প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাপানে শুরু হয়েছে বিশ্বের অন্যতম পুরোনো সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৬’। ৬৪তম এই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল সারজিয়া তাবাসসুম প্রমা। আন্তর্জাতিক এই মঞ্চে নিজের সৌন্দর্য ও ব্যক্তিত্বের পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার জন্য তিনি বিশেষভাবে নজর কেড়েছেন। দেশীয় তাঁতের ঐতিহ্যবাহী গামছাকে আধুনিক পোশাকে উপস্থাপন করে আলোচনায় এসেছেন এই মডেল।
১১ থেকে ২৫ নভেম্বর জাপানের টোকিওতে অনুষ্ঠিত হচ্ছে প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব। এবারের আয়োজনে প্রায় ৭০টি দেশের প্রতিযোগী অংশ নিচ্ছেন। ‘মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ নির্বাচিত হয়ে প্রমা এই আসরে অংশ নিতে জাপান গেছেন।
প্রতিযোগিতার দ্বিতীয় দিনে প্রমাকে দেখা যায় বাংলাদেশের ঐতিহ্যবাহী লাল-সবুজ চেকের গামছায় তৈরি বিশেষ পোশাকে। তবে এটি সাধারণ গামছা বা ওড়না হিসেবে নয়, বরং পোশাকের মূল উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে দেশীয় এই তাঁতবস্ত্র।
গামছা দিয়ে তৈরি পোশাকটিতে ছিল ক্রপড চোলি স্টাইলের ব্লাউজ এবং বহু কুঁচির লম্বা স্কার্ট। ব্লাউজের পেছনে খোলা নকশার সঙ্গে যুক্ত করা হয়েছে সরু স্ট্র্যাপ। পাশাপাশি লাল ফিতার লেইস ও ব্লকের নকশা পোশাকটিতে যোগ করেছে ভিন্ন মাত্রা। স্কার্টের লাল-সবুজ চেকের নকশা ও ঘের পোশাকটিকে আকর্ষণীয় রূপ দিয়েছে।
প্রমার জন্য বিশেষ এই পোশাকটি তৈরি করেছেন ফ্যাশন ডিজাইনার জাদু (মেহবুব কামাল)। পোশাকের সঙ্গে মানানসই সাজে ছিল সোনালি চোকার, চান্দবালি স্টাইলের কানের দুল এবং বেণি করা চুলে সোনালি জরির ফিতা।
জানা গেছে, প্রতিযোগিতার সাংস্কৃতিক পর্বের অডিশনে অংশ নিতেই এই বিশেষ সাজে হাজির হয়েছিলেন প্রমা। এ সময় কোক স্টুডিও বাংলার জনপ্রিয় গান ‘তাঁতি’র তালে নাচতেও দেখা যায় তাকে।
জাপান থেকে প্রতিদিনের নানা মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন এই মডেল। গামছার পোশাকে তার উপস্থিতি ঘিরে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে নেটিজেনদের মধ্যে। অনেকেই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে নতুনভাবে তুলে ধরার উদ্যোগের প্রশংসা করেছেন। একই সঙ্গে প্রশংসা পাচ্ছেন পোশাকটির নকশাকারও।
উল্লেখ্য, সৌন্দর্য প্রতিযোগিতার অন্যতম প্রাচীন আয়োজন ‘মিস ইন্টারন্যাশনাল’। ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রের লং বিচে যাত্রা শুরু হয় প্রতিযোগিতাটির। পরে ১৯৬৮ সাল থেকে জাপান নিয়মিত আয়োজক দেশ হয়ে ওঠে। জাপানভিত্তিক ইন্টারন্যাশনাল কালচারাল অ্যাসোসিয়েশন (আইসিএ) আয়োজন করে এই প্রতিযোগিতা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন