০২:৪৯ পি.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী শাখার ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। মোহাম্মদ মাহফুজুর রহমান পুনরায় আমির নির্বাচিত হয়েছেন। অধ্যাপক নজিবুর রহমান নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করবেন এবং অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল সেক্রেটারি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) সকালে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে নতুন কমিটি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মধ্যে রয়েছেন সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম এবং আজিজুল ইসলাম ফারাজী।
আরও পড়ুন: নড়াইলের দুর্গাপুরে জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
এছাড়া মহানগরী কর্মপরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ড. আবু রুবাবা, মাওলানা আবু বকর সিদ্দিক, আ ন ম আব্দুল কুদ্দুস, মীম মিরাজ হোসাইন, মুকাররম বিল্লাহ আনসারী, অধ্যাপক জুলফিকার আলী, মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, অধ্যাপক মো. ইকবাল হোসাইন, এডভোকেট শফিকুল ইসলাম লিটন, মুহাম্মাদ আব্দুল গফুর, মো. আনিসুর রহমান এবং মুশাররফ আনসারী।
এর আগে মহানগরীর রুকনদের প্রত্যক্ষ ভোটে আমির ও শূরা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে আমির নির্বাচিত হন মোহাম্মদ মাহফুজুর রহমান। নির্বাচনে পুরুষ ৩৯ জন এবং নারী ১৬ জন শূরা সদস্য নির্বাচিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, জামায়াতে ইসলামীকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও গতিশীল করার জন্য নতুন কমিটি কাজ করবে। তিনি সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্বশীলতার সঙ্গে নেতাদের দায়িত্ব পালনের আহ্বান জানান।
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও চাঁদাবাজি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের এই কেন্দ্রীয় নেতা। তিনি বলেন, "চাঁদাবাজির ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না।" এসব বিষয় জাতীয় সংসদে জোরালোভাবে তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ
তিনি আরও বলেন, "কোনো অবস্থাতেই খুলনাকে চাঁদাবাজদের অভয়ারণ্য হতে দেয়া হবে না।" যারা চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, সময়মতো তাদের মুখোশ উন্মোচন করা হবে। খুলনার মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় দলীয় নেতাকর্মীরা জনগণের পাশে থাকবেন বলেও তিনি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন