ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দুতার্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আইসিসিতে বিচার শুরু


দুতার্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আইসিসিতে বিচার শুরু

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচার শুরু হতে যাচ্ছে। এশিয়ার প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে এই আদালতে তার বিচার হবে। তার শাসনামলে পরিচালিত কথিত ‘মাদকবিরোধী যুদ্ধে’ হাজার হাজার মানুষের মৃত্যুর অভিযোগ রয়েছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৮১ বছর বয়সী দুতার্তেকে গত বছর ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে গ্রেফতার করে নেদারল্যান্ডসের হেগে নিয়ে যাওয়া হয়। তখন থেকে তিনি আইসিসির হেফাজতে রয়েছেন। বিচার প্রক্রিয়া দীর্ঘ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিদিন চার ঘণ্টা করে শুনানি অনুষ্ঠিত হবে এবং অভিযোগপক্ষ প্রায় ১০০ জন সাক্ষীকে আদালতে হাজির করার পরিকল্পনা করেছে।

২০১৬ সালে অপরাধ দমনে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়ে ফিলিপাইনসের প্রেসিডেন্ট নির্বাচিত হন দুতার্তে। এর আগে তিনি আইনজীবী এবং দাভাও শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। মেয়র থাকাকালে তিনি সন্দেহভাজন অপরাধীদের নিজ হাতে হত্যার দাবি করেছিলেন। এমনকি তিনি মোটরসাইকেলে চড়ে শহরে ঘুরে অপরাধীদের খুঁজে বের করার কথাও বলেছিলেন।

আরও পড়ুন: নেতানিয়াহু ও আইজেনকোটের বৈঠক, জোট সরকার গঠনের চেষ্টা

প্রেসিডেন্ট হওয়ার পর তিনি মাদক ব্যবহারকারীদের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিরোধ গড়ে তোলা এবং তাদের ধরতে উৎসাহিত করেন। তার কঠোর ও সহিংস বক্তব্যের কারণে অনেকে তাকে ‘দ্য পানিশার’ নামে ডাকতেন।

ফিলিপাইনের জাতীয় পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় ৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে স্বাধীন পর্যবেক্ষক ও মানবাধিকার সংগঠনগুলোর দাবি, প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি। নিহতদের অধিকাংশই ছিলেন বস্তি ও দরিদ্র এলাকায় বসবাসকারী পুরুষ।

অভিযানের সময় প্রায় প্রতিদিনই রাস্তায় গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখা যেত। অনেক মরদেহের পাশে হাতে লেখা কার্ডবোর্ডে নিহত ব্যক্তিকে মাদক ব্যবসায়ী বা মাদকসেবী হিসেবে উল্লেখ করা হতো।

বিচারের প্রথম দিন বিচারকেরা যাচাই করবেন, দুতার্তে অভিযোগগুলো বুঝতে সক্ষম কি না। এরপর তাকে জানতে চাওয়া হবে, তিনি দোষ স্বীকার করছেন, নাকি অস্বীকার করছেন। পরে শুরু হবে দুই পক্ষের প্রাথমিক বক্তব্য উপস্থাপন।

আরও পড়ুন: জিওগ্রাফি অলিম্পিয়াডে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ, মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পাশে

চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রাক্-বিচার শুনানিতে উপস্থিত হননি দুতার্তে। সে সময় তিনি নিজেকে ‘বৃদ্ধ, ক্লান্ত ও দুর্বল’ বলে উল্লেখ করেন এবং স্মৃতিশক্তি হারানোর কথাও জানান।

আইসিসির প্রাক্-বিচারিক বিচারকেরা ইতোমধ্যে বলেছেন, বেসামরিক জনগণের বিরুদ্ধে ব্যাপক ও পরিকল্পিত হামলার অংশ হিসেবে হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় দুতার্তের দায় থাকার যথেষ্ট ভিত্তি রয়েছে। আদালত ৪৯টি ঘটনা পর্যালোচনা করবে, যেগুলোতে ৭৬ জন নিহত হয়েছেন।

দুতার্তের আইনজীবী নিকোলাস কাউফম্যান গত ফেব্রুয়ারির শুনানিতে দাবি করেন, সাবেক প্রেসিডেন্টের বক্তব্যে অতিরঞ্জন, দম্ভ ও বাগাড়ম্বর ছিল। তার ভাষার ভিত্তিতে তাকে বিচার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

তবে অভিযোগপক্ষের বক্তব্য, দুতার্তের বক্তব্যগুলো কেবল কথার কথা ছিল না; বাস্তবেও সেগুলো কার্যকর করা হয়েছে। শুনানি শেষে অভিযোগপক্ষের প্রতিনিধি জুলিয়ান নিকোলস বলেন, হাজারো মানুষকে হত্যার প্রতিশ্রুতি দিয়েছিলেন দুতার্তে, আর তা বাস্তবায়নও করেছেন।

আরও পড়ুন: কোস্টারিকায় প্রবেশে বাধা, বিমানবন্দরে দুই রাত কাটালেন জাতিসংঘের বিশেষজ্ঞ ফ্রানচেসকা আলবানিজ

দুতার্তের বিচারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নিহত ব্যক্তিদের স্বজন ও বিভিন্ন মানবাধিকার সংগঠন। তাদের মতে, এই বিচার নিহতদের পরিবারের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ফিলিপাইনের ট্রুথ কমিশনের চেয়ারম্যান রাউল পাঙ্গালাঙ্গান বলেন, একসময় শক্তিশালী নেতা হিসেবে পরিচিত দুতার্তেকে এখন আদালতে অভিযুক্ত হিসেবে দেখা— ফিলিপিনোদের কাছে এই দৃশ্যের তাৎপর্য অনেক।

তিনি বলেন, এই বিচার বিশ্বকে জানিয়ে দেবে, কোনো নেতা যত ক্ষমতাধরই হোন না কেন, আইনের ঊর্ধ্বে নন। তবে হেগের আদালতে হাজারো ঘটনার সামান্য অংশের বিচার হবে। ফিলিপাইনের বহু পরিবার এখনো জানতে পারেনি, তাদের স্বজনেরা কীভাবে মারা গেছেন এবং হত্যাকারীদের জবাবদিহির আওতায় আনা হবে কি না।

অতীতে আইসিসির কোনো মামলায় রায় দিতে এক বছরেরও বেশি সময় লেগেছে। দুতার্তের ক্ষেত্রেও বিচার শেষ হতে দীর্ঘ সময় লাগতে পারে। রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগও থাকবে তার।

আরও পড়ুন: ইরান যুদ্ধের কারণে দেউলিয়া হয়ে সব ফ্লাইট বন্ধ করল নরওয়েজিয়ান এয়ারলাইন নর্স আটলান্টিক

এদিকে দুতার্তে ছাড়াও ফিলিপাইনের আরেক সাবেক পুলিশপ্রধান রোনাল্ড দেলা রোসাকে খুঁজছে আইসিসি। দুতার্তের মাদকবিরোধী অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী ছিলেন তিনি।

চলতি বছরের মে মাসে আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে সরকারি কর্মকর্তারা দেশটির সিনেট ভবনে তাকে ধরতে গেলে সেখানে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। কয়েক ঘণ্টা ধরে সিনেট ভবনের ভেতরে অবস্থান করেন দেলা রোসা। এ সময় কর্তৃপক্ষের সঙ্গে তার পক্ষের লোকজনের উত্তেজনা ও গোলাগুলির ঘটনাও ঘটে। পরে কঠোর নিরাপত্তার মধ্যে থাকা ভবনটি থেকে তিনি নিখোঁজ হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মা সেতু অবরোধে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, যুবলীগকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


পদ্মা সেতু অবরোধে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, যুবলীগকর্মী নিহত

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ফলে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আরও দুজন। সংঘর্ষের পর বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং রেস্টুরেন্ট ও খাবার হোটেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই সময় দফায় দফায় ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

রোববার (২৯ নভেম্বর) ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ও বিকেনগর এলাকায় এসব ঘটনা ঘটে। অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে প্রায় দেড় ঘণ্টা এবং পদ্মা সেতু দিয়ে যান চলাচল প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকে। এক যুবলীগকর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহতের নাম ইব্রাহিম সিপাহী, তিনি সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন যুবলীগের কর্মী।

স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে ভোর সাড়ে ৫টার দিকে জাজিরার বিকেনগর এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী মিছিল নিয়ে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। পরে তারা এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় বিএনপির নেতাকর্মীরাও সেখানে অবস্থান করছিলেন।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করার চেষ্টা করলে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে দফায় দফায় ককটেল বিস্ফোরণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।

এরপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় বিএনপির নেতাকর্মীদের ব্যবহৃত মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। বিভিন্ন সূত্রে অন্তত অর্ধশতাধিক মোটরসাইকেল পোড়ানোর তথ্য পাওয়া গেছে। পরে নাওডোবা গোলচত্বরে অবস্থিত ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও একটি খাবার হোটেলেও আগুন দেওয়া হয়।

সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং দুজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ।

শরীয়তপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আকরাম এলাহী বলেন, সকালে পদ্মা সেতু এলাকায় সংঘর্ষের ঘটনায় একজনকে হাসপাতালে আনা হয়েছে। তবে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।

ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে বিপুলসংখ্যক মানুষকে দেশীয় অস্ত্র হাতে সড়কে অবস্থান করতে দেখা যায়। পাশাপাশি একের পর এক ককটেল বিস্ফোরণ এবং বিভিন্ন স্থানে আগুনের দৃশ্যও দেখা গেছে।

এদিকে অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকেরা। পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অবরোধ চলাকালে মাইকে ঘোষণা দিয়ে থানা ও টোল প্লাজায় হামলা বা ভাঙচুর না করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়ার ঘটনাও সামনে এসেছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, আমরা খবর পেয়েছিলাম, কেউ পদ্মা সেতুতে যান চলাচলে বিঘ্ন ঘটাতে পারে। সেই পরিপ্রেক্ষিতে সারা রাত দায়িত্ব পালন করেছি। আমাদের পর্যাপ্ত ফোর্স ছিল। তবে সকালের দিকে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। আমরা কোনো ধরনের প্রাণহানি না ঘটিয়ে তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় ফুল ডিস্ট্যান্স ‘আয়রনম্যান’ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করলেন সজীব

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


মালয়েশিয়ায় ফুল ডিস্ট্যান্স ‘আয়রনম্যান’ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করলেন সজীব

বাংলাদেশি ট্রায়াথলেট মো. সজীব গত ২১ নভেম্বর মালয়েশিয়ার লাংকাউইয়ে ফুল ডিস্ট্যান্স আয়রনম্যান মালয়েশিয়া (IRONMAN Malaysia) সফলভাবে সম্পন্ন করেছেন। প্রতিযোগিতাটি সম্পন্ন করতে তার সময় লেগেছে ১৫ ঘণ্টা ২২ মিনিট ৩২ সেকেন্ড।

সজীব পুরুষদের ৩৫–৩৯ বছর বয়সভিত্তিক ক্যাটাগরিতে ৩৭৬ নম্বর বিব নিয়ে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় তিনি ৩.৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং এবং ৪২.২ কিলোমিটার ম্যারাথন দৌড়সহ মোট ২২৬ কিলোমিটার পথ অতিক্রম করেছেন।

২০২৫ সালে আয়রনম্যান ৭০.৩ লাংকাউই সম্পন্ন করার পর থেকেই ফুল ডিস্ট্যান্স আয়রনম্যান সম্পন্ন করার লক্ষ্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছিলেন সজীব। এক বছর পর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে তিনি আবারও লাংকাউইয়ে ফিরে আসেন।

বাংলাদেশের ডেনিম শিল্পে পূর্ণকালীন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিয়মিত সাঁতার, সাইক্লিং ও দৌড়ের অনুশীলন চালিয়ে গেছেন। অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে লাল-সবুজের পতাকা হাতে এই গৌরবময় সাফল্য অর্জন করেছেন সজীব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাউদকান্দিতে আগাম টমেটো চাষে কৃষকদের সাফল্য ও আগ্রহ বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


দাউদকান্দিতে আগাম টমেটো চাষে কৃষকদের সাফল্য ও আগ্রহ বৃদ্ধি

কুমিল্লার দাউদকান্দিতে কৃষকেরা আগাম টমেটো চাষে সাফল্য অর্জন করছেন। মৌসুমের শুরুতেই বাজারে টমেটো বিক্রি করে ভালো দাম পাওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে এ চাষে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। পাঁচ বছর ধরে আগাম টমেটো চাষ করে আসছেন উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের টামটা এলাকার কৃষক মো. শফিউল্লাহ। তাঁর সাফল্যে অনুপ্রাণিত হয়ে ওই এলাকার অন্যান্য কৃষকেরাও এ চাষে যুক্ত হচ্ছেন।

এ বছর শফিউল্লাহ ৭০ শতক জমিতে মহারাজ, মঙ্গল রাজা, এবং ওভার সাইজ জাতের টমেটো চাষ করেছেন। আগস্টের প্রথম সপ্তাহে চারা রোপণের পর তিনি এখন পর্যন্ত তিন দফায় ফলন সংগ্রহ করেছেন। স্থানীয় ইলিয়টগঞ্জ বাজারে প্রতি কেজি টমেটো ৯০ থেকে ১১০ টাকা দরে বিক্রি করছেন তিনি। এই কৃষক আশা করছেন, আরও প্রায় তিন মাস ফলন সংগ্রহ ও বিক্রি করা যাবে।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, জমি থেকে সংগ্রহ করা টমেটো বাড়িতে এনে ঝুড়িতে বাছাই করছেন শফিউল্লাহ। এ কাজে তাঁর স্ত্রী, বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কয়েকজন নারী শ্রমিকও সহযোগিতা করছেন।

শফিউল্লাহ বলেন, "কৃষি কর্মকর্তাদের পরামর্শ মেনে প্রতিবছর আগাম বাজার ধরার লক্ষ্য নিয়ে টমেটো চাষ করি।" তিনি জানান, আগের বছরগুলোতে তিনি ভালো ফলন ও লাভ পেয়েছেন এবং এ বছরও লাভবান হওয়ার প্রত্যাশা করছেন। তবে ব্যাকটেরিয়াল উইল্ট রোগের আক্রমণে কিছুটা ক্ষতি হচ্ছে। নিয়মিত পরিচর্যা ও কৃষি কর্মকর্তাদের পরামর্শ মেনে চললে ভালো ফলন পাওয়া সম্ভব। তাই কৃষকদের প্রতি তাঁর পরামর্শ, অভিজ্ঞ কৃষি কর্মকর্তাদের দিকনির্দেশনা ছাড়া আগাম টমেটো চাষে না জড়ানোই ভালো।

ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের টামটা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামছ উদ্দিন বলেন, "প্রতিবছর কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী আগাম টমেটো চাষ করেন শফিউল্লাহ।" তিনি জানান, এ কারণে শফিউল্লাহ ভালো ফলন পাচ্ছেন। তাঁর সাফল্য দেখে এলাকার অন্য কৃষকেরাও আগাম টমেটো চাষে আগ্রহী হচ্ছেন।

কৃষি কর্মকর্তা জানান, এ বছর ওই এলাকায় জাকির হোসেন, আলামিন ও কবির ৫০ শতক করে, নুরে আলম ৩০ শতক, শাহজাহান ২৫ শতক এবং সেলিম, সেলিম খান ও শহীদুল্লাহ ২০ শতক করে জমিতে আগাম টমেটো চাষ করেছেন। তাঁদের জমিতেও ভালো ফলন আসতে শুরু করেছে। দাউদকান্দির এই অঞ্চল টমেটো চাষের জন্য উপযোগী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাবিপ্রবি অধ্যাপকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবহারের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


হাবিপ্রবি অধ্যাপকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবহারের অভিযোগ

পীরের সেমিনার ও বায়াত গ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবহারের অভিযোগ উঠেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনের বিরুদ্ধে।

শনিবার (২৮ নভেম্বর) রাত ৮ টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ব্যাংক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত তাসাউফ সেমিনার শীর্ষক অনুষ্ঠানের যাত্রীদের যাতায়াতের জন্য এই বাস ব্যবহার করা হয়।

সূত্রের বরাতে জানা যায়, শনিবার (২৮ নভেম্বর) ক্যাম্পাস-সংলগ্ন ব্র্যাক লার্নিং সেন্টারে পীর মোজাদ্দেদী কুতুববাগীর আগমন উপলক্ষে তার মুরিদ (অনুসারী) বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা এবং বিনা খরচে বিয়ের আয়োজন করা হয়। এ উপলক্ষে শতাধিক লোকজনের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের দুটি বাস ব্যবহার করা হয়। এ ঘটনা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা করতে দেখা যায়।

শিক্ষার্থীরা জানান, বিভিন্ন একাডেমিক ও গবেষণার ফিল্ড পরিদর্শনের কাজে বাসের রিকুইজিশন চাওয়া হলেও দেওয়া হয় না বিভিন্ন অজুহাতে। ওপরদিকে বিয়ের অনুষ্ঠানের কাজে শিক্ষার্থীদের বাস ব্যবহার প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রশ্নবিদ্ধ করে।

বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবহার করে কোনো ব্যক্তিগত কর্মসূচিতে যাওয়ার নিয়ম আছে কিনা?— এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালক অধ্যাপক ড. মো. সিদ্দিককুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তার ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য বাসটি ভাড়া নিয়েছিলেন। তেল খরচ দিয়ে ব্যক্তিগত প্রয়োজনে গাড়ি ব্যবহারে কোনো বাধা নেই। আমাদের পরিবহন কর্মকর্তারা তার রিকুইজিশন পেপার দেখে তাকে অনুমতি দিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%