০৮:২২ পি.এম
ঢাকায় এর আগে তিনবার আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। তবে পেছনের সব কটি আসরকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা নিয়ে এবারের প্রতিযোগিতার আয়োজন করছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। আগামী ১০ জুন থেকে পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে পাঁচ দিনব্যাপী বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফি-২০২৬ শুরু হতে যাচ্ছে।
ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ, আফগানিস্তান এবং বাংলাদেশ, এই ছয় দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। অনূর্ধ্ব-২০ বিভাগে দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘এ’ গ্রুপে খেলবে ভারত, নেপাল এবং ইয়েমেন। ‘বি’ গ্রুপে মালদ্বীপ, আফগানিস্তান এবং স্বাগতিক বাংলাদেশ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলগুলো নিয়ে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ জুন।
অনূর্ধ্ব-১৮ বিভাগের ম্যাচগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলটি পরবে চ্যাম্পিয়নের মুকুট।
আরও পড়ুন: ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার ৬২০ যাত্রী
বিশ্বজুড়ে হ্যান্ডবলের মানোন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ করে দিতে আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন পুরো এশিয়া মহাদেশকে কয়েকটি ভৌগোলিক অঞ্চল বা জোনে বিভক্ত করেছে। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী দক্ষিণ ও মধ্য এশিয়া নিয়ে গঠিত হয়েছে এশিয়ান জোন-২। এই জোনের অধীনে বিভিন্ন টুর্নামেন্টের অন্যতম হচ্ছে এবারের বয়সভিত্তিক আইএইচএফ ট্রফি। এই জোনের চ্যাম্পিয়ন হওয়া দলটি পরবর্তী সময়ে পুরো এশিয়া মহাদেশের মূল পর্বে কন্টিনেন্টাল ফেসে খেলার সুযোগ পাবে।
এর আগে প্রথমবার ঢাকায় বয়সভিত্তিক হ্যান্ডবলের আন্তর্জাতিক আসর বসেছিল ২০০০ সালে। সেবার অনুষ্ঠিত হয়েছিল এশিয়ান উইমেন্স জুনিয়র হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। পরে ২০১০ সালে দক্ষিণ এশিয়ান গেমসে হ্যান্ডবল ডিসিপ্লিন অন্তর্ভুক্ত ছিল। সর্বশেষ ২০২৩ সালের মে মাসে অনুষ্ঠিত হয়েছিল আইএইচএফ উইমেনস চ্যালেঞ্জ ট্রফি। ওই টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ বিভাগে বাংলাদেশ, ভারত, নেপাল এবং মালদ্বীপ অংশগ্রহণ করেছিল। যেখানে মেয়েদের অ-১৭ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
এবারের প্রতিযোগিতাকে সামনে রেখে বাংলাদেশ দল দুই মাস ধরে নিবিড় অনুশীলন করেছে।
অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক রাতুল উদ্দিন জানিয়েছেন, গ্রুপের প্রতিটি ম্যাচ জিতে ফাইনালে উঠতে চান, "আমাদের অনুশীলন ভালো হয়েছে। ফাইনালে উঠতে হলে আমাদের গ্রুপে ভালো করতে হবে। আমাদের প্রথম লক্ষ্যই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া।”
আরও পড়ুন: ঢাবি শিক্ষক দুলাল কান্তি বাসায় ফিরেছেন, পরিবার অভিযোগ করেছে অপহরণের
অনূর্ধ্ব-১৮ দলের অধিনায়ক আসাদুল্লাহ আদিব বলেন, প্রস্তুতি নিয়ে তিনি সন্তুষ্ট, "আমরা গত দুই মাস অনুশীলন করছি। পর্যায়ক্রমে জাতীয় দল, বাংলাদেশ পুলিশ, বিজিবি, ঢাকা দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছি। প্রত্যেক ম্যাচে ভুল শোধরানোর চেষ্টা করেছি। ঘরের মাঠে খেলা। আশা করি সর্বোচ্চটা দিয়ে দলকে চ্যাম্পিয়ন করতে পারব।”
প্রতিযোগিতা উপলক্ষে রোববার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি ড. আবু নছর মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ মজনু মোল্লা, সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন আহমেদ, স্পনসর প্রতিষ্ঠান ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং আবদুল্লাহ আল মামুন, অ-১৮ দলের ম্যানেজার কামরুল ইসলাম, অ-২০ দলের ম্যানেজার মোহাম্মদ সেলিম মিয়া এবং টুর্নামেন্ট কো-অর্ডিনেটর রাশিদা আফজালুন নেসা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন