০৩:৪৮ পি.এম
মধ্যপ্রাচ্যে চলমান মার্কিন-ইসরাইল ও ইরান যুদ্ধের ভয়াবহ অর্থনৈতিক অভিঘাতের ফলে ইউরোপের অন্যতম সাশ্রয়ী দূরপাল্লার বিমান সংস্থা ‘নর্স আটলান্টিক এয়ারওয়েজ’ সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। হরমুজ প্রণালী সংকটের কারণে বিশ্ববাজারে জেট ফুয়েলের (উড়োজাহাজের জ্বালানি) দাম দ্বিগুণ হয়ে যাওয়ার ফলে চরম তারল্য সংকটে পড়ে শুক্রবার নরওয়েভিত্তিক এই সংস্থাটি তাদের মূল অপারেটিং ইউনিটকে দেউলিয়া ঘোষণা করেছে। একই সাথে, সংস্থাটি তাদের সমস্ত ফ্লাইট বাতিল এবং টিকিট বিক্রি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং রয়টার্সের বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নর্স আটলান্টিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইভিন্দ রোয়াল্ড এই বিপর্যয়ের জন্য সরাসরি জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধিকে দায়ী করেছেন। নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অসহায়ত্ব প্রকাশ করে বলেন, ‘আমরা এ অতিরিক্ত ব্যয়ভার বহন করতে পারিনি... মূলত জ্বালানি খরচই আমাদের কোম্পানিকে ডুবিয়ে দিয়েছে’।
বিমান চলাচল বিশ্লেষক জন স্ট্রিকল্যান্ডের মতে, বিশ্বের বড় এয়ারলাইনগুলো সংকট মোকাবিলায় আগে থেকেই নির্দিষ্ট দামে জ্বালানি কিনে বা মজুত করে রাখে। কিন্তু নর্স আটলান্টিকের এ ধরনের কোনো সুরক্ষা ব্যবস্থা না থাকায় তারা সরাসরি স্পট মার্কেটের আকাশচুম্বী দামের কবলে পড়ে।
আরও পড়ুন: ইরান: যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে
বৃহস্পতিবার সব ফ্লাইট স্থগিত করার পর সংস্থাটির শেয়ারের দাম এক দিনেই ৮৫ শতাংশ পড়ে যায়। এরপর তাদের বহরে থাকা ১২টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজের মালিকানাধীন লিজিং কোম্পানিগুলো চুক্তি বাতিল করে বিমানগুলো ফেরত চায়।
সংস্থাটি তাদের ওয়েবসাইটে এক জরুরি বার্তায় বিদেশে আটকে পড়া যাত্রীসহ সকল গ্রাহককে বিমানবন্দরে না আসার অনুরোধ জানিয়েছে। তাদের কাস্টমার সার্ভিস বিভাগও বন্ধ হয়ে গেছে এবং যাত্রীদের দেউলিয়া প্রক্রিয়ার মাধ্যমে টিকিটের অর্থ ফেরতের দাবি জানাতে বলা হলেও, অর্থ ফেরতের কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি।
করোনা মহামারির পর সবচেয়ে বড় বিমান চলাচল সংকট:
গত ফেব্রুয়ারির শেষে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বব্যাপী জেট ফুয়েলের দাম ব্যারেল প্রতি ৯৬ ডলার থেকে বেড়ে প্রায় ২০০ ডলারে পৌঁছেছে। বিশেষ করে হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় ইউরোপের জ্বালানি সরবরাহের ২৫ থেকে ৩০ শতাংশ বন্ধ হয়ে গেছে।
আরও পড়ুন: নেতানিয়াহু ও আইজেনকোটের বৈঠক, জোট সরকার গঠনের চেষ্টা
বৈশ্বিক ল’ ফার্ম ডিএলএ পাইপারের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে নর্স আটলান্টিক হলো ইউরোপের ১২তম বিমান সংস্থা যারা চরম আর্থিক বিপর্যয়ে পড়েছে। এর আগে চলতি বছরেই যুক্তরাষ্ট্রের বাজেট এয়ারলাইন স্পিরিট এয়ারলাইনস দেউলিয়া হয়ে কার্যক্রম গুটিয়ে নিয়েছে, লাতভিয়ার জাতীয় বিমান সংস্থা এয়ারবাল্টিক চ্যাপ্টার ১১ দেউলিয়া সুরক্ষার অধীনে ৭০০ কর্মী ছাঁটাই ও রুট কমানোর ঘোষণা দিয়েছে এবং স্পেনের প্লাস আল্ট্রা তাদের নির্ধারিত ফ্লাইট বন্ধ করে দিয়েছে এবং ভোলোটিয়া ঋণদাতাদের সাথে জরুরি সমঝোতায় বসেছে। এ ছাড়া লুফথানসা, টার্কিশ এয়ারলাইনস এবং এয়ার চায়নার মতো জায়ান্টরাও বিশ্বজুড়ে লাখ লাখ আসন ও হাজার হাজার ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে।
বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন, হরমুজ প্রণালী সংকট দ্রুত সমাধান না হলে আগামী ২০২৭ সালে বিমান ভাড়া ৩০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে এবং আরও বহু ছোট ও মাঝারি এয়ারলাইন দেউলিয়া হয়ে আকাশপথ থেকে চিরতরে হারিয়ে যাবে।
সূত্র: আল-জাজিরা।
আরও পড়ুন: জিওগ্রাফি অলিম্পিয়াডে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ, মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পাশে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন