০২:২৯ পি.এম
সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্ক, নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে সৌদি সরকারের পক্ষ থেকে দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তির নাম ফাদেল বিন হাসান বিন আবদুল্লাহ আল-সাফওয়ানি এবং জাওয়াদ বিন আবদুল্লাহ বিন আলী কুরাইরিস। উভয়েই সৌদি নাগরিক।
বিবৃতিতে উল্লেখ করা হয়, এই দুই ব্যক্তি একটি বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য ছিলেন। তারা নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে হামলা চালানোর পাশাপাশি অস্ত্র ও তাজা গুলি মজুত করার অভিযোগে জড়িত ছিলেন। এছাড়া, সৌদি আরবের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থায়ন করাও তাদের অপরাধের মধ্যে রয়েছে।
আরও পড়ুন: ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই
নিরাপত্তা বাহিনী তাদের গ্রেফতার করার পর তদন্তে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হলে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেয়।
এছাড়া, আপিল বিভাগ ও সুপ্রিম কোর্টের রায় বহাল থাকার পর মৃত্যুদণ্ডের কার্যকর করার জন্য রাজকীয় আদেশ জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে শনিবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের জীবন ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারীদের বিরুদ্ধে ইসলামি শরিয়াহ আইন কার্যকর করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এ ধরনের অপরাধে জড়িত অন্যদেরও ইসলামি শরিয়াহ অনুযায়ী শাস্তির মুখোমুখি হতে হবে।
আরও পড়ুন: সোনিয়া গান্ধীর বই প্রকাশনায় যোগ দিতে পারেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
তথ্যসূত্র: খালিজ টাইমস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন