০৪:০৮ পি.এম
দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিদ্যুৎ সরবরাহব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সতর্ক অবস্থান গ্রহণ করেছে। বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র, নির্মাণাধীন প্রকল্প এবং ভাণ্ডারসহ বোর্ডের আওতাধীন সব স্থাপনায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
সম্প্রতি, বিপিডিবির পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান) বেগ নাসির জাহানের সই করা একটি নির্দেশনায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, স্থাপনাগুলোর প্রবেশপথ থেকে শুরু করে নিয়ন্ত্রণকক্ষ, সুইচইয়ার্ড এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মী ছাড়া অন্য কারও এসব সংরক্ষিত স্থানে প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে। দর্শনার্থীদের পরিচয় যাচাই ও তল্লাশি ছাড়া প্রবেশের অনুমতি দেওয়া যাবে না।
আরও পড়ুন: আ. লীগের সন্ত্রাসী কার্যক্রম রুখতে ঐক্যবদ্ধ হতে হবে: নজরুল ইসলাম খান
বিশেষ করে, গুরুত্বপূর্ণ স্থাপনার মূল নিরাপত্তা এলাকায় বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদিত দর্শনার্থীদের ক্ষেত্রে পরিচয় নিশ্চিত করার পর দর্শনার্থী কার্ড প্রদান এবং দায়িত্বশীল কর্মকর্তার তত্ত্বাবধানে প্রবেশের ব্যবস্থা করতে হবে।
নিরাপত্তা নজরদারির অংশ হিসেবে, স্থাপনাগুলোতে থাকা সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক সচল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ক্যামেরায় ধারণ করা ভিডিও সংরক্ষণের ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। পাশাপাশি, কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে অবস্থান ও যাতায়াতের সময় পরিচয়পত্র দৃশ্যমান রাখতে বলা হয়েছে।
দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে আরও কঠোর নিয়ম অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেক দর্শনার্থীর নাম, ঠিকানা, সাক্ষাতের ব্যক্তি, আগমনের উদ্দেশ্য এবং সংশ্লিষ্ট দপ্তরের অনুমতিসংক্রান্ত তথ্য রেজিস্টারে সংরক্ষণ করতে হবে।
স্থাপনাগুলোর বাইরের নিরাপত্তা জোরদার করার কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রের সীমানাপ্রাচীরের আশপাশের ঝোপঝাড় পরিষ্কার করা, ওয়াচ টাওয়ারে নিরাপত্তাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করা এবং প্রয়োজনীয় নিরাপত্তাবাতি সচল রাখতে হবে। কোনো ব্যক্তি ব্যাগ বা অন্য সামগ্রী নিয়ে প্রবেশ করলে তা যথাযথভাবে তল্লাশি করতে হবে।
আরও পড়ুন: নেতানিয়াহু ও আইজেনকোটের বৈঠক, জোট সরকার গঠনের চেষ্টা
নিরাপত্তা তৎপরতা বাড়াতে, দাপ্তরিক সময়ের পর, বিশেষ করে রাতে টহল জোরদার করতে বলা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পরিদর্শন ও তদারকির তথ্য রেজিস্টারে লিখতে হবে। পরদিন নিয়ন্ত্রণকারী কর্মকর্তার প্রতিস্বাক্ষর নেওয়ার নিয়মও অনুসরণ করতে হবে।
এ ছাড়া, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যুৎ স্থাপনা এলাকায় অপরিচিত ব্যক্তির সন্দেহজনক চলাচল দেখা গেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন