ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

কুবি ছাত্রশিবিরের আয়োজনে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলান প্রোগ্রাম অনুষ্ঠিত


কুবি ছাত্রশিবিরের আয়োজনে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলান প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির‚ কুমিল্লা বিশ্ববিদ্যালয়-(কুবি) শাখা কর্তৃক আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) কুমিল্লার ফানটাউন রিসোর্টে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মোজাম্মেল হোসেন আবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আতিয়ার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কলেজ সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী; কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমেন; কেন্দ্রীয় মানবসম্পদ ব্যাবস্থাপনা সম্পাদক মো. নোমান হোসেন নয়ন এবং কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা। কোরআন তিলাওয়াত এবং লালমাই থিয়েটারের পরিবেশনায় ইসলামী সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের লড়াই বদলে দিচ্ছে সুপ্রিম কোর্ট

উদ্বোধনী বক্তব্যে সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন‚ ‘জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ থেকে শুরু করে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন তাদের স্মরণ করছি। ইসলামী ছাত্রশিবির তোমাদের অভিনন্দন জানাচ্ছে। তোমরা অনেক পরিশ্রম করে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে এখানে এসেছো। জুলাই গণ-অভ্যুত্থানের পর আমরা একটি সুন্দর ক্যাম্পাসের স্বপ্ন দেখেছিলাম। আমরা চেয়েছিলাম ক্যাম্পাসে গেস্টরুম, গণরুমের কালচার চলবে না। ক্যাম্পাসে কোন বড়ভাইয়ের রাজনীতি চলবে না। নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করতে হবে। বড়ভাই কারো ক্যারিয়ার ঠিক করে দিতে পারে না।’

অনুষ্ঠানে লোকপ্রশাসন বিভাগের নবীন শিক্ষার্থী নূসরাত জাহান বলেন‚ “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমার এই সাফল্যের পেছনে আমার পরিবার, শিক্ষক মণ্ডলী ও কাছের বন্ধুদের অবদান রয়েছে। জুলাই আন্দোলনে একটি সুস্থ বাংলাদেশ ও মুক্তভাবে কথা বলার স্বাধীনতার জন্য তরুণ শিক্ষার্থীরা প্রাণ দিয়েছেন, যা আমাকে অনুপ্রাণিত করে। ইসলামী ছাত্রশিবিরের এই প্রোগ্রামে এটাই আমার প্রথম উপস্থিতি এবং তাদের শিক্ষার্থী-বান্ধব কার্যক্রম আমার সবচেয়ে ভালো লেগেছে, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করায় আমি তাদের ধন্যবাদ জানাই। ক্যারিয়ার গাইডলাইন নিয়ে তারা আমাদের যে পরামর্শ দিয়েছে, আমি চেষ্টা করব ভবিষ্যতে সেগুলো ধারণ করতে। অন্যায়ের সামনে নতি স্বীকার না করে আমি সামনে এগিয়ে যেতে চাই।”

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োক্যামিস্ট্রি এ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. আতিয়ার রহমান বলেন‚ “তোমরাই আগামীর বাংলাদেশের রূপকার। শুধু ভালো ফলাফল নয়, দক্ষতা, যোগাযোগক্ষমতা, সততা ও নৈতিকতা অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয়কে শুধু ডিগ্রি অর্জনের জায়গা হিসেবে না দেখে নিজেকে একজন যোগ্য মানুষ হিসেবে গড়তে হবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি বই পড়তে হবে যাতে নিজের চিন্তার জগতকে সমৃদ্ধ করা যায়। ক্যারিয়ারের সাফল্য শুধু ব্যক্তিগত অর্জনে নয়, দেশের জন্য কতটা অবদান রাখতে পারলে সেখানেই এর সার্থকতা। তোমাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা যেন দেশের মানুষের কাজে লাগে, সেই প্রত্যাশাই করি। জুলাইয়ের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ তোমরাই গড়বে।”

