০৪:০৮ পি.এম
রাজবাড়ী জেলায় ২০২৬ সালের সার ডিলার নীতিমালা এবং কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে বিএডিসি সার ডিলারদের জন্য ডিসেম্বর মাসে ইউরিয়া সহ সকল ধরনের সার বরাদ্দ ও উত্তোলনের উপর আরোপিত মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি আয়োজন করে বিএডিসি সার ডিলার অ্যাসোসিয়েশন, রাজবাড়ী জেলা শাখা।
মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক আফরোজা পারভীনের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। মানববন্ধনে বিএডিসি রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা রফিকুল ইসলাম মিন্টু, আব্দুল জলিল মন্ডল, হাজী আঃ মালেক বিশ্বাস, সভাপতি জাহিদুল আমিন ফিরোজ, সিনিয়র সহ-সভাপতি মো. আমিরুল ইসলাম পান্না, সহ-সভাপতি ফারুক হোসেন, মো. আলম, সাধারণ সম্পাদক হুমায়ন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক সোহাগ এবং মহিলা সম্পাদক শামীমা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শেরপুর সীমান্তে অরাজকতা বন্ধে কঠোর পদক্ষেপের আহ্বান মাহমুদুল হক রুবেলের
বক্তারা জানান, কৃষি মন্ত্রণালয়ের নীতিমালার ভিত্তিতে ডিসেম্বর মাসে বিএডিসি সার ডিলারদের জন্য ইউরিয়া ও নন-ইউরিয়াসহ সকল সারের সমবরাদ্দ প্রদানের জন্য স্পষ্ট নির্দেশনা রয়েছে। সেই অনুযায়ী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজবাড়ী থেকে গত ১৯ নভেম্বর (স্মারক নং-১০৪০) ডিলারদের স্থায়ী জামানত, চুক্তিপত্র সম্পাদন ও নিবন্ধন ফি জমাদানের জন্য চিঠি ইস্যু করা হয়। কিন্তু গত ২৩ নভেম্বর (স্মারক নং-১০৫৩) অনিবার্য কারণ দেখিয়ে সেই কার্যক্রম হঠাৎ স্থগিত করা হয় এবং সার উত্তোলনের ওপর মৌখিক নিষেধাজ্ঞা জারি রাখা হয়।
নেতৃবৃন্দ আরও জানান, প্রশাসনের এই আকস্মিক সিদ্ধান্তের ফলে ডিলাররা চরম অনিশ্চয়তা ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। একইসাথে ভরা মৌসুমে কৃষকদের মাঝে সার সরবরাহ ব্যাহত হওয়ার গুরুতর আশঙ্কা তৈরি হয়েছে। তারা দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সার উত্তোলন স্বাভাবিক করার দাবি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন