ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে


ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে

‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়ন কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদনের সময়সীমা ২৮ জুলাই দুপুর ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

দেশের কিছু কিছু এলাকায় প্রতিকূল পরিবেশ এবং অনিবার্য পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ (শনিবার) সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ্ মোহাম্মদ মাহবুবের স্বাক্ষরিত পত্রে এ জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: চাঁদপুরে শুরু হলো তিন দিনব্যাপী জেলা ইজতেমা, ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহণ

নির্দেশনা অনুসারে, নতুন ও পূর্বে জমা দেওয়া সব আবেদন যাচাই-বাছাই, মূল্যায়ন ও পরীক্ষা শেষে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে। তবে যেসব এলাকায় বর্তমানে পরীক্ষা গ্রহণ কার্যক্রম চলছে, সেখানে তা অব্যাহত রাখা যাবে।

তবে স্থানীয় কমিটি চাইলে পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করে নতুন ও পুরোনো সব আবেদনকারীর জন্য একসঙ্গে পরীক্ষা গ্রহণ করতে পারবে।

এ ছাড়া ২৫ ও ২৬ জুলাই নির্ধারিত পরীক্ষার বিষয়ে স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা স্থগিত বা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্থানীয় কমিটিকে প্রদান করা হয়েছে।

তবে পরীক্ষা চালিয়ে নেওয়া হলেও পরবর্তীতে নতুন আবেদনকারীদের জন্য পৃথকভাবে আবার পরীক্ষা আয়োজন করতে হবে।

আরও পড়ুন: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ পেরিয়ে সুস্থতার পথে বাকৃবি শিক্ষার্থী জীম

নির্দেশনায় পরিস্কারভাবে বলা হয়েছে যে, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের লিখিত পরীক্ষা নেওয়া যাবে না। নির্ধারিত মানবণ্টন অনুযায়ী প্রার্থীদের ব্যবহারিক, মৌখিক পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতার জিপিএর ভিত্তিতে মূল্যায়ন করে ফলাফল প্রস্তুত করতে হবে।

চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রশিক্ষণসহ পরবর্তী কার্যক্রমের সময়সূচি পুনর্নির্ধারণ করে সংশ্লিষ্টদের জানানো হবে।

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রম সুষ্ঠু এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সমাজসেবা অধিদপ্তর সংশ্লিষ্ট কমিটির সভাপতি, সদস্য-সচিব এবং সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে বিএনপির লিফলেট বিতরণ, সরকারের উন্নয়ন প্রচারণা ও গুজবের বিরুদ্ধে প্রতিবাদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপটে ধরে পরিচয় জানতে চেয়েছিলেন, জবাবে গু'লি চালাল দুর্বৃত্তরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:৪৩ পি.এম


জাপটে ধরে পরিচয় জানতে চেয়েছিলেন, জবাবে গু

রাজধানী মিরপুরের কাফরুল এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে এক যুবদল কর্মী ইউসুফ আলী (৪৫) নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার পর মিরপুর-১৩, ই-ব্লক, ওপেক্স গার্মেন্টসের সামনে এই ঘটনা ঘটে। পরে ইউসুফ আলীকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইউসুফ আলীর বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার সাকরাল গ্রামে। তার বাবার নাম মৃত শাহজাহান। তিনি নিজের পরিবার নিয়ে মিরপুরের কাফরুলে বসবাস করতেন।

নিহতের রাজনৈতিক সহকর্মী মামুন বলেন, রাত ১১টার দিকে আমি ইউসুফ ভাইসহ আরও দুইজন সহকর্মী মিরপুর-১৩, ই-ব্লক, ওপেক্স গার্মেন্টসের সামনে চা খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম। আমাদের তিনজনকে লক্ষ্য করে অজ্ঞাতনামা ৪-৫ জন যুবক আশপাশে ঘুরছিল। তাদের গতিবিধি দেখে আমাদের সন্দেহ হয়।

এক পর্যায়ে ইউসুফ ভাই তাদেরকে জিজ্ঞেস করেন, ‘তোমরা কারা, তোমাদের বাসা কোথায়? তোমরা আমাদেরকে ঘিরে এভাবে ঘুরছ কেন?’

উত্তরে তারা জানায়, তাদের বাড়ি মিরপুর ১০-এ।

তারপর তারা চলে যেতে চাইলে ইউসুফ ভাই একজনকে বলেন, ‘দাঁড়াও’।

এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইউসুফ ভাই ওই যুবককে জাপটে ধরলে সে কোমর থেকে পিস্তল বের করে ইউসুফের বুকে গুলি করে। এতে ইউসুফ ভাই মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় হামলাকারীরা গুলি করতে করতে পালিয়ে যাওয়া সময় আরও দুজন গুলিবিদ্ধ হন। পরে আমরা স্থানীয়দের সহযোগিতায় তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ১২টা নাগাদ ইউসুফ ভাইকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুলিবিদ্ধ অন্য দুজনের মধ্যে একজনের মাথায় এবং অন্যজনের পায়ে গুলি লাগে। তারা এখন আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মামুন বলেন, ঘটনার পর স্থানীয় জনতা একজনকে অস্ত্রসহ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। পরে তার নাম জানা যায় চঞ্চল।

নিহতের বড় ভাই কান্নাভরা গলায় বলেন, শেখ হাসিনার আমলে যদি আমার ভাই গুলি খেত, তাহলে এত খারাপ লাগত না। এখন বিএনপি ক্ষমতায় থেকেও যদি একজন যুবদল কর্মীর এভাবে মৃত্যু হয়, তা কখনোই মেনে নেওয়া যায় না। আমি এর সুষ্ঠু বিচার চাই।

কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান বাবু বলেন, আমি কয়েকজন বন্ধু-বান্ধব নিয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম। একটি ছেলে আমার সামনে দিয়ে দুইবার যাতায়াত করলেও আমি বিষয়টি আমলে নেইনি।

ইউসুফ তখন সুজন নামে একজনকে বলছিল, ‘এই ছেলেগুলোর গতিবিধি সন্দেহজনক, ভাইকে একটু নক দে’।

তখন সুজন ফোন করে বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা ক্যাপ পরা এক যুবককে চেনেন কি না জানতে চান। আমি তাদের চিনি না বলে অনুরোধ জানাই। পরে আরও দুই যুবকের বিষয়ে জানতে চাইলে তাদের কাউকেই চিনতে পারছিন না বলে জানাই। ফোনে কথা বলার সময় ক্যাপ পরা যুবকের সঙ্গে আমার চোখাচোখি হলে, এরপর ওই ব্যক্তি দ্রুত সরে যেতে শুরু করলে বিষয়টি সন্দেহজনক মনে হয়।

হাফিজুর রহমান বলেন, তখন আমি সুজনকে ওই যুবকদের আটক করার চেষ্টা করতে বলি। পরে সুজন, ইউসুফ ও মামুন এগিয়ে গিয়ে তাদের পরিচয় জানতে চান। তখন তারা জানায় তাদের বাসা মিরপুর ১০ নম্বরে। এক পর্যায়ে ক্যাপ পরা যুবক কোমরের দিকে হাত দিলে ইউসুফ তাকে জাপটে ধরার চেষ্টা করেন। এ সময় ওই যুবক খুব কাছ থেকে ইউসুফের বুকে গুলি করে। ইউসুফ মাটিতে পড়ে গেলে হামলাকারী আরও দুই রাউন্ড গুলি চালায়। এ ঘটনায় কাছাকাছি থাকা একজন পথচারী ও একজন সবজি বিক্রেতা গুলিবিদ্ধ হন।

তিনি বলেন, পরে মামুন একটি কাঠের টুল ছুড়ে মারলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। তাদের ধাওয়া করা হলে তারা আরও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে সেখান থেকে চঞ্চল নামে একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। আমি সাথে সাথে পুলিশকে জানালে তারা এসে ওই যুবককে হেফাজতে নেয়।

কী কারণে তাকে টার্গেট করা হয়েছিল অথবা কোনো কোন্দল ছিল কি না জানতে চাইলে হাফিজুর রহমান বাবু বলেন, আমার সঙ্গে কারও কোন্দল নেই। অন্য কেউ আমাকে পথের কাঁটা ভাবছে কি না, সে বিষয়টি তো আর আমি বলতে পারবো না। আমাকে হত্যা করার জন্য ঝিনাইদহ থেকে চারজন শুটারকে ভাড়া করা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা যায়, হাফিজুর রহমান বাবুকেই এই ঘটনায় টার্গেট করা হয়েছিল। তবে কী কারণে শুটার ভাড়া করে তাকে হত্যা করতে চেয়েছিল, সে বিষয়টি এখনো জানা যায়নি। এ ঘটনায় গ্রেপ্তার চঞ্চলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে ইউসুফ হত্যায়ও কয়েকজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে তার পরিবার।

ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনা গুলিবিদ্ধ নালাম সরদারের (৪৫) গ্রামের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর থানার হুগলাবুনিয়া গ্রামে। তার বাবার নাম ইয়াসিন সরদার। তার পেশা কাঁচামাল ব্যবসায়ী এবং তার মাথার পেছনে গুলি লেগেছে।

অন্য গুলিবিদ্ধ ব্যক্তি মনির হোসেনের (৩২) গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানায়। তার বাবার নাম মালেক شিকদার। তিনি ফুটপাতের কাপড় ব্যবসায়ী।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, গুলির ঘটনায় কাফরুল থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। ইউসুফের পরিবার থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে, যেখানে বেশ কয়েকজনের নাম রয়েছে। অন্যদিকে চঞ্চলের বিরুদ্ধে অস্ত্র আইনে আলাদা মামলা হয়।

ঘটনার পেছনের কারণ জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত এর পেছনের মূল কারণ জানা যায়নি। আমাদের কাছে শুধু চঞ্চল গ্রেপ্তার রয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদির ‘গদি’ উল্টে দেওয়ার ডাক রাহুল গান্ধীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:৪৪ পি.এম


মোদির ‘গদি’ উল্টে দেওয়ার ডাক রাহুল গান্ধীর

ভারতের তরুণদের জন্য নতুন প্লাটফর্ম ককরোচ (তেলাপোকা) জনতা পার্টির তীব্র আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন। এই আন্দোলনে সফলতার জন্য আন্দোলনকারীদেরকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী।

তবে তিনি আন্দোলনকারীদেরকে এখানেই থেমে না থেকে মোদি সরকারের পতনের জন্য লড়ে যেতে বলেছেন। আন্দোলনে কৃষক-শ্রমিকসহ সমাজের অন্যান্য অংশেরও অংশগ্রহণ করতে বলেছেন এই কংগ্রেস নেতা।

শনিবার (২৫ জুলাই) তার বাসভবন ১০ জনপথে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি দলের সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল গান্ধী। পরে সারা দেশের শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টও করেন তিনি। গণতন্ত্র, সংবিধান ও নিজেদের ভবিষ্যৎ রক্ষায় রাজপথে নেমে লড়াই করার জন্য তিনি তরুণদের প্রশংসা করেছেন।

সেখানে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ভারতের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের পথে একটি বিশাল পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন রাহুল গান্ধী। তিনি লিখেছেন, “সারা দেশের শিক্ষার্থীদের জন্য আমরা গর্বিত।” গণতন্ত্র ও সংবিধান রক্ষায় যেসব তরুণ শিক্ষার্থীরা রাজপথে অনড় ছিলেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

তিনি শিক্ষার্থীদের এই আন্দোলনে সরকারের দমন-পীড়নের কড়া সমালোচনাও করেছেন। জরুরি অবস্থায় ভয় না পেয়ে সাংবিধানিক পদ্ধতির মাধ্যমে আন্দোলনকারীদের নিজেদের মর্যাদা রক্ষার আহ্বান জানান তিনি।

এসময় ভারতের কৃষক, শ্রমিক, দরিদ্র ও এ সরকারের হাতে নিপীড়িত প্রতিটি মানুষের প্রতি আহবান জানিয়ে রাহুল গান্ধী লেখেন, “সত্যিকারের সাহস হলো সাংবিধানিক পন্থায় নিজের মর্যাদার জন্য অবিচল থাকা। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে দেওয়ার সময় এসেছে। ভয় পাবেন না!”

