ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানে মিলল বিশাল অজগর


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানে মিলল বিশাল অজগর

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুরভুরিয়া চা বাগান থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের দ্বারা। পরে উদ্ধার করা সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর আড়াইটার সময় উপজেলার ভানুগাছ সড়কের ফিনলে টি কোম্পানির ভুরভুরিয়া চা বাগানের ৯ নম্বর সেকশন থেকে অজগরটি উদ্ধার হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই চা বাগানের ৯ নম্বর সেকশনে নিয়মিত চা পাতা তুলছিলেন শ্রমিকরা। আচমকা তারা একটি অজগর সাপ দেখতে পান এবং আতঙ্কিত হয়ে পড়েন। ফলে তারা কাজ বন্ধ করে নিরাপদ স্থানে চলে যান।

আরও পড়ুন: রাবিতে ডেঙ্গু সচেতনতায় হাল্ট প্রাইজের নতুন কর্মসূচি

এ ঘটনার পর বাগানের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান এ বিষয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ঘটনাস্থলে এসে অজগরটিকে উদ্ধার করেন এবং এটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার করা অজগরটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে। বর্তমানে এটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যান অথবা অন্য কোনো সংরক্ষিত গভীর বনাঞ্চলে অবমুক্ত করার প্রক্রিয়া চলছে। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, বর্ষাকালে খাবারের সন্ধানে কিংবা নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেক সময় অজগর চা বাগানের ঝোপঝাড়ে চলে আসে। এ ধরনের পরিস্থিতিতে শ্রমিকদের আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগ বা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেওয়ার পরামর্শ দেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এখন সুখবর পেলেন মিশরের প্রধান কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


এখন সুখবর পেলেন মিশরের প্রধান কোচ

আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক লড়াই এবং এবারের বিশ্বকাপে মিশরের অসাধারণ পারফরম্যান্সের জন্য পুরস্কার হিসেবে দলটির প্রধান কোচ হোসাম হাসানের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ সাল পর্যন্ত ফারাওদের ডাগআউটে অভিজ্ঞ এই কোচকে দেখা যাবে।

বুধবার (৮ জুলাই) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে মিশরের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। ইএফএ সভাপতি হ্যানি আবু রিদা এ ব্যাপারে জানান, অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদ প্রধান কোচ হোসাম হাসান এবং দলের পরিচালক ইব্রাহিম হাসানের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তটিকে সানন্দে অনুমোদন দিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, নতুন চুক্তির আওতায় আগামী চার বছর মিশর জাতীয় দলের দায়িত্বে থাকবেন হোসাম হাসান। এবারের বিশ্বকাপে কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই তিনি দলটির কোচের দায়িত্ব পালন করেছেন। তার আগের চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হওয়ার পর বিশ্বকাপের আগে পুনরায় চুক্তি নবায়ন করেনি ফেডারেশন।

২০১৯ সালে মিশরের প্রধান কোচের দায়িত্ব গ্রহণের পর ৫৯ বছর বয়সী হোসাম হাসান দলের পারফরম্যান্সে বিশাল পরিবর্তন আনেন। তার অধীনে মিশর ২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠতে সক্ষম হয়। এবারের বিশ্বকাপে এসে হোসাম হাসানের নেতৃত্বে ফারাওরা আরও বড় সাফল্যের দেখা পায়। তারা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার জয় অর্জন করে এবং প্রথমবার নকআউট পর্বে যাওয়ার কৃতিত্ব অর্জন করে।

গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে মিশর বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পায়। এরপর বেলজিয়াম ও ইরানের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে অসাধারণ লড়াই করে ড্র করে তারা। এর ফলে গ্রুপ রানার্সআপ হিসেবে তারা নকআউট পর্বে জায়গা করে নেয়। শেষ বত্রিশের লড়াইয়ে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারের মাধ্যমে হারিয়ে কোয়ার্টার ফাইনালের স্বপ্নকে উজ্জ্বল করে তোলে মিশর। এরপর শেষ ষোলোর ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে হোসাম হাসানের কৌশল সকলের দৃষ্টি আকর্ষণ করে। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে তাদের।

মিশরের সফলতার পেছনে হোসাম হাসানের বড় ভূমিকা রয়েছে। ২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর তিনি দলের মধ্যে নতুন আত্মবিশ্বাস সৃষ্টি করেন এবং আন্তর্জাতিক মঞ্চে মিশরকে প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে আসেন। কোচ হওয়ার পূর্বে হোসাম হাসান ছিলেন মিশরীয় ফুটবলের অন্যতম বড় তারকা। খেলোয়াড়ি জীবনে তিনি ১৭৭টি আন্তর্জাতিক ম্যাচে ৬৯ গোল করেন। বর্তমানে তিনি মিশরের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে ধরে রেখেছেন। খেলোয়াড় ও কোচ উভয় ভূমিকায় মিশরের ফুটবলে অবদান রাখা হোসাম হাসানকে সেই সাফল্যের স্বীকৃতি হিসেবেই দীর্ঘমেয়াদে দায়িত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবল অ্যাসোসিয়েশন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিকা সংকটে লালপুরে লাম্পি রোগে ৩৬ গরুর মৃত্যু, আক্রান্ত ২০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


টিকা সংকটে লালপুরে লাম্পি রোগে ৩৬ গরুর মৃত্যু, আক্রান্ত ২০ হাজার

নাটোরের লালপুর উপজেলায় লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) বর্তমানে এক নীরব মহামারিতে রূপ নিয়ে রয়েছে। সরকারি হাসপাতালের টিকার তীব্র সংকট, যথাযথ চিকিৎসার অভাব এবং দ্রুত সংক্রমণের কারণে কৃষকরা প্রতিদিনই গরু হারাচ্ছেন।

উপজেলায় প্রায় ২০ হাজার গরু এই রোগে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে ৩৬ টি গরুর মৃত্যুর ঘটনা ঘটেছে। অনেক ক্ষুদ্র খামারি পথে বসার উপক্রম হয়েছে, কারণ একদিকে গরুর মৃত্যু আর অন্যদিকে ঋণের বোঝা।

বিলমাড়িয়া ইউনিয়নের নওসারা সুলতানপুর গ্রামের ছোট খামারী হাবিল উদ্দিনের ছেলে মো. ফিরোজ আলীর কাহিনী এই সংকটের একটি দৃষ্টান্ত। তার খামারে ছিলো ৫টি গরু, তবে এই রোগের কারণে তাকে অর্ধেক দামে বিক্রি করতে হয়েছে। পরে আবার ৩ টি গরু কিনলেও, তার মধ্যে একটি গরুর ৩ মাসের বাচুর লাম্পি রোগে আক্রান্ত হয়েছে।

ফিরোজ আলী বলেন, প্রায় ২০ থেকে ২৫ দিন হলো আক্রান্ত গরু পড়ে আছে। তারা উপজেলা প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করলেও কোন প্রতিকার মেলেনি। তবে ঝাড়ফু ও হোমিও ট্রিটমেন্ট নিয়ে চিকিৎসা করছেন। নিজের টাকা খরচ করে আরও দুইটি গরুর ল্যাম্পি রোগের টিকা দিয়েছেন। সরকারের সময়মতো টিকা দেওয়া হলে কৃষকের এই ক্ষতি হতো না।

গত বুধবার (৮ জুলাই) সরেজমিনে পদ্মা তীরবর্তী বিলমাড়িয়া ইউনিয়নে প্রবেশ করলে দেখা যায়, এখানে প্রথম সংক্রমণ শুরু হয়েছে এবং বিল্লাল আলী নামের এক কৃষকের ২টি গরুর মৃত্যু হয়। গত এক মাসে মহরাজপুর, নাশোষা, নওশারা ও সুলতানপুরসহ আশপাশের গ্রামগুলোতে রোগটি দ্রুত ছড়িয়ে পড়েছে।

স্থানীয় পশু পল্লী চিকিৎসক মোসলেম উদ্দিন জানান, শুধু বিলমাড়িয়া ইউনিয়নেই গত এক মাসে ৪৫ থেকে ৫০ টি গরু মারা গেছে এবং প্রায় সাড়ে ৩ হাজার গরু আক্রান্ত হয়েছে। যদিও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, মে মাস থেকে ৩৬ গরুর মৃত্যুর কথা বলা হয়েছে, স্থানীয়রা বলছেন প্রকৃত সংখ্যা আরও বেশি।

নওসারা সুলতানপুর গ্রামের মো. নুর নবী ঘোষ জানান, তার খামারের ৬টি গরু ইতোমধ্যে মারা গেছে এবং এখনো ৩টি আক্রান্ত। পশু হাসপাতালে গিয়েও কোনো সহযোগিতা পাননি তিনি। একই গ্রামের মো. টুটুল ইসলামের ২টি গরু আক্রান্ত অবস্থায় রয়েছে। বারবার পশু হাসপাতালে যোগাযোগ করেও কোনো কার্যকর ব্যবস্থা পাননি বলে অভিযোগ করেন। এই সংকটের মধ্যে মো. ফিরোজ আলী ও শাহানাজ পারভীনও রয়েছেন।

পানসিপাড়া গ্রামের দিনমজুর কামরুল ইসলামের একটি গরু ১০ দিন ধরে আক্রান্ত। তিনি হোমিও চিকিৎসা, ধূপ ও নিমপাতা ব্যবহার করে চিকিৎসার চেষ্টা করছেন। ফতেপুর গ্রামের জোসনার গরুটি ১০ দিন ধরে আক্রান্ত, কিন্তু কোনও আধুনিক চিকিৎসা না পাওয়ায় ঘরোয়া উপায়ে চিকিৎসা চালাচ্ছেন।

বিজলী নামের এক নারীও একইভাবে ক্ষতির শিকার হয়েছেন, তার গরুও দীর্ঘদিন ধরে আক্রান্ত, কিন্তু সঠিক চিকিৎসা ছাড়া অবস্থার অবনতি হচ্ছে। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২১ সালে লালপুরে প্রথম এই রোগ সংক্রমণ ঘটে।

লালপুর উপজেলায় মোট ১ লাখ ৫৩ হাজার ৪২২টি গরুর মধ্যে প্রায় ২০ হাজার গরু ইতোমধ্যে আক্রান্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিলমাড়িয়া ইউনিয়ন, যেখানে প্রায় সাড়ে ৩ হাজার গরু আক্রান্ত। উদ্বেগজনক বিষয় হলো, চলতি ২০২৫-২৬ অর্থবছরে মাত্র ৩৫০ ডোজ টিকা বরাদ্দ পাওয়া গেছে, ফলে টিকাদান কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে, যেখানে অন্তত ৫০ হাজার ডোজ টিকার প্রয়োজন ছিল।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ বলেন, ‘জনবল সংকটের কারণে কিছু তথ্যের গরমিল থাকতে পারে। আমরা প্রকৃত তথ্য যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।’ তিনি আরও জানান, নতুনভাবে জুলাই মাসের জন্য ২৫ হাজার ডোজ টিকার চাহিদা পাঠানো হলেও এখনও সরবরাহ আসেনি।

এদিকে ভেটেনারি সার্জন ডা. শুভ কুমার দাস খামারিদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আক্রান্ত পশুকে আলাদা রাখা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

টিকার অভাব, চিকিৎসার সংকট এবং দ্রুত সংক্রমণের কারণে লালপুরের খামারিরা চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। সরকারি হস্তক্ষেপ ও পর্যাপ্ত টিকা সরবরাহের অভাবে এই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক এমপি নূর মোহাম্মদ কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


সাবেক এমপি নূর মোহাম্মদ কারাগারে

জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে বকশীগঞ্জের একটি নাশকতার মামলায় গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আদালত কর্তৃক জামিন আবেদনের শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জামালপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে নূর মোহাম্মদকে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তানজিনা আক্তার এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক এমপি নূর মোহাম্মদকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। এদিকে জামিন আবেদনের শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৭ জুন রাতে রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকার তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। উল্লেখ্য, ২০২৫ সালের ২০ নভেম্বর গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি নাশকতার মামলা করেন। মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির দাফনের আগে নতুন করে হামলা-পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র ও ইরান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


খামেনির দাফনের আগে নতুন করে হামলা-পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র ও ইরান

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির দাফনের প্রস্তুতির মধ্যে বৃহস্পতিবার নতুন করে যুক্তরাষ্ট্র এবং ইরান হামলা-পাল্টা হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কয়েকজন নিহত হয়েছেন। ইরান জানিয়ে দিয়েছে, তারা কুয়েত, বাহরাইন ও কাতারে যুক্তরাষ্ট্রের স্থাপনায় আবারও হামলা শুরু করেছে। হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা থেকে পুনরায় শুরু হওয়া এ সংঘাত পূর্ণমাত্রার যুদ্ধে ফিরে যাওয়ার আশঙ্কা সৃষ্টি করেছে।

টানা দ্বিতীয় দিনের মতো এই দুই প্রতিদ্বন্দ্বী দেশ পরস্পরের ওপর আক্রমণ চালাচ্ছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, দুই দিনের মার্কিন হামলায় ১৪ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন।

বিষয়টি নজরদারির মধ্যে রাখতে গিয়ে ইরান দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আলী খামেনির দাফনের প্রস্তুতি নিচ্ছে। তিনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনেই নিহত হন, তখন তাঁর পরিবারের কয়েকজন ঘনিষ্ঠ সদস্যও ছিলেন।

এদিকে, ছয় দিনব্যাপী শেষকৃত্য কর্মসূচির শেষ দিনে বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় শহর ও তাঁর জন্মস্থান মাশহাদে খামেনিকে দাফন করা হবে। সেখানে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ পাওয়া মোজতবা খামেনির উপস্থিতি সম্পর্কে সবার নজর থাকবে, যিনি জনসমক্ষে একবারও আসেননি।

মাশহাদ থেকে এএফপি জানাচ্ছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে যে মার্কিন হামলায় বেসামরিক অবকাঠামো, যেমন রেলসেতু লক্ষ্যবস্তু করা হয়েছে। এসব হামলাকে তারা ‘যুদ্ধাপরাধ’ বলে আখ্যা দিয়েছে।

এক বিবৃতিতে মার্কিন প্রশাসনকে ‘অমানবিক ও মানসিক বিকারগ্রস্ত’ বলে উল্লেখ করা হয়েছে এবং ‘অশালীনতা, মিথ্যাচার ও সামরিক আগ্রাসনের’ অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার মাধ্যমে জানা যায়, সর্বশেষ হামলায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহভাজ শহরের উপকণ্ঠে তিনজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবারের অভিযানে ইরানের প্রায় ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, যার মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সংরক্ষণাগার।

অন্যদিকে, ইরানের সেনাবাহিনী দাবি করেছে যে তারা ড্রোন ব্যবহার করে কুয়েতে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, কাতারের একটি আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং বাহরাইনের জ্বালানি সংরক্ষণাগারে হামলা চালিয়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে এসব হামলা উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে পরিচালিত অভিযানের অংশ।

এর আগে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কুয়েত এবং বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে। এএফপির এক সংবাদদাতা জানান, বাহরাইনের রাজধানী মানামায় বৃহস্পতিবার সকালে তৃতীয়বারের মতো বিমান হামলার সতর্কসংকেত বাজানোর সময় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কয়েক ঘণ্টা আগে ইরান হামলা চালায়।

আইআরজিসি অভিযোগ করেছে যে খামেনির শেষকৃত্য অনুষ্ঠানকে আড়াল করতেই যুক্তরাষ্ট্র রেলসেতুতে হামলা চালিয়েছে, যার ফলে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তেহরান, কুম এবং ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় পাঁচ দিনব্যাপী শেষকৃত্য কর্মসূচির শেষে খামেনির কফিনবাহী বিমান বৃহস্পতিবার সকালে মাশহাদে পৌঁছায়।

সাড়ে তিন দশকের বেশি সময় ধরে ইরান শাসনকারী খামেনির শেষকৃত্য নতুন নেতৃত্বের ঐক্যের প্রদর্শনের সুযোগ হয়ে উঠেছে। রাজনৈতিক এবং সামরিক নেতৃত্ব একসাথে থাকার বার্তা দিতে চেষ্টা করছে।

তবে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে এখনো জনসমক্ষে দেখা যায়নি। তিনি নিয়োগ পাওয়ার পর থেকে কেবল লিখিত বিবৃতির মাধ্যমে যোগাযোগ করেছেন। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারির বিমান হামলায় তিনিও আহত হয়েছেন।

নিরাপত্তা পরিস্থিতির কারণে খামেনির কফিনবাহী বিমানকে অন্তত একটি যুদ্ধবিমান পাহারা দিয়ে মাশহাদে নিয়ে যায়, বলে সর্বোচ্চ নেতার দপ্তরের প্রকাশিত ভিডিওচিত্রে দেখা গেছে।

বুধবার দিনভর হামলা-পাল্টা হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ হয়ে গেছে’। তবে তিনি আলোচনা করার পথ খোলা রেখেছেন এবং বলেন, যেকোনো সামরিক অভিযান দ্রুত সমাপ্ত হবে।

বিশ্বের গুরুত্বপূর্ণ তেল এবং গ্যাস পরিবহন পথ হরমুজ প্রণালি এখনো বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার আগে আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য উন্মুক্ত থাকলেও, এখন ইরান এ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ স্থাপন নিয়ে জোর দিচ্ছে।

বুধবার রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান কিছুক্ষণ আগে যোগাযোগ করেছে এবং তারা ‘খুবই আগ্রহের সঙ্গে একটি সমঝোতা করতে চায়’। একই সঙ্গে তিনি ইরানিদের ‘কিছুটা উন্মাদ’ বলেও মন্তব্য করেন।

ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বৃহস্পতিবার বলেন, 'হরমুজ প্রণালী কেবল ইরান দ্বারা নির্ধারিত ব্যবস্থাপনার অধীনে খুলে দেয়া হবে।' তিনি এক্সে লেখেন, 'যুক্তরাষ্ট্র এখনো শেখেনি যে ভয়ভীতি প্রদর্শন ও প্রতিশ্রুতি ভঙ্গের পরিণতি আছে। স্পষ্ট করে বলছি—আপনারা হামলা করলে, পাল্টা হামলার মুখে পড়বেন।'

গত কয়েকদিনে ইরান অন্তত তিনটি জাহাজে হামলা চালানোর পর মঙ্গলবার যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

গত মাসে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর সমুদ্রপথে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিল।

তবে ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনস (ইসিএফআর)-এর বিশ্লেষক এলি জেরানমায়ে বলেন, গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) ‘অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে’, কারণ এপ্রিলের যুদ্ধবিরতির পর এটিই দুই পক্ষের মধ্যে সবচেয়ে বড় সামরিক সংঘর্ষ। তার মতে, 'তবুও তেহরান এবং ওয়াশিংটনের সামনে কূটনৈতিক পথ ছাড়া অন্য কোনো কার্যকর বিকল্প নেই, আর সেই পথই এমওইউয়ের মাধ্যমে তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%