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্যারিয়ার বিষয়ক গাইডলাইন প্রদান করেন এবং বর্তমান বিশ্বের আধুনিক শিক্ষাব্যবস্থার সাথে সমন্বয় করার কথা বলেন। তিনি বলেন‚ “আজকের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডেন্স অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লেগেছে। আমরা চাই, নবীন শিক্ষার্থীরা শুধু সার্টিফিকেট অর্জন না করে নৈতিকতা, মেধা ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের গড়ে তুলুক। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আগে সৎ, দক্ষ ও দায়িত্বশীল মানুষ তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয় জীবনকে কাজে লাগিয়ে নিজেদের নফসকে নিয়ন্ত্রণ করতে হবে, ভালো মানুষের সঙ্গে মিশতে হবে এবং কুরআন-সুন্নাহর আলোকে জীবন গড়তে হবে। আমরা ক্যাম্পাসে সহিংসতার পরিবর্তে মেধা, জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতার পরিবেশ চাই। আজকের এই আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের প্রতি আমাদের আহ্বান নিজেদের যোগ্য করে গড়ে তুলুন এবং ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য অবদান রাখুন।”

আরও পড়ুন: নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন প্রয়োগের দাবি জানালো নিসচার

এ ছাড়াও তিনি ছাত্রশিবির, ক্যারিয়ার ও বাংলাদেশ সম্পর্কে শিক্ষার্থীদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় নিখোঁজ গৃহবধুর চারদিনেও সন্ধান মেলেনি

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


ভাণ্ডারিয়ায় নিখোঁজ গৃহবধুর চারদিনেও সন্ধান মেলেনি

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের মৃত আবদুস সত্তার বেপারীর পুত্রবধূ নাসরিন নাহার বেগম (১৮) গত চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। কলেজে পরীক্ষা দিতে যাওয়ার পর ওই গৃহবধূ নিখোঁজ হয়েছেন এবং তার সন্ধান এখনও পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তাঁর পরিবার ভাণ্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।

জানাগেছে, ৯ আগস্টে শ্বশুরবাড়ি থেকে এইচ.এস.সি (বিএম শাখা) পরীক্ষা দিতে বাড়ি থেকে উপজেলার আমান উল্লাহ কলেজে যান গৃহবধূ নাসরিন। কিন্তু পরীক্ষা হলে না গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। নিখোঁজের চার দিন পার হলেও পুলিশ অনুসন্ধান চালিয়েও তার সন্ধান পাচ্ছে না।

নিখোঁজের শ্বাশুরী মনোয়ার বেগম ঘটনার দিন ৯ আগস্ট ভাণ্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। (ডায়েরী নম্বর ৩৮০)। পরিবার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২ মে ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের মৃত আবদুস সত্তার বেপারীর ছেলে সজল আমীন এর সঙ্গে নাসরিনের বিয়ে হয়। নাসরিন আমান উল্লাহ কলেজে পড়ালেখা করছিলেন।

এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, নিখোঁজ ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। পুলিশ নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে অনুসন্ধান চালাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাব এল-মান্দেবে হুতিদের হামলায় ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


বাব এল-মান্দেবে হুতিদের হামলায় ৬ জনের মৃত্যু

হরমুজের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বাব এল-মান্দেব প্রণালিতেও হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনের কোস্টগার্ড জানিয়েছে, বাব এল-মান্দেব প্রণালিতে দেশটির সশস্ত্র বিদ্রোহী হুতিদের হামলায় একটি বাণিজ্যিক জাহাজে থাকা ছয়জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন।

আজ বুধবার (১২ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর সমুদ্রপথে হুতিদের হামলায় প্রথম প্রাণহানির ঘটনা এটি।

ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বাণিজ্যিক জাহাজটি লক্ষ্য করে হুতিরা তিনটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে জাহাজে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং জাহাজের মারাত্মক ক্ষতি হয়।

এতে তিনজন পাকিস্তানি এবং একজন ইন্দোনেশীয় নাগরিক নিহত হন। পরবর্তীতে আহত ও নিহতদের উদ্ধারের সময় ইয়েমেনের কোস্টগার্ডের উদ্ধারকারী দলকে লক্ষ্য করে হুতিরা পুনরায় আরেকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ফলে উদ্ধারকাজে নিয়োজিত বাহিনীর আরও দুই সেনা সদস্য নিহত হন।

হুতি নিয়ন্ত্রিত সাবা নিউজ এজেন্সি দাবি করেছে, হুতিরা একটি সৌদি জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, জাহাজটি সামরিক সরঞ্জাম বহন করছিল।

এদিকে, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ভবিষ্যৎ নিয়ে ওমান ও ইরানের মধ্যে আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলে জানিয়েছে কাতার। অন্যদিকে, যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের অবসান এবং হরমুজ সংকট নিরসনে মধ্যস্থতার উদ্যোগ হিসেবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি তেহরানে পৌঁছে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ ইরানের একটি বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করছিল। মার্কিন বাহিনীর পক্ষ থেকে জাহাজটিকে একাধিকবার সতর্ক করা হলেও সেটি নির্দেশনা উপেক্ষা করে এগিয়ে যায়।

এরপর মার্কিন বাহিনী জাহাজটির স্টিয়ারিং গিয়ারে দুইটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে জাহাজটির চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা অচল হয়ে যায়।

মার্কিন বাহিনীর ভাষ্য, ইরানের বিরুদ্ধে চলমান অবরোধ ভেঙে জাহাজটি ইরানি বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করছিল। তবে ঘটনাটি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

শুধু একটি জাহাজ নয়, হরমুজ প্রণালিতে অবরোধ কার্যকর করতে যুক্তরাষ্ট্র আরও ব্যাপক পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে সেন্টকম।

সেন্টকমের তথ্য অনুযায়ী, মার্কিন বাহিনী অবরোধ অতিক্রম করে যাওয়ার চেষ্টা করা ৫৫টি বাণিজ্যিক জাহাজকে গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে। এর মধ্যে তিনটি জাহাজকে অচল করা হয়েছে এবং দুটি জাহাজে মার্কিন বাহিনী উঠে অভিযান পরিচালনা করেছে।

এই পদক্ষেপের ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে সামুদ্রিক বাণিজ্য আরও অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।

পারস্য উপসাগর থেকে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাস পরিবহনের জন্য হরমুজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে বাণিজ্যিক জাহাজ চলাচলে দীর্ঘস্থায়ী বাধা সৃষ্টি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাজারে এর বড় প্রভাব পড়তে পারে।

এদিকে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার সম্ভাবনা নিয়ে কূটনৈতিক তৎপরতাও চলছে। কাতার জানিয়েছে, প্রণালির ভবিষ্যৎ এবং সেখানে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে ওমান ও ইরানের মধ্যে আলোচনা ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ করেছে।

ওমান দীর্ঘদিন ধরে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে। ফলে হরমুজ সংকট নিরসনে মাসকাটের ভূমিকা এখন বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে আলোচনায় অগ্রগতি হলেও হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে ইরান এখনো কঠোর অবস্থানে রয়েছে।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধ ও অবরুদ্ধ পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না।

তেহরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ও অবরোধের সম্পূর্ণ অবসান, বিদেশে হিমায়িত ইরানি সম্পদ মুক্ত করা ও মধ্যপ্রাচ্যজুড়ে একটি আঞ্চলিক যুদ্ধবিরতি কার্যকর করা।

রেজায়ি বলেছেন, এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। অর্থাৎ শুধু জাহাজ চলাচল নিয়ে সাময়িক কোনো সমঝোতার পরিবর্তে বৃহত্তর রাজনৈতিক ও সামরিক সমাধানের সঙ্গে হরমুজ প্রণালি খোলার বিষয়টি যুক্ত করেছে তেহরান।

এই পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি তেহরানে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুনরায় চালুর লক্ষ্যে মধ্যস্থতার অংশ হিসেবে তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

পাকিস্তান এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক যোগাযোগ তৈরিতে আগ্রহ দেখিয়েছে। নাকভির সফরকে সেই মধ্যস্থতা প্রচেষ্টারই অংশ হিসেবে দেখা হচ্ছে।

ইরানের সঙ্গে আলোচনায় পাকিস্তান একদিকে যুদ্ধ বন্ধের সম্ভাব্য পথ খুঁজবে, অন্যদিকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে তেহরানের অবস্থান বোঝার চেষ্টা করবে।

এদিকে, ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ। জাতিসংঘের উপ-সমন্বয়ক রামিজ আলাকবারভ বলেছেন, অধিকৃত পশ্চিম তীর বর্তমানে ‘ব্রেকিং পয়েন্টে’ বা সংকটের চরম সীমায় পৌঁছে গেছে।

তার দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছর পশ্চিম তীরে ৭৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৮ জন অপ্রাপ্তবয়স্ক। পশ্চিম তীরে সহিংসতা, সামরিক অভিযান, বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের ওপর হামলা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে। জাতিসংঘের এই সতর্কবার্তা অঞ্চলটির সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা সামনে এনেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সওজের নতুন প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


সওজের নতুন প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান

মো. মনিরুজ্জামান সাময়িকভাবে (চলতি দায়িত্ব) সড়ক ও জনপদ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছেন। এই নিয়োগের মাধ্যমে সৈয়দ মঈনুল হাসানের স্থলাভিষিক্ত হলেন তিনি।

বুধবার (১২ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ নিয়োগ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। মনিরুজ্জামান সওজের ১৮তম ব্যাচের কর্মকর্তা এবং তিনি পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ উইংয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

এর আগে, মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) (গ্রেড-৩) সৈয়দ মঈনুল হাসানকে পরবর্তী পদায়নের জন্য (স্ব-বেতনে) জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৬ বছরের সমস্যা ৫-৬ মাসে সমাধান করা সম্ভব নয়: মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


১৬ বছরের সমস্যা ৫-৬ মাসে সমাধান করা সম্ভব নয়: মাহদী আমিন

ঢাকা, ১২ আগস্ট, ২০২৬ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এবং তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন মন্তব্য করেছেন, বিগত ১৬ বছরের পুঞ্জীভূত প্রশাসনিক ও অবকাঠামোগত সমস্যার কারণে জ্বালানি খাত বর্তমানে এক বিরাট চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে রয়েছে। বাস্তবিকভাবেই, দীর্ঘকাল ধরে চলে আসা এই স্থবির সমস্যা মাত্র পাঁচ বা ছয় মাসের মধ্যে পুরোপুরি সমাধান করা সম্ভব নয়।

আজ বুধবার, রাজধানীর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘এসডিজি অর্জনে পাঁচ বছর মেয়াদী কৌশলগত কাঠামো বাস্তবায়ন: নীতি, অংশীদারিত্ব ও অগ্রাধিকার’ শীর্ষক জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহ্দী আমিন আরও বলেন, ‘বিগত ১৬ বছরের পুঞ্জীভূত প্রশাসনিক ও অবকাঠামোগত বিষয়গুলো বর্তমানে জ্বালানি খাতকে এক বড় চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে। বাস্তবিক অর্থে দীর্ঘদিনের এই স্থবির সমস্যা পাঁচ বা ছয় মাসে পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। তবে আশার কথা হলো, প্রধানমন্ত্রীর স্পষ্ট দিকনির্দেশনার অধীনে এখানে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনেরা যৌথভাবে কাজ করছেন, যাতে এই খাতে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পায়। পাশাপাশি দেশের প্রাকৃতিক সম্পদ উত্তোলনের সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। ইনশাআল্লাহ, কার্যকর পদক্ষেপের মাধ্যমে মধ্যমেয়াদে জ্বালানি সংকটের একটি টেকসই এবং বাস্তবসম্মত সমাধান আসবে।’

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালুর প্রসঙ্গে মাহদী আমিন বলেন, আমরা সরাসরি জেলা পর্যায়ে পৌঁছে যাব এবং সেখানে স্থানীয় নিয়োগকর্তা ও চাকরি প্রার্থীদের মধ্যে একটি সংযোগ স্থাপন করবো, যারা কর্মসংস্থান তৈরি করতে চান এবং যারা কর্মসংস্থানের সুযোগ খুঁজছেন। অফলাইন ও অনলাইন উভয় প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা তাদের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিব। এই উদ্দেশ্যে প্রয়োজনীয় কারিগরি দক্ষতা সৃষ্টি, সক্ষমতা বৃদ্ধি এবং একটি কার্যকর রেফারেল সিস্টেম গড়ে তোলা হবে, যেখানে প্রাতিষ্ঠানিক দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে বেসরকারি খাতকে সরাসরি যুক্ত করা হবে। এই সময়োপযোগী উদ্যোগটি প্রথমদিকে বিভাগীয় পর্যায়ে শুরু হবে এবং পরে সারা দেশের প্রতিটি জেলায় প্রসারিত হবে।

পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগণের সুফলের বিষয়ে মাহদী আমিন দৃঢ়ভাবে বলেন, সমাজের কোনো নাগরিককে যেন জাতীয় প্রবৃদ্ধি ও উন্নয়নের প্রবাহ থেকে পিছিয়ে না রাখা হয়, সেটি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সুবিধা বঞ্চিতদের জাতীয় অর্থনীতি ও সামাজিক সুরক্ষার মূলধারায় পূর্ণাঙ্গভাবে অন্তর্ভুক্ত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।

মাহদী আমিন বললেন, সমাজের প্রতিটি স্তরের মানুষের প্রত্যক্ষ রাজনৈতিক অভিমত এবং ভোটাধিকারের ভিত্তিতে এই সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। নির্বাচনী এই নিরঙ্কুশ বিজয়ে সকল স্তরের জনগণের অসামান্য অবদান রয়েছে। ফলে প্রতিটি নাগরিকের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও পারিবারিক ক্ষমতায়ন নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

তিনি জানান, শুধু সাময়িক উন্নয়ন নয়, বরং এমন একটি প্রশাসনিক কাঠামো তৈরি করা হচ্ছে, যেখানে প্রতিটি নাগরিকের সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে এবং তাঁদের স্বনির্ভরতা নিশ্চিত হবে। দায়িত্বের জায়গা থেকে সরকার এই অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাবে।

বর্তমান সরকারের প্রথম বাজেটের ইতিবাচক দিকগুলো তুলে ধরে মাহদী আমিন বলেন, তৃণমূলের মানুষের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চাল, ডাল, তেল, চিনি, আটাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে কর ও ভ্যাট কমানো হয়েছে। এর ফলে বাজারে কোনো অসাধু সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরির সাহস পায়নি।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও সরকার কঠোর ব্যবস্থাপনায় দেশের বাজারে তেলের দাম পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে, যাতে নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষ আরামে থাকতে পারেন। তিনি জানান, শিগগিরই স্বাস্থ্য খাতের আওতায় ১ লাখ নতুন পদ সৃষ্টি হবে এবং কর্মী নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৮০ হাজার পদে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানালেন, পাহাড়ি কিংবা সমতলের বাসিন্দা, ধর্ম-বর্ণ, রাজনৈতিক আদর্শ কিংবা শারীরিক ও সামাজিকভাবে সক্ষম-অক্ষম, নির্বিশেষে প্রতিটি মানুষই বাংলাদেশের নাগরিক। ভিন্ন মতামত ও বৈচিত্র্যকে পূর্ণ শ্রদ্ধা ও ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, বৈচিত্র্যের মধ্যে বাংলাদেশের আসল রূপ বিদ্যমান। তাই রাষ্ট্রের দৃষ্টিতে এবং সরকারের নীতিমালায় দেশের প্রতিটি নাগরিক যেন সমান অধিকার, স্বাধীনতা এবং উন্নয়নের সমপরিমাণ অংশীদারত্ব লাভ করতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার জন্য নাগরিক প্ল্যাটফর্ম-এর আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমান, সংসদ সদস্য মাধবী মারমা প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%