০২:১০ পি.এম
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ‘নাট্যচক্র গ্রুপ থিয়েটার’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করেন উল্লাপাড়া বিজ্ঞান কলেজের প্রিন্সিপাল রোটারিয়ান মো. আব্দুস সাত্তার।
নাট্যচক্রের সভাপতি আব্দুল আলীম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান মুরাদ। উদ্বোধনী বক্তব্যে অতিথিরা উল্লেখ করেন, "দীর্ঘ ২৫ বছর ধরে জেলা শহরে নাট্যচর্চার ধারাবাহিকতা বজায় রাখা একটি প্রশংসনীয় উদ্যোগ।" তারা আরও বলেন, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে নিয়মিত নাট্যচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর উপলক্ষে খানজাহান আলী মাজার পরিদর্শন জেলা প্রশাসকের
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মমিন বাবু, নাট্য ফেডারেশন সিরাজগঞ্জের সভাপতি গোলজার হোসেন এবং স্থানীয় বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে সিরাজগঞ্জের কৃতি নাট্যকার, গীতিকার ও অভিনেতা নূর মোহাম্মদকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। আলোচনা পর্ব শেষে সমসাময়িক সামাজিক অনিয়ম ও দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলে ব্যঙ্গাত্মক নাটক ‘চোর সমাচার’ মঞ্চস্থ হয়। নাটকটি উপভোগ করেন মিলনায়তনে উপস্থিত বিপুলসংখ্যক দর্শক।
উল্লেখ্য, ২০০১ সালে প্রতিষ্ঠিত নাট্যচক্র দীর্ঘকাল ধরে মঞ্চনাটক, পথনাটক ও সাংস্কৃতিক প্রশিক্ষণের মাধ্যমে জেলার সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। উৎসবের দ্বিতীয় ও শেষ দিন আজ শনিবার আলোচনা সভা, আবৃত্তি, নৃত্য এবং নাট্যচক্রের পরিবেশনায় নাটক ‘কানামাছি খেলা’ মঞ্চস্থ হবে।
আরও পড়ুন: যশোরে নিষিদ্ধ আ. লীগের ৪১ নেতাকর্মী কারাগারে পাঠানো হয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন