ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন রাষ্ট্রপতি


জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন রাষ্ট্রপতি

সাভারে, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২২ আগস্ট) সকালে সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে, তিনি বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরব থাকেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজতে শুরু করে। শ্রদ্ধা নিবেদন ও আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর রাষ্ট্রপতি পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন এবং স্বাক্ষর করেন।

আরও পড়ুন: দুর্গাপুর-কলমাকান্দাকে পর্যটন নগরী করতে চান ডেপুটি স্পিকার

পরিদর্শন বইয়ে রাষ্ট্রপতি যা লেখেন–

বিসমিল্লাহির রহমানির রাহিম

জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগ, অসীম সাহস ও অকৃত্রিম দেশপ্রেমের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের প্রিয় মাতৃভূমি– স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।

এই পবিত্র জাতীয় স্মৃতিসৌধ আমাদের জাতীয় গৌরব, আত্মত্যাগ, ঐক্য ও দেশপ্রেমের চিরন্তন স্মারক, যা চিরকাল দেশপ্রেম ও দেশগঠনে অনুপ্রেরণা জোগাবে।

আরও পড়ুন: রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দুর্গাপূজার পূজামণ্ডপ পরিদর্শন করবেন

আমি গভীর শ্রদ্ধার সঙ্গে মহান মুক্তিযুদ্ধের বীর স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া-কে স্মরণ করছি। তাদের দেশপ্রেম, নেতৃত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম আমাদের জাতীয় ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।

মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং বীর শহিদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো– এই হোক আমাদের অঙ্গীকার।

মহান আল্লাহ তায়ালা বীর শহিদদের রুহের মাগফিরাত দান করুন এবং প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ওপর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বর্ষণ করুন। আমিন। বাংলাদেশ জিন্দাবাদ।

আরও পড়ুন: ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: ডা. শফিকুর রহমান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীর সমান নেতৃত্বে রাজনৈতিক মানসিকতা-নীতির পরিবর্তন প্রয়োজন: শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০১:৩৩ পি.এম


নারীর সমান নেতৃত্বে রাজনৈতিক মানসিকতা-নীতির পরিবর্তন প্রয়োজন: শামা ওবায়েদ

রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক ও নীতিগত পরিবর্তন ছাড়া নেতৃত্বের পর্যায়ে নারীর সমান ও টেকসই অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব নয়, বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শনিবার (২২ আগস্ট) সকালে, রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘পলিটিক্স ল্যাব: বাংলাদেশে তরুণ নারী রাজনৈতিক নেতৃত্ব শক্তিশালীকরণ এবং গণতান্ত্রিক পরিসর পুনরুদ্ধার’ শীর্ষক সংলাপে তিনি এই মন্তব্য করেন।

সংলাপে বক্তারা উল্লেখ করেন, বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও রাজনীতিসহ নানা ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ বিদ্যমান থাকলেও, নীতি-নির্ধারণী ও শীর্ষ নেতৃত্বের পর্যায়ে তাদের উপস্থিতি এখনও অপ্রতুল। তরুণ ও নারী নেতৃত্বের জন্য জায়গা তৈরির জন্য মূল দায়িত্ব বড় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে।

কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার বলেন, যেকোনো আন্দোলন-সংগ্রামে নারীর অংশগ্রহণ সবার আগে থাকলেও, নেতৃত্বের জায়গায় সেভাবে নারীর অংশগ্রহণ দেখা যায় না।

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি বলেন, সমাজের বিভিন্ন পর্যায়ে নারী নেতৃত্ব কতখানি বিকশিত হয়েছে, তার ওপর ভিত্তি করে একটি দেশের সভ্যতার মানদণ্ড নির্ধারণ করা যেতে পারে।

শামা ওবায়েদ আরো বলেন, রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক ও নীতিগত পরিবর্তন না হলে নেতৃত্বের জায়গায় নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব নয়। বড় রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, মনস্তাত্ত্বিক পরিবর্তন এবং দলীয় নীতিতে সংস্কারের প্রয়োজন রয়েছে।

তিনি উল্লেখ করেন, জেলা ও উপজেলা কমিটিগুলোতে ৩০ থেকে ৩৫ শতাংশ নারীর উপস্থিতি নিশ্চিত করা না গেলে মূল জায়গায় কোন পরিবর্তন আসবে না। যত বেশি নারী শিক্ষিত হবে, তত বেশি তারা স্বনির্ভর হবে এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। এ ক্ষেত্রে সরকার নারীদের শিক্ষার ওপর অধিক গুরুত্ব দিচ্ছে।

এ সময় নারীর প্রতি সাইবার বুলিং ও হয়রানির বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন বক্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে "তুমিই বাংলাদেশ" সংগঠনের পরিষ্কার অভিযান ও ডাস্টবিন বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০১:৩৬ পি.এম


