমে দেশের যেকোনো তফসিলি ব্যাংকের নিকটস্থ শাখায় যোগাযোগ করে বাংলাদেশ ব্যাংকের তরুণ উদ্যোক্তা ঋণ সহায়তা কর্মসূচির আওতায় ঋণ নেওয়ার ইচ্ছা প্রকাশ করতে হবে এবং নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
শর্তাবলি জেনে নেওয়া: ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে ঋণের আবেদন প্রক্রিয়া, সুদের হার ও অন্যান্য শর্ত ভালোভাবে বুঝে নিতে হবে।
অনলাইন থেকেও সংগ্রহ: ব্যাংক কিংবা বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট থেকেও আবেদন ফরম সংগ্রহ করে পূরণ করা সম্ভব।
কাগজপত্র সংযুক্তি: যথাযথভাবে ফরম পূরণের পর এর সঙ্গে প্রয়োজনীয় দাপ্তরিক কাগজপত্র যুক্ত করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের সময় সাধারণত যে সমস্ত কাগজপত্র সঙ্গে জমা দিতে হয়, তার মধ্যে রয়েছে—
১. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনুলিপি।
২. হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি (যদি থাকে)।
৩. শিক্ষাগত যোগ্যতার সনদ ও এর সত্যায়িত অনুলিপি।
৪. একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক পরিকল্পনা বা বিজনেস প্ল্যান।
৫. সংশ্লিষ্ট ব্যাংকের চাহিদা অনুযায়ী অন্যান্য সহায়ক কাগজপত্র।
বিজনেস প্ল্যানে যা থাকতে হবে
ঋণ অনুমোদনের ক্ষেত্রে ব্যবসায়িক পরিকল্পনা বা বিজনেস প্ল্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পরিকল্পনাটিতে যে বিষয়গুলো স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে হবে—
উল্লেখ্য, আবেদন ফরমে ব্যবসার বিস্তারিত পরিকল্পনা লেখার পর্যাপ্ত জায়গা না থাকলে একটি আলাদা ফাইলে পূর্ণাঙ্গ বিজনেস প্ল্যান তৈরি করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
সফল আবেদনের কিছু টিপস
ব্যাংক থেকে ঋণ নিশ্চিত করতে হলে পরিকল্পনাটি হতে হবে সম্পূর্ণ বাস্তবসম্মত, সুস্পষ্ট ও তথ্যভিত্তিক। শুধু ঋণের নির্দিষ্ট অঙ্কের পরিমাণ উল্লেখ করলেই হবে না; বরং অর্থের সুনির্দিষ্ট ব্যবহার এবং ব্যবসা থেকে আয় করে কীভাবে তা পরিশোধ করা যাবে, তার যৌক্তিক ব্যাখ্যা থাকতে হবে।
সবশেষে, আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র নির্দিষ্ট ব্যাংক শাখায় জমা দেওয়ার পর ব্যাংক তা যাচাই-বাছাই করে নিজস্ব নীতিমালা এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা সাপেক্ষে ঋণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
আবেদন করলেই ঋণ নিশ্চিত—এমনটি নয়। ঋণের পরিমাণ, আবেদনকারীর যোগ্যতা, সুদের হার, জামানত এবং অন্যান্য শর্ত ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ সার্কুলার বা নির্দেশনা অনুযায়ী ভালোভাবে যাচাই করে নেওয়া বাঞ্ছনীয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আনন্দ এবং দুঃখ, উভয়ই মহান আল্লাহর পক্ষ থেকে আসে। আনন্দের সময় আল্লাহর প্রশংসা করা যেমন কর্তব্য, তেমনি দুঃখ-কষ্টের মুহূর্তেও তাঁর কাছে আত্মসমর্পণ করা অপরিহার্য। রাসুল (সা.) আনন্দের কোন দৃশ্য দেখলে বলতেন,
الْحَمْدُ لِلَّهِ الَّذِي بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ
উচ্চারণ : ‘আলহামদুলিল্লাহিল্লাযি বিনিমাতিহি তাতিম্মুস সালিহাত’।
অর্থ : সব প্রশংসা আল্লাহর জন্য, যাঁর নেয়ামতের মাধ্যমে ভালো কাজগুলো সম্পন্ন হয়। অপরদিকে, যখন তিনি কোনো অপছন্দনীয় বিষয় দেখতেন তখন বলতেন,
الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ
উচ্চারণ : ‘আল্লাহমদুলিল্লাহি আলা কুল্লি হাল।’
অর্থ : সব প্রশংসা সব অবস্থায় মহান আল্লাহর জন্য।
হাদিস অনুযায়ী, আয়েশা (রা.) বর্ণনা করেছেন যে, রাসুল (সা.) যখন কোনো পছন্দনীয় বিষয় দেখতেন, তখন তিনি প্রথম উল্লিখিত দোয়াটি পড়তেন। আর যখন তিনি কোনো অপছন্দনীয় বিষয় দেখতেন, তখন দ্বিতীয় উল্লিখিত দোয়াটি পড়তেন। (ইবনে মাজাহ, হাদিস : ৩৮০৩)
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাটের ব্যবসার কথা বলে স্ট্যাম্পে স্বাক্ষর করে সাড়ে ৩ লাখ টাকা নেওয়ার পর তা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে ফরিদপুরের আলফাডাঙ্গায় ছাদ্দাম হোসেনের (৩৫) বিরুদ্ধে। পাওনা টাকা চাইতে গিয়ে উল্টো অপমান ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম রাজিব (৪২)। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) রাতে আলফাডাঙ্গা সরকারি কলেজ রোড এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন রাজিব। তিনি আলফাডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত সামচুল আলম শেখের ছেলে। এ ঘটনায় ছাদ্দামের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগও দিয়েছেন তিনি।
অভিযুক্ত ছাদ্দাম হোসেন আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের ধলাইরচর গ্রামের মো. হান্নান মুন্সীর ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজিব জানান, গত ১ অক্টোবর দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে আলফাডাঙ্গা সদরবাজার চৌরাস্তায় তাঁর নিজস্ব দোকানে আসেন ছাদ্দাম। এ সময় পাটের ব্যবসার কথা বলে তাঁর কাছ থেকে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা নেন ছাদ্দাম। টাকা গ্রহণের প্রমাণ হিসেবে একটি স্ট্যাম্পে স্বাক্ষরও করেন তিনি।
রাজিবের অভিযোগ, নির্ধারিত সময় পার হলেও টাকা ফেরত দেননি ছাদ্দাম। পাওনা টাকা ফেরত পেতে একাধিকবার সরাসরি যোগাযোগ ও মুঠোফোনে কথা বললেও প্রতিবারই ‘আজ দেব, কাল দেব’ বলে সময়ক্ষেপণ করা হয়।
তিনি আরও জানান, সর্বশেষ গত ১০ নভেম্বর ছাদ্দামের বাড়িতে গিয়ে পাওনা টাকা চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এ সময় তাঁর সঙ্গে দুর্ব্যবহার ও অপমান করার পাশাপাশি ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে রাজিব বলেন, আমি একজন শান্তিপ্রিয় ব্যবসায়ী। কারও সঙ্গে বিরোধে জড়াতে চাই না। পাটের ব্যবসার জন্য দেওয়া আমার পাওনা সাড়ে তিন লাখ টাকা ফেরত চাই। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
তবে রাজিবের অভিযোগের বিষয়ে ভিন্ন দাবি করেছেন ছাদ্দাম হোসেন। তাঁর দাবি, চায়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তাঁকে অচেতন করা হয়েছিল। পরে তাঁর কাছ থেকে ১০ থেকে ১২টি অলিখিত স্ট্যাম্প ও ব্যাংকের চেকে স্বাক্ষর নেওয়া হয়।
এ বিষয়ে স্ট্যাম্প বিক্রেতা শাহিনুর রহমান শাহিন বলেন, ছাদ্দাম আমার কাছ থেকে নিজে এসে স্ট্যাম্প কিনেছেন। তখন তিনি একাই ছিলেন, তার সঙ্গে কেউ ছিলেন না।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সরোয়ার বলেন, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