০২:২৫ পি.এম
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ, বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থার শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত মর্যাদা ও অধিকার সুরক্ষার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের তাত্ক্ষণিক হস্তক্ষেপ কামনা করেছে।
আজ রোববার (১৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে, সংগঠনের নেতৃবৃন্দ ৫ দফা দাবিতে প্রধানমন্ত্রীকে এ বিষয়ে হস্তক্ষেপের জন্য আহ্বান জানান। তাদের দাবি, মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা অনুযায়ী, বর্তমানে বিদ্যমান নিকাহ রেজিস্ট্রারদের কর্ম-অধিক্ষেত্র ও অধিকার সম্পূর্ণভাবে বজায় রাখা উচিত। একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের বিধানকে কোনোভাবেই অনুমোদন করা যাবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে এই সমস্যার একটি ন্যায়সংগত ও গ্রহণযোগ্য সমাধান সম্ভব বলে মনে করেন তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্রে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের বিষয়ে আইন মন্ত্রণালয়ে নতুন বিধি সংশোধনের কার্যক্রম চলছে। বর্তমানে একজন নিকাহ রেজিস্ট্রার মাসে গড়ে ৫/৭টি বিবাহ রেজিস্ট্রি করেন। এই সীমিত উপার্জন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের পরিবার নিয়ে সংসারের খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে। তাই বিবাহের রেজিস্ট্রেশন ফি বৃদ্ধি করার দাবি জানানো হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেল
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি মাওলানা শাহ মো. নেছারুল হক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি প্রিন্সিপাল মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদার, মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির নির্বাহী সভাপতি কাজী ইকবাল হোসেন, জোবায়ের ইবনে সালেহ, নুরুল আমিন, ড. গোলাম কিবরিয়া, কাজী মফিজুর রহমান, আজিজুর রহমান সুমন, ড. সেলিম উল্লাহ, কাজী মাশিউর রহমান, কাজী জাকির হোসেন, মামুনুর রশিদ খান।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, ফ্যাসিস্ট সরকারের আমলে নিকাহ রেজিস্ট্রাররা দীর্ঘ ১৬ বছর ধরে জেল-জুলুম, মিথ্যা মামলা, নির্যাতনের শিকার হয়ে আসছেন। নিকাহ রেজিস্ট্রারদের রুটি-রুজির উপর আঘাত এলে তা যেকোনো মূল্যে প্রতিহত করা হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত নিকাহ রেজিস্ট্রাররা ঘরে ফিরে যাবে না বলেও ঘোষণা দেয়া হয়।
নিকাহ রেজিস্ট্রারদের উত্থাপিত দাবিসমূহের মধ্যে রয়েছে- মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা ২০০৯ অনুযায়ী নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বজায় রাখা এবং অনতিবিলম্বে ১৪শ’ শূন্য পদে স্থায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। মৃত্যু বা অবসরজনিত শূন্য পদে নিকাহ রেজিস্ট্রারের যোগ্য পুত্রকে লাইসেন্স প্রদান করতে হবে। এছাড়াও, নিকাহ রেজিস্ট্রারদের বিবাহ ও তালাক নিবন্ধন ফি বৃদ্ধি করতে হবে এবং মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা প্রণয়নে অভিজ্ঞতার ভিত্তিতে দুইজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করতে হবে।
নিকাহ রেজিস্ট্রারদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল সোমবার সারাদেশে সকল জেলা প্রশাসকের অফিসের সামনে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করা হবে। এছাড়াও, আগামী মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে যুবক রনিকে ছুরিকাঘাতে হত্যা, আটক আলামিন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন