ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা


ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভৈরব বাজারের টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে আল-আমিন সৈকতকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত আল-আমিন সৈকত ভৈরবপুর উত্তরপাড়ার আড়াই বেপারি বাড়ির ব্যবসায়ী জসিম মিয়ার ছেলে। তিনি ভৈরব পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক ছিলেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব রহমান জানান, টিনপট্টি এলাকায় দুর্বৃত্তদের হামলায় আল-আমিন সৈকত গুরুতর আহত হন। পরে ঢাকায় নেওয়ার সময় তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার পর পুলিশ হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করেছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আল-আমিন সৈকতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভৈরবজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলের নেতাকর্মীরা এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাবি আদায়ে অবস্থান কর্মসূচিতে শিক্ষক-কর্মচারীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৬ এম


দাবি আদায়ে অবস্থান কর্মসূচিতে শিক্ষক-কর্মচারীরা

রাজধানীতে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি শুরু করেছেন শিক্ষক-কর্মচারীরা। তারা নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করছেন।

সোমবার (২৪ আগস্ট) সকালে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালনের জন্য অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বাংলাদেশ নন-এমপিও (বেতন-বিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। গত ২৩ আগস্ট সংগঠনের পক্ষ থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ ২১ শর্তে কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে।

ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপারেশনস) মো. মাহবুব হোসেন কামালের সই করা এক চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময় ও স্থানে শান্তিপূর্ণভাবে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করতে হবে।

পুলিশের শর্তগুলোর মধ্যে রয়েছে—অনুমোদিত স্থানের বাইরে কোথাও কর্মসূচি পালন করা যাবে না; নির্ধারিত সময়ের মধ্যে কর্মসূচি শেষ করতে হবে; ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বক্তব্য বা প্রচার করা যাবে না; উসকানিমূলক বক্তব্য দেওয়া যাবে না এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না।

এ ছাড়া কর্মসূচিতে কোনো ধরনের মাদকদ্রব্য ব্যবহার করা যাবে না; আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ড করা যাবে না এবং পুলিশের নির্দেশনা মেনে চলতে হবে। মানববন্ধন চলাকালে সংগঠনের নিজস্ব ব্যবস্থাপনায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও করতে বলা হয়েছে।

পুলিশের অনুমতিপত্রে আরও বলা হয়েছে, কর্মসূচির কারণে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না।

অনুমোদিত স্থানের বাইরে কাউকে মানববন্ধন করতে দেওয়া হবে না। কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেল ৪ বছরের শিশুর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৮ এম


গাজায় ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেল ৪ বছরের শিশুর

যুদ্ধবিরতির সময়ে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় চার বছর বয়সী এক শিশুসহ দুজন নিহত হন। এ হামলায় আহতের সংখ্যা আরো সাতজন।

গাজা থেকে ড্রোন, ঘুড়ি ও বেলুন পাঠানোর অভিযোগ তুলে ইসরায়েল অঞ্চলটিতে হামলা আরো তীব্র করার হুমকি দিয়েছে।

রবিবার (২৩ আগস্ট) গাজার জাওয়াইদা শহরের একটি আবাসিক ভবনে এবং নিকটস্থ নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েল বিমান হামলা চালায়। এই হামলার ফলে চার বছরের শিশু মোহাম্মদ আবদেল-সালাম তাহাসহ বেশ কয়েকজন উড়ন্ত ধ্বংসাবশেষের আঘাতে গুরুতর আহত হন। শিশুটির মৃত্যু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটে।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, ঘটনাগুলো তারা তদন্ত করে দেখছে। এর আগে দেইর আল-বালাহ শহরে হামাসের এক জ্যেষ্ঠ নেতাকে হত্যার কথা দাবি করে ইসরায়েল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গাজা থেকে ড্রোন, ঘুড়ি ও বেলুন পাঠানো যদি বন্ধ না হয়, তাহলে সেখানে হামলা আরো বাড়ানো হবে এবং বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হবে। এই অভিযোগটি প্রত্যাখ্যান করে হামাস নেতা বাসেম নাইম জানান, শিশুরা শুধুমাত্র ধ্বংসস্তূপের মধ্যে খেলার জন্য ঘুড়ি উড়াচ্ছে।

এদিকে, যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েলি হামলায় গাজায় নতুন করে ১২০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপর একটি ঘটনায়, অধিকৃত পশ্চিম তীরে এক ইসরায়েলিকে ছুরিকাঘাতের জের ধরে পরিচালিত অভিযানে ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনেত্রী শিমু হত্যাকাণ্ডের নেপথ্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৩ এম


অভিনেত্রী শিমু হত্যাকাণ্ডের নেপথ্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

ঢাকাই শোবিজ অঙ্গনসহ পুরো দেশের মানুষকে স্তব্ধ করে দিয়েছিল অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যাকাণ্ডটি। ২০২২ সালের ১৬ জানুয়ারি শুটিংয়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হয়ে যান। পরবর্তীতে ঢাকার কেরানীগঞ্জ থেকে বস্তাবন্দী অবস্থায় তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তকালে উঠে আসে পারিবারিক কলহ, সন্দেহ, নৃশংস হত্যাকাণ্ড এবং আলামত গোপনের চাঞ্চল্যকর তথ্য।

শিমু অভিনয়ে মঞ্চনাটকের মাধ্যমে হাতেখড়ি নিয়েছিলেন। পরে তিনি প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক কাজী হায়াতের নজরে আসেন এবং বড় পর্দায় তার অভিষেক ঘটে। তিনি ১৯৯৮ সালে ‘বর্তমান’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।

ক্যারিয়ারে শিমু প্রায় ২৫টি চলচ্চিত্র এবং ৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘জামাই শ্বশুর’ ছিল তার অভিনীত সর্বশেষ সিনেমা। পরবর্তীতে তিনি অনুষ্ঠান প্রযোজনা এবং একটি বেসরকারি টেলিভিশনের বিপণন বিভাগেও কাজ করেন।

অভিনয়ের সূত্রে সাখাওয়াত আলী নোবেলের সঙ্গে ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন শিমু। তাদের সংসার ছিল গ্রিন রোডের বাসায় দুই সন্তানকে নিয়ে। কিন্তু তদন্তে দেখা যায়, বেশ কিছু দিন ধরেই তাদের দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছিল। স্ত্রীকে কেন্দ্র করে নোবেলের মনে নানা সন্দেহ তৈরি হয়েছিল। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে বাকবিতণ্ডা হত। করোনাকালীন অর্থনৈতিক চাপও পারিবারিক অশান্তি বাড়িয়ে তোলে বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

২০২২ সালের ১৬ জানুয়ারি সকালে শুটিংয়ে যাওয়ার কথা বলে শিমু বাসা থেকে বের হন। কিন্তু নির্ধারিত স্থানে তিনি না পৌঁছালে উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনরা। ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

শিমুর বোন ফাতিমা নিশা কলাবাগান থানায় গিয়ে সাধারণ ডায়েরি করেন। স্ত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় স্বামী নোবেলও থানায় যান।

নিখোঁজের এক দিন পর, ১৭ জানুয়ারি কেরানীগঞ্জের হযরতপুর সেতুর কাছে ঝোপঝাড়ে স্থানীয়রা একটি পরিত্যক্ত বস্তা দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বস্তার ভেতর থেকে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করে। পরে শিমুর ভাই শহিদুল ইসলাম মারদেহ শনাক্ত করেন।

তদন্তের শুরুতে পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখে। এরপর তারা পরিবারের অভ্যন্তরীণ বিষয় এবং শিমু-নোবেল দম্পতির ব্যবহৃত ব্যক্তিগত গাড়ির দিকে নজর দেয়।

গাড়ির ভেতরে তীব্র ব্লিচিং পাউডারের গন্ধ পাওয়া যায়, যা আলামত ও রক্তের চিহ্ন মুছে ফেলার চেষ্টা হিসেবে তদন্তকারীদের সন্দেহ বাড়ায়। গাড়ি থেকে উদ্ধার হওয়া নাইলনের দড়ির সঙ্গে মরদেহ বহনে ব্যবহৃত বস্তার দড়ির মিল পাওয়া যাওয়ার কথাও উঠে এসেছে তদন্তে।

আলামতের সূত্র ধরে পুলিশ নোবেল ও তার বন্ধু এস এম ওয়াই আবদুল্লাহ ফরহাদকে জিজ্ঞাসাবাদ করে। তদন্ত সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, ১৬ জানুয়ারি সকালে শিমু ও নোবেলের মধ্যে তীব্র ঝগড়ার একপর্যায়ে শিমুকে শ্বাসরোধে হত্যা করা হয়।

পরে আলামত গোপনের উদ্দেশ্যে মরদেহ বস্তাবন্দী করা হয় এবং রাতের দিকে কেরানীগঞ্জের একটি নির্জন এলাকায় ফেলে আসা হয় বলে পুলিশি তদন্তে উঠে আসে।

স্ত্রী নিখোঁজ এমন একটি পরিস্থিতি তৈরি হলেও তদন্তকারীরা গাড়ির আলামত, পারিবারিক দ্বন্দ্ব এবং অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশের তদন্তে শিমু হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক বিরোধ ও হত্যার অভিযোগের বিষয়টি সামনে আসে।

জনপ্রিয় অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর এই হত্যাকাণ্ডটি শুধু শোবিজ অঙ্গনেই নয়, পুরো দেশেই ব্যাপক আলোড়ন তোলে। একটি পারিবারিক সম্পর্কের ভেতরে জমে থাকা দ্বন্দ্ব ও সন্দেহ কীভাবে ভয়াবহ ফল ডেকে আনতে পারে, শিমু হত্যাকাণ্ড তারই একটি মর্মান্তিক উদাহরণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবিতে আমানউল্লাহ আমানের সমর্থকদের মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১০:০৪ এম


ঢাবিতে আমানউল্লাহ আমানের সমর্থকদের মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদলের নেতা আমানউল্লাহ আমানের সমর্থনে মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা।

রবিবার (২৩ আগস্ট) রাতে অনুষ্ঠিত এই মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শেষ পর্যন্ত মধুর ক্যান্টিনের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলের সমাপ্তির পর মধুর ক্যান্টিনের সামনে বক্তব্য দেন আমানউল্লাহ আমান। ওই সময় তিনি নবীন শিক্ষার্থীদের জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকাতলে যুক্ত হওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত মিছিল থেকে বিএনপি ও তারেক রহমানকে সমর্থন করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এই মিছিলকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%