০৩:৪৮ পি.এম
ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : ইসরাইলের একটি গুরুত্বপূর্ণ আরব-ইসরাইলি রাজনৈতিক দলের নেতা মনসুর আব্বাস হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছেন। এই অবস্থানটি ইসরাইলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে গঠিতব্য জোটে তার দলের অন্তর্ভুক্তির সম্ভাবনা তৈরি করতে পারে।
বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, নেতানিয়াহুবিরোধী দলগুলোর সমন্বয়ে সরকার গঠনের চেষ্টা করছেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট। নতুন সরকারে কোনো দলকে অন্তর্ভুক্ত করার জন্য হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়াকে পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেছেন তিনি।
মধ্যপন্থী ইসলামপন্থী রা'আম পার্টির প্রধান মনসুর আব্বাস শনিবার সন্ধ্যায় ইসরাইলের চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে একটি বিলের বিষয়ে আলোচনা করেন। ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের হামলার পেছনে নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের উদ্দেশ্যে বিলটি উত্থাপন করা হয়েছিল। আব্বাসের দলও এই বিলের অন্যতম প্রস্তাবক। এতে হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: বিদ্যুৎ সরবরাহের নিরাপত্তা জোরদারে বিপিডিবির কঠোর নির্দেশনা
সাক্ষাৎকারের এক পর্যায়ে উপস্থাপক কম্পিউটারের পর্দায় বিলটির একটি অংশ দেখিয়ে আব্বাসকে সেটি পড়ে শোনাতে বলেন। আব্বাস পড়ে শোনান, ‘সন্ত্রাসী সংগঠনগুলো, যাদের মধ্যে সবার শীর্ষে রয়েছে হামাস।’
এরপর উপস্থাপক জানতে চান, এর অর্থ কী? বিলটিতে স্বাক্ষর করার মাধ্যমে তিনি কী বোঝাতে চেয়েছেন? জবাবে আব্বাস বলেন, ‘এই বিলে হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।’
ইসরাইলের সংবাদমাধ্যমগুলো তার এই বক্তব্যকে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘটনা হিসেবে ব্যাখ্যা করেছে। চ্যানেল ১২ এক প্রতিবেদনে লিখেছে, ‘রা'আম পার্টির চেয়ারম্যান মনসুর আব্বাস প্রথমবারের মতো নিজের মুখে হামাসকে সন্ত্রাসী সংগঠন বলেছেন।’
কেন এত দিন পর তিনি এমন অবস্থান নিলেন, উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে আব্বাস বলেন, ‘এই বিষয়টির সঙ্গে ব্যক্তিগত পর্যায়, ইসরাইলের আরব জনগোষ্ঠী, সামগ্রিকভাবে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সম্পর্ক এবং সংঘাতকে আমরা কীভাবে দেখি—এসবের বিভিন্ন দিক জড়িত।’
আরও পড়ুন: ইরান: যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে
তিনি আরও বলেন, ‘আমরা এটিও নিশ্চিত করতে চাই, রাজনৈতিক প্রতিপক্ষ যেন এই বক্তব্যকে অজুহাত হিসেবে ব্যবহার করে প্রতিটি ফিলিস্তিনি শিশু, নারী এবং পুরো ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করতে না পারে।’
অক্টোবরের নির্বাচনে আরব সংখ্যাগরিষ্ঠ দুটি রাজনৈতিক জোট অভূতপূর্ব সাফল্য অর্জন করে। নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ১২০ আসনের পার্লামেন্টে প্রায় এক-ষষ্ঠাংশ আসন পায় তারা। উভয় দলই এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে নিন্দা জানিয়েছিল।
শনিবার প্রচারিত সাক্ষাৎকারে আব্বাস আইজেনকোটের নেতৃত্বে চলমান সরকার গঠনের আলোচনার প্রতি আবারও সমর্থন জানান। তিনি বলেন, ‘আমরা তার উদ্যোগকে সমর্থন করি।’ রা'আম পার্টি শুরুতেই অথবা পরবর্তী কোনো পর্যায়ে নতুন জোট সরকারে যোগ দিতে পারে বলেও জানান তিনি।
আব্বাস বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু নেতানিয়াহুর সরকারকে সরিয়ে নতুন সরকার গঠন করা নয়। আমাদের লক্ষ্য চার বছরের জন্য একটি স্থিতিশীল সরকার গঠন করা।
আরও পড়ুন: আ. লীগের সন্ত্রাসী কার্যক্রম রুখতে ঐক্যবদ্ধ হতে হবে: নজরুল ইসলাম খান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন