১১:০২ এম
মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শনিবার (২৫ জুলাই) বিকেলে মালেতে পৌঁছান ড. খলিলুর রহমান, মালদ্বীপ প্রজাতন্ত্রের ৬১তম স্বাধীনতা বার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
মালেতে পৌঁছানোর কিছুক্ষণ পরেই পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রেসিডেন্ট কার্যালয়ে উপস্থিত হয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
আরও পড়ুন: ইসরাইল নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা অধরাই
বৈঠকে ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিক শুভেচ্ছা মালদ্বীপের প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেন এবং গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তাকে ধন্যবাদ জানান। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে তার প্রার্থিতাকে সমর্থন দেয়ায় প্রেসিডেন্ট মুইজ্জুর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ড. খলিলুর রহমান বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার হলো ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখা।
মোহাম্মদ মুইজ্জু এবং ড. খলিলুর রহমান বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং উভয় দেশের পারস্পরিক স্বার্থে বাস্তবভিত্তিক সহযোগিতার মাধ্যমে সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা সাম্প্রতিক আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সার্ককে পুনরুজ্জীবিত করার গুরুত্বের ওপর জোর দেন।
পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি শ্রমিক ও পেশাজীবীর কর্মসংস্থানে সন্তোষ প্রকাশ করেন। প্রেসিডেন্ট মুইজ্জু মালদ্বীপের অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।
আরও পড়ুন: ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে, লিকুদ পার্টি এগিয়ে
বৈঠকে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম, স্বরাষ্ট্র নিরাপত্তাবিষয়ক মন্ত্রী আলী ইহুসান এবং মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নজমুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু বাংলাদেশের সফররত পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে এক হাই-টি অনুষ্ঠানের আয়োজন করেন। এতে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ লতীফ, মন্ত্রিসভার সদস্য এবং দেশটির সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদমের আয়োজিত এক কূটনৈতিক সংযোগ অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি মালদ্বীপে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং দেশটির জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে মতবিনিময় করেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন