বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং
০৭:২৯ এম
ফাইনালে ওঠার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়ার পর শেষ মুহূর্তে দুর্দান্ত ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ৮৫ মিনিটে, মেসির পাস পেয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁকানো একটি শটে জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করেন এনজো ফার্নান্দেজ। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে, ডান প্রান্তে জেড স্পেন্সকে কাটিয়ে মেসি একটি নিখুঁত ক্রস তুলে ধরেন।
দূরের পোস্টে অরক্ষিত অবস্থায় থাকা লাওতারো মার্তিনেজ হেড দিয়ে বল জালে জড়িয়ে ইংল্যান্ডের হৃদয় ভেঙে দেন। অবিশ্বাস্য প্রত্যাবর্তনের এই গল্প লেখার পরে আলবিসেলেস্তে ফুটবলাররা দর্শকদের সামনে উল্লাসে মেতে ওঠেন। এ সময় তারা একটি ব্যানার প্রদর্শন করেন, যাতে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর তাদের মালিকানার দাবি স্পষ্টভাবে তুলে ধরা হয়।
এভাবে তারা দ্বীপপুঞ্জটির ওপর আর্জেন্টিনার সেই ঐতিহাসিক সার্বভৌমত্বের দাবিটি আবারও বিশ্বের সামনে তুলে ধরেন, যা ১৯৮২ সালে দুই দেশের মধ্যে এক সশস্ত্র যুদ্ধের মূল কারণ ছিল। আর্জেন্টিনা বারবারই ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর নিজেদের সার্বভৌমত্বের দাবি জানিয়ে আসছে; দ্বীপপুঞ্জটি ব্রিটেন থেকে প্রায় ৮,০০০ মাইল এবং আর্জেন্টিনার মূল ভূখণ্ড থেকে ৩০০ মাইল দূরে অবস্থিত।
তবে রাজনৈতিক স্লোগান কিংবা প্রতীক প্রদর্শনের কারণে আর্জেন্টিনার ফুটবলাররা শাস্তির মুখে পড়তে পারেন। ফিফার স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী, স্টেডিয়ামের ভিতরে “রাজনৈতিক, আপত্তিকর অথবা বৈষম্যমূলক প্রকৃতির ব্যানার, পতাকা, লিফলেট, পোশাক ও অন্যান্য সামগ্রী” বহন করা অথবা প্রদর্শন নিষিদ্ধ। যেকোনো ধরনের লঙ্ঘনের জন্য সংশ্লিষ্ট খেলোয়াড় অথবা দলের বিরুদ্ধে টুর্নামেন্ট আয়োজক কর্তৃপক্ষ জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন অথবা ফিফা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।
এর পূর্বে, ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে খেলোয়াড়রা একই বার্তা সম্বলিত ব্যানার প্রদর্শন করায় ফিফা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০,০০০ পাউন্ড জরিমানা করেছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রযুক্তি বিশ্বে একটি নতুন অধ্যায় শুরু হলো আইনি লড়াইয়ের মাধ্যমে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের অপব্যবহার ঠেকাতে প্রথমবারের মতো কোনো এআই কোম্পানি নিজের একটি ব্যবহারকারীর বিরুদ্ধে মামলা করেছে।
এ বিষয়ে অভিযোগ দায়ের করেছে ইলন মাস্কের এক্সএআই (xAI)। গ্রাহক টেরি হারউডের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে, যিনি পরিষেবার শর্ত ভঙ্গের জন্য এবং সুরক্ষাব্যবস্থা অতিক্রম করে আপত্তিকর কনটেন্ট তৈরির অভিযোগের সম্মুখীন হয়েছেন।
গত মঙ্গলবার, ১৪ জুলাই, যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি ফেডারেল আদালতে হারউডের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়, যিনি দক্ষিণ ক্যারোলাইনার বাসিন্দা। অভিযোগের মধ্যে ১২ পৃষ্ঠায় বলা হয়েছে যে অভিযুক্ত হারউড ভুয়া পরিচয় ব্যবহার করে এক্সএআইয়ের চ্যাটবট গ্রোকের মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট খুলেছিলেন।
হারউড গ্রোকের সুরক্ষা ব্যবস্থা এড়ানোর জন্য এমন সব প্রম্পট প্রদান করেছিলেন, যা সিস্টেমের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে যাওয়ার জন্য সহায়ক ছিল। তিনি সাধারণ কিছু ছবি আপলোড করে সেগুলোকে বিকৃত বা যৌন উত্তেজক ছবিতে রূপান্তরের চেষ্টা করেছেন।
মামলার আরও বিবরণে দেখা যায় যে, হারউড ছবিগুলোকে যৌন আবেদনময়ী করার জন্য গ্রোককে নির্দেশ পাঠাচ্ছেন। কিন্তু, গ্রোক সুরক্ষাবিধি লঙ্ঘনের কারণে সেই চেষ্টা বাতিল করছিল। হারউড মডারেশন প্রচেষ্টাকে পাশ কাটাতে বার বার প্রম্পট পরিবর্তন করে তা করতে বাধ্য করার চেষ্টা চালিয়েছিলেন।
এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে এক্সএআই আদালতের কাছে হারউডের বিরুদ্ধে আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছে এবং একই সঙ্গে তাকে প্ল্যাটফর্ম থেকে স্থায়ী নিষেধাজ্ঞার আদেশও চেয়েছে।
বিশ্বব্যাপী তীব্র সমালোচনা ও আইনি কড়াকড়ির মুখে এক্সএআই মামলাটি দায়ের করেছে। এর আগে প্ল্যাটফর্মটিতে আপত্তিকর ও যৌন উত্তেজক বিষয়বস্তু তৈরির সুযোগ থাকার বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। গ্রোক ইউরোপীয় নিয়ন্ত্রকদের রোষানলে পড়েছে এবং মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতে নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে।
যদিও চলতি বছরের জানুয়ারিতে সামাজিকমাধ্যম এক্স-এ একটি পোস্টে ইলন মাস্ক গ্রোকের মাধ্যমে শিশুদের কোনো ধরনের যৌনতাপূর্ণ বা নগ্ন ছবি তৈরির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করছে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনটির শুরুতেই তা জানা যেতে পারে।
সকাল ১১টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন এমপি। এসময় দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সকাল ১০টায় কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর পরিদর্শন ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে চট্টগ্রামে গিয়ে মুরাদপুরে শহীদ ওয়াসিমের স্মৃতিফলক ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেল আড়াইটায় কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।
বিকেল সাড়ে ৫টায় বায়তুল মোকাররমের উত্তর চত্বরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদসহ সব শহীদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করবে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।
সকাল সাড়ে ১১টায় রাজধানীর বিএমএ ভবনে ‘এআই-চালিত স্বাস্থ্য অপারেটিং সিস্টেম’ বিষয়ক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের (এইচইইউ) উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চলতি মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৫৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এই হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে দেশে ১১ কোটি ০১ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
এতে উল্লেখ করা হয়, চলতি জুলাই মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৫৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে যা এসেছিল ১২৬ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ, বছর ভিত্তিতে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
এছাড়া, গত জুন মাসে দেশে মোট ২৮১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ৫১ লাখ ডলার। অন্যদিকে, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স।
গত মে মাসে দেশে এসেছে মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। গত এপ্রিলে দেশে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার এবং মার্চে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।
এছাড়াও, গত অক্টোবর ও সেপ্টেম্বর মাসে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
এদিকে, গত ২০২৫-২৬ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ বা ৩৫.৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আর্জেন্টিনা যখন বিশ্বকাপের ফাইনালে পৌঁছায়, তখন সামাজিক মাধ্যমে মন্তব্য করতে শুরু করেন স্পেনের কিংবদন্তি গোলকিপার ইকার ক্যাসিয়াস। ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে লিওনেল মেসির দল ফাইনালে পৌঁছানোর পর তিনি একের পর এক মন্তব্যে স্পেনের প্রতি তাঁর সমর্থন প্রকাশ করেছেন এবং আর্জেন্টিনাকে খোঁচাঝাড় করেছেন।
ম্যাচ চলাকালে ক্যাসিয়াস ইংল্যান্ডের কোচ টমাস টুখেলের কৌশল নিয়েও প্রশ্ন তোলে। তিনি বলেন, ইংল্যান্ড অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যাওয়ার পর রক্ষণাত্মক ফুটবল খেলায় যায়, যা তাঁকে অসন্তোষ দান করে। তার মতে, গোলের পর অতিরিক্ত রক্ষণের দিকে যাওয়া ছিল ইংল্যান্ডের সবচেয়ে বড় ভুল। এর ফলে আর্জেন্টিনা ম্যাচে নিয়ন্ত্রণ ফিরে পেয়ে একের পর এক আক্রমণের সুযোগ তৈরি করে।
ম্যাচ শেষে ক্যাসিয়াস জানান, ইংল্যান্ড মূলত নিজেদের কৌশলগত ভুলের কারণেই ম্যাচ হারিয়েছে। তিনি বলেন, প্রায় আধঘণ্টা ধরে ইংল্যান্ড আর্জেন্টিনাকে খেলায় আধিপত্য বিস্তারের সুযোগ দিয়েছে, যা এমন গুরুত্বপূর্ণ ম্যাচে গ্রহণযোগ্য নয়, বলেও মন্তব্য করেন ২০১০ বিশ্বকাপজয়ী এই গোলকিপার।
তবে ক্যাসিয়াসের পরবর্তী বার্তাগুলো সবচেয়ে বেশি আলোচনায় আসে। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, আর্জেন্টিনা চতুর্থ বিশ্বকাপ জিততে পারবে না। বরং স্পেনই নিজেদের দ্বিতীয় শিরোপা জয়ের পথে রয়েছে। তিনি স্প্যানিশ দলকেও উৎসাহিত করেন।
আটলান্টার সেমিফাইনালে আর্জেন্টিনা শুরুতে পিছিয়ে পড়লেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে। এনজো ফার্নান্দেজ সমতা ফেরানোর পর লিওনেল মেসির নিখুঁত ক্রস থেকে জয়সূচক হেডে গোল করেন লাউতারো মার্টিনেজ।
এবারের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে। ১৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠেয় সেই লড়াইয়ে স্পেনের দ্বিতীয় শিরোপার স্বপ্ন ও মেসিদের চতুর্থ তারকা জয়ের লক্ষ্য থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