এদিকে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের সঙ্গে সঙ্গে ভারত সরকার শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলোও মেনে নেওয়ায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

তারা জানিয়েছেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি সরকার তাদের অন্য দাবিগুলোও মেনে নিয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা পুলিশের মামলা তুলে নেওয়া, ভবিষ্যতে তাদের হয়রানি না করা এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মঘাতী শিক্ষার্থীদের পরিবারকে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া।

৩৬ দিন ধরে চলা এই আন্দোলনের পর সরকারের পক্ষ থেকে দাবিগুলো মেনে নেওয়ায়, সব বিক্ষোভকারীকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদস্থল ত্যাগ করে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে, প্রশংসায় ভাসালেন আর্জেন্টাইন কিংবদন্তিকে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে, প্রশংসায় ভাসালেন আর্জেন্টাইন কিংবদন্তিকে

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সাবেক তারকা হুয়ান রোমান রিকেলমে আবারও প্রশংসায় ভাসালেন লিওনেল মেসিকে। তিনি জানিয়েছেন, মেসির খেলা উপভোগ করা অসম্ভব এবং আর্জেন্টিনার হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার জন্য দেশের জনগণের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো উচিত।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে-কে দেওয়া এক সাক্ষাৎকারে রিকেলমে বলেন যে, মেসি অন্য সবার চেয়ে ভিন্নভাবে ফুটবল খেলেন। মাঠে তিনি হাঁটতে হাঁটতেই খেলার গতিপ্রকৃতি বিশ্লেষণ করেন এবং মুহূর্তের মধ্যেই এমন সিদ্ধান্ত নেন, যা অন্যদের কল্পনারও বাইরে।

রিকেলমের ভাষায়, “মেসি ফুটবল খেলছে, আর সেটা উপভোগ না করা অসম্ভব। সে হাঁটে, পর্যবেক্ষণ করে ম্যাচ কোনদিকে এগোচ্ছে। যখন আমরা গ্যালারিতে বা টিভির সামনে উদ্বিগ্ন থাকি, তখনও সে মাঠে থেকে পুরো খেলাটা পড়ছে। সে একেবারে ভিন্নভাবে খেলে, তাই এটা বিস্ময়কর।”

মেসির অসাধারণ প্রতিভার প্রশংসা করতে গিয়ে বোকা জুনিয়র্সের বর্তমান সভাপতি বলেন, সময়ের সঙ্গে আর্জেন্টাইন অধিনায়ক নিজেকে আরও সমৃদ্ধ করেছেন। ছোটবেলায় তার গতি ছিল অবিশ্বাস্য, পরে যোগ হয়েছে নিখুঁত পাস, দুর্দান্ত ফ্রি-কিক এবং গোল করার অসাধারণ দক্ষতা।

রিকেলমে উল্লেখ করেন, মেসি এমন কিছু ভাবে চিন্তা করে, যা অন্যদের কল্পনারও বাইরে। ছোটবেলায় সকলে বলত, সে বলের চেয়েও দ্রুত দৌড়াতে পারে। এরপর সে পাস দেওয়া, ফ্রি-কিক থেকে গোল করা সবকিছুই আয়ত্ত করে নিয়েছে। ২০ বছর ধরে সে নিজেকে সেরা প্রমাণ করে যাচ্ছে। এখন আর তার কোনো কিছুই তাকে অবাক করে না।

মেসির জাতীয় দল বেছে নেওয়ার সিদ্ধান্তের কথাও স্মরণ করিয়ে দেন রিকেলমে। শৈশবে স্পেনে চলে গিয়ে বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠায় স্পেনের হয়ে খেলার সুযোগ ছিল তার। তবে সব প্রস্তাব ফিরিয়ে দিয়ে জন্মভূমি আর্জেন্টিনার জার্সিই বেছে নেন তিনি।

এ প্রসঙ্গে রিকেলমে বলেন, তাকে ধন্যবাদ জানানো ছাড়া আমাদের আর কিছুই করার নেই। আমরা আর্জেন্টাইনরা সৌভাগ্যবান যে সে স্পেনকে নয়, আমাদের দেশকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিচার ও সংস্কারের তাগিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:৪৭ পি.এম


জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিচার ও সংস্কারের তাগিদ

‘সেন্টার ফর বেঙ্গল স্টাডিজ’ (সিবিএস)-এর উদ্যোগে ‘জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা: বিচার, সংস্কার ও পুনর্গঠন’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার অডিটোরিয়ামে বিকাল ৪টায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. দিলারা চৌধুরী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম, স্বাধীন তদন্ত কমিশনের (বিডিআর হত্যাযজ্ঞ বিষয়ক) সদস্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন এবং সংবিধান সংস্কার কমিশনের সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক।

আলোচনার শুরুতে সেন্টার ফর বেঙ্গল স্টাডিজের নির্বাহী পরিচালক রাশিদুল হক তিমুর স্বাগত বক্তব্যে উল্লেখ করেন, যদি জুলাই পরবর্তী নতুন বাংলাদেশকে টেকসই ও দীর্ঘস্থায়ী করে তুলতে চাই হয় তাহলে প্রথমেই গণহত্যা ও আওয়ামী ফ্যাসিস্টদের অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। তাহলে সংস্কার ও পুনর্গঠনের কাজ সহজতর হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. দিলারা চৌধুরী বলেন, “শেখ হাসিনা যে ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন তার ভিত্তি ছিল বাহাত্তরের সংবিধান। এই রাজনৈতিক ব্যবস্থা হতে মুক্তি পেতে জুলাই অভ্যুত্থানে দেশের তরুণেরা প্রাণ দিয়েছে।”

জুলাই অভ্যুত্থানের হত্যাযজ্ঞের বিচারের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “জুলাইয়ে আমাদের দেশে হত্যাযজ্ঞ সংঘটিত হয়। এই হত্যাযজ্ঞ কোনো বহিরাগত শক্তির দ্বারা সংঘটিত হয়নি। যখন কোনো দেশের সরকার এরকম হত্যাযজ্ঞ সংঘটিত করে তাকে স্টেট স্পন্সরড টেররিজম বলা হয়। আর্জেন্টিনা এবং চিলিতে পূর্বে এরকম ঘটনাগুলো পরিচালনা করেছিল দেশগুলোর ডিক্টেটররা।”

তিনি আরও বলেন, “ট্রানজিশনাল জাস্টিস গুরুত্বপূর্ণ। ট্রানজিশনাল জাস্টিস না থাকলে একটি বিচারহীনতার সংস্কৃতির জন্ম নেয়। এই যে মব ভায়োলেন্সের কথা বলা হচ্ছে—এটি সবসময় আমাদের দেশে ছিল। যখন মানুষ সুবিচার পায় না, তখন আইন নিজের হাতে তুলে নেয়। মব ভায়োলেন্স প্রতিরোধ করতে হলে আগে সুবিচার নিশ্চিত করতে হবে।”

ক্ষমতাসীন সরকারের সমালোচনা করে তিনি মন্তব্য করেন, “আমি জানি না, বিএনপি সরকার বাহাত্তরের সংবিধানের মধ্যে কী মধু খুঁজে পেয়েছে। বাহাত্তরের সংবিধান ত্রুটিপূর্ণ। এটি একটি গোষ্ঠীর হাতে ক্ষমতাকে তুলে দেয়। আমরা দেখেছি, তারা জুলাই সনদের ক্ষমতার ভারসাম্য সংক্রান্ত প্রস্তাবগুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছে। তারা বলছে, তারা গণভোট মানে না। কারণ, গণভোট নাকি অসাংবিধানিক! ড. মাহবুব উল্লাহ এজন্যই বলেছেন, আমি বিএনপির অভ্যন্তরে আইন নিয়ে খোঁচাখুঁচির বিষয়টি দেখে বিরক্ত।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “বিগত ১৭ বছরে আওয়ামী লীগ ছাড়া দেশের সকল নাগরিক দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হয়েছে। এই প্রেক্ষাপটে জুলাই বিপ্লব সংঘটিত হয়। নির্বাচন পরবর্তী সময়ে এসে আমরা দেখলাম যে, বলা হচ্ছে, নির্বাচন যেন দ্রুত সংঘটিত হয় সেজন্য তারা সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ মেনে নিয়েছিলেন। আপনারা আপনাদের দল, জাতির সঙ্গে বেইমানি করছেন। ছয় মাস অতিবাহিত হয়েছে, এখনও সময় আছে। আপনারা জুলাই সনদের সংস্কার প্রস্তাবসমূহ মেনে নেন।”

আওয়ামী লীগের পুনর্বাসন বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হলে ট্রুথ কমিশনের মাধ্যমে তারা যে অপরাধসমূহ সংঘটিত করেছে সেগুলোর বিচার নিশ্চিত করতে হবে। এরপর ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে তাদের পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। জুলাই একটি ঐতিহাসিক বিপ্লব। আমরা জুলাই ব্যর্থ হতে দেব না। আমরা এর জন্য সব ধরনের চাপ প্রয়োগ করতে থাকব।”

স্বাধীন তদন্ত কমিশনের (বিডিআর হত্যাযজ্ঞ বিষয়ক) সদস্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন বলেন, “বিডিআর হত্যাযজ্ঞ সংঘটিত হয় ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি। এই হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা অফিসার শহীদ হন। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত যারা বিডিআর হত্যাযজ্ঞের বিচার দাবি করেছে তাদের নানাভাবে হয়রানির শিকার হতে হয়েছে। এই সরকারের বিডিআর হত্যাযজ্ঞের বিচার করার সুবর্ণ সুযোগ রয়েছে। আমরা আমাদের তদন্তে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছি। শেখ হাসিনার ভাতিজা ফজলে নূর তাপস এবং শেখ সেলিম ২০০৮ সালের আগস্ট-সেপ্টেম্বর থেকেই বিডিআর সদস্যদের নানাভাবে উস্কানি দিতে থাকে।”

বিডিআর হত্যাযজ্ঞে বহিরাগতদের সংশ্লিষ্টতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “বিডিআর হত্যাযজ্ঞে বহিরাগতরা জড়িত ছিল। বহিরাগতদের বিডিআরদের পোশাক সরবরাহ করেছিল সোহেল তাজ। তিনি বলেছেন, আমি বিডিআর পোশাক পরিধান করে প্যারেডে অংশগ্রহণ করব। একজন প্রতিমন্ত্রী কীভাবে পোশাক পরিধান করে প্যারেডে অংশগ্রহণ করে! যে ব্যক্তি পোশাক তৈরি করেছিল তার বক্তব্য নিয়েছি। যারা হত্যাযজ্ঞে অংশগ্রহণ করেছিল, তাদের বিষয়টি স্বীকার করেছে।”

বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “আওয়ামী লীগের হাজারিবাগ এলাকার নেতা-কর্মীরা মিছিল নিয়ে পিলখানায় প্রবেশ করে। সেই মিছিলের মাধ্যমে বহিরাগতরা পিলখানা ত্যাগ করে। আমরা দেখতে পাচ্ছি, কীভাবে একটি দলের তৃণমূল নেতা-কর্মী হতে সর্বোচ্চ নেতৃত্ব তথা শেখ হাসিনা পর্যন্ত বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল।”

বিডিআর হত্যাকাণ্ডে গণমাধ্যমের নেতিবাচক ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, “সে সময় গণমাধ্যম ন্যাকারজনক ভূমিকা পালন করে। মুন্নী সাহা, জ.ই. মামুন বিডিআর হত্যাকাণ্ডের লাইভ টেলিকাস্ট করলে সারাদেশে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। ডেইলি স্টারের জুলফিকার মানিক কোনো তথ্য-প্রমাণ ছাড়াই একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেন। কোনো সোর্স উল্লেখ না করে তিনি বলেন, পিলখানায় জঙ্গিরা আক্রমণ করেছে। ভারতের প্রায় সকল মেইনস্ট্রিম মিডিয়া এই প্রতিবেদনের ওপর রিপোর্ট করেছিল।”

সংবিধান সংস্কার কমিশনের সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক বলেন, “জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের সংবিধানের সমস্যাসমূহের সমাধানের একটি সুযোগ তৈরি হয়েছে। সংবিধান সংস্কার নিয়ে কাজ করার সময় আমরা দেখেছি, দেশের সাধারণ জনগণ সংবিধান সংস্কার নিয়ে কতটা আগ্রহী। আমাদের উদ্দেশ্য ছিল ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা। এক ব্যক্তি বা গোষ্ঠীর হাতে যেন ক্ষমতা কুক্ষিগত না থাকে।”

তিনি আরো বলেন, “ইতিহাসে এরকম সময় খুব কম আসে যখন আমরা রাষ্ট্রের পুনর্গঠন নিয়ে চিন্তা করি। রাষ্ট্রের যেকোনো সংকটকালীন সময়ে তরুণদেরই রক্ত দিয়ে তার মূল্য দিতে হয়। এরকম সংকট হতে উত্তরণের সুযোগ জুলাই আমাদের এনে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%