গোমস্তাপুরে "তুমিই বাংলাদেশ" সংগঠনের পরিষ্কার অভিযান ও ডাস্টবিন বিতরণ

"চলো বদলাই, দেশ বদলাই, ভবিষ্যৎ গড়ি"—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক লিফলেট ও ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকালে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “তুমিই বাংলাদেশ”-এর উদ্যোগে উপজেলার প্রাণকেন্দ্র রহনপুর রেলওয়ে স্টেশন বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ওই এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পাশাপাশি পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও ডাস্টবিন বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

কর্মসূচি শেষে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের মেডিসিন ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ এবং সহকারী অধ্যাপক ডা. মো. গোলাম সারোয়ার, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম এবং নাচোল উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনের (UITRCE) সহকারী প্রোগ্রামার প্রকৌশলী তৌহিদ সারোয়ার।

আলোচনা সভায় বক্তারা বলেন, "পরিষ্কার-পরিচ্ছন্নতা সুস্থ জীবন, সুন্দর মন এবং উন্নত সমাজের মূল ভিত্তি। আমাদের চারপাশ পরিষ্কার রাখলে ডেঙ্গু, ডায়রিয়া ও সর্দিকাশির মতো সংক্রামক রোগ থেকে মুক্ত থাকা সম্ভব। ধর্মীয় ও সামাজিক—উভয় দৃষ্টিভঙ্গি থেকেই পরিচ্ছন্নতা আমাদের গুরুদায়িত্ব, এমনকি ইসলাম ধর্মে পরিচ্ছন্নতাকে ঈমানের অঙ্গ হিসেবে চিহ্নিত করা হয়েছে।"

বক্তারা আরও জোর দিয়ে বলেন, পরিচ্ছন্নতা একক কোনো ব্যক্তির দায়িত্ব নয়, এটি সমাজের সবার যৌথ দায়িত্ব। নিজেদের শরীর, মন ও চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার নিয়ে একটি সুন্দর ও সুস্থ দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। একই সাথে বিতরণকৃত ডাস্টবিনগুলোর সঠিক ও যথাযথ ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

উক্ত সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযানে “তুমিই বাংলাদেশ” সংগঠনের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রদল নেত্রী প্রীতিকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট, সামাজিক মাধ্যমে ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০১:৩৮ পি.এম


ছাত্রদল নেত্রী প্রীতিকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট, সামাজিক মাধ্যমে ভাইরাল

রাজশাহী কলেজের ছাত্রদল নেত্রী প্রীতি চৌধুরীকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস প্রিয়ার ফেসবুক পোস্টটি ক্যাম্পাসে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে। প্রীতির রাজনৈতিক অবস্থান এবং তার অতীত কর্মকাণ্ড নিয়ে প্রিয়ার মন্তব্যের পরে প্রীতি সোশ্যাল মিডিয়ায় পাল্টা জবাব দিয়েছেন। এর পর, এ নিয়ে রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতমসহ সংগঠনটির নেতাকর্মী এবং কিছু সাধারণ শিক্ষার্থী তার সমর্থনে দাঁড়িয়েছেন।

এই ঘটনাটি বৃহস্পতিবার (২০ আগস্ট) শুরু হয়। নিষিদ্ধ ছাত্রলীগের রাজশাহী মহানগর শাখার পরিবেশবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রিয়া ফেসবুকে প্রীতি চৌধুরীর রাজনৈতিক অবস্থান ও অতীত কর্মকাণ্ডের প্রশ্ন তোলেন। তিনি উল্লেখ করেন ছাত্রলীগের অতীতের কিছু নেতার সাথে প্রীতির ঘনিষ্ঠতার অভিযোগ তোলার পাশাপাশি প্রীতিকে ‘সুযোগসন্ধানী’ বলেও উল্লেখ করেন।

এই সবকিছুর পর, প্রীতি চৌধুরী ফেসবুকে পাল্টা পোস্ট করেন। পোস্টে প্রিয়া কর্তৃক উত্থাপিত বিষয়সমূহের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দাবি করেন যে, ব্যক্তিগত বিষয়কে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রীতি প্রিয়ার রাজনৈতিক ভূমিকা এবং মূল্যবোধ সম্পর্কেও প্রশ্ন তুলেছেন। তিনি প্রিয়া সাথে কথোপকথনের কিছু স্ক্রিনশট এবং তথ্য প্রকাশের ইঙ্গিতও দেন।

এদিকে, তার সমর্থকেরা দাবি করছে যে প্রীতি চৌধুরী ২০২৪ সালের গণআন্দোলনে রাজশাহী কলেজে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। সোশ্যাল মিডিয়াতেও তাকে ‘জুলাইযোদ্ধা’ উল্লেখ করে বিভিন্ন পোস্ট প্রকাশিত হচ্ছে।

এছাড়াও, প্রীতি চৌধুরীর পাশে রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতমসহ নেতাকর্মীগণ দাঁড়িয়েছেন। তাদের এক ফেসবুক পোস্টে প্রীতম দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রীতির ভূমিকা ছিল অগ্রণী।

তিনি বলেন যে, ভয়ভীতি বা ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে কোনো প্রতিবাদী কণ্ঠকে থামানো যাবে না। এই ছাত্রদল নেতা জানান, প্রীতি চৌধুরীসহ সকল ছাত্রীর মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীন মতপ্রকাশের অধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধ থাকবেন।

এরপর রাজশাহী কলেজ ছাত্রদলের একাধিক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী সোশ্যাল মিডিয়ায় প্রীতির সমর্থনে সক্রিয়ভাবে উপস্থিত হন। তারা সাইবার বুলিং এবং ব্যক্তিগত আক্রমণের নিন্দা জানিয়ে শিক্ষার্থীদের স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার দাবি তুলেছেন।

রাজশাহী কলেজের শিক্ষার্থীদের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ব্যক্তিগত আক্রমণ, সোশ্যাল মিডিয়ায় অভিযোগ-পাল্টা অভিযোগ এবং রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা নিয়ে ক্যাম্পাসে নতুন করে আলোচনার সূচনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনে নৌকা ডুবে গাছের ডাল ধরে ঝুলছিলেন ৬ পর্যটক, পরে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০১:৩৯ পি.এম


সুন্দরবনে নৌকা ডুবে গাছের ডাল ধরে ঝুলছিলেন ৬ পর্যটক, পরে উদ্ধার

সুন্দরবন ভ্রমণ শেষে ফেরার পথে নৌকাটি ডুবে গেলে নদীতে ভেসে থাকা এবং গাছের ডাল ধরে ঝুলে থাকা ৯ পর্যটককে উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে খুলনার কয়রা উপজেলার শিঙেরটেক সংলগ্ন রাই নদীতে এ ঘটনা ঘটে।

৯৯৯ নম্বরে খবর পেয়ে আংটিহারা নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সুন্দরবনের শিঙেরটেক এলাকায় ভ্রমণ শেষে পর্যটকবাহী কাঠের ইঞ্জিনচালিত একটি বোট রাই নদী দিয়ে ফিরছিল। ফেরার পথে তাদের নৌকাটি একটি ডুবন্ত মরা গাছের ওপর উঠলে পানিতে ডুবে যেতে শুরু করে। এর ফলে নৌকায় থাকা পর্যটকরা বিপাকে পড়েন।

এ সময় কয়েকজন সাঁতরে নদীর কিনারে ওঠার চেষ্টা করেন। অন্যরা নৌকা ও গাছের ডাল ধরে পানিতে অবস্থান সময় পার করেন। পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে বিষয়টি জানে আংটিহারা নৌ পুলিশ।

খবর পেয়ে এসআই দিদারুল আলমের নেতৃত্বে নৌ পুলিশের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে তারা তিনজনকে নৌকা ধরে এবং ছয়জনকে পানিতে ভাসমান অবস্থায় গাছের ডাল ধরে দেখতে পান। এরপর দ্রুত অভিযান চালিয়ে নয়জনকেই উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সবাইকে টহল নৌকায় তুলে নিরাপদে আংটিহারা নৌ পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, নৌকার মাঝি কিসমত আলী (৪৮), নাঈম হোসেন (২২), রাকিবুল ইসলাম (১৮), মো. আশিক (২৫), মো. পলাশ হোসেন (২৩), মো. শাহিন (২৫), ইমামুল হোসেন (২৫), মো. গালিব (২৫) ও মো. আব্দুল্লাহ (২২)।

অভিযানে এসআই দিদারুল আলমের সঙ্গে ছিলেন এএসআই মো. সাদ্দাম হোসেন, আবুল কালাম আজাদ এবং হৃদয় তালুকদার।

আংটিহারা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুখ হোসেন বলেন, ডিউটির সময় ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে তারা জানতে পারেন, কয়রার শিঙেরটেক এলাকায় রাই নদীর মাঝখানে পর্যটকসহ একটি কাঠের ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তারা।

তিনি আরো বলেন, উদ্ধারকারী দল গিয়ে তিনজনকে নৌকা ধরে এবং ছয়জনকে গাছের ডাল ধরে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে সবাইকে নদী থেকে উদ্ধার করে টহল নৌকায় তুলে ফাঁড়িতে নিয়ে আসা হয়।

এই ঘটনার পর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%