ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু


রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই)-এর ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু হয়েছে।
রবিবার (২১ জুন) সকালে রুয়েটের প্রশাসন ভবনের সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সঙ্গে বৈঠকের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
বৈঠকে বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে বিএইটিই টিম রুয়েটের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে। এ সময় তারা শিক্ষার মান, অবকাঠামো, গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন কার্যক্রম শেষে আগামী মঙ্গলবার উপাচার্য, অনুষদের ডিনবৃন্দ ও রেজিস্ট্রারের সঙ্গে সমাপনী সভায় অংশ নিয়ে বিএইটিই টিম রুয়েট ত্যাগ করবে।
বিএইটিই ইভ্যালুয়েশন টিম প্রকৌশল ও কারিগরি শিক্ষার মানোন্নয়ন, তদারকি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বীকৃতি প্রদানে কাজ করে থাকে।
উল্লেখ্য, বিএইটিই’র পূর্ববর্তী মূল্যায়নের পর রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং পুরকৌশল বিভাগ ৬ বছরের জন্য মর্যাদাপূর্ণ বিএইটিই অ্যাক্রিডিটেশন অর্জন করেছে। এছাড়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাক্রিডিটেশন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
অ্যাক্রিডিটেশন পাওয়ার ফলে রুয়েটের সংশ্লিষ্ট বিভাগগুলোর শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা, আন্তর্জাতিক স্কলারশিপ এবং বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরির সুযোগ আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। পাশাপাশি ভবিষ্যতে ওয়াশিংটন অ্যাকর্ড-এর মতো আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পথও আরও সহজ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে অজু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


নরসিংদীতে অজু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে তিন মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হন আরো ১ জন। রোববার (২১ মে) সন্ধ্যায় মনোহরদী উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় বজ্রপাতের এই ঘটনাটি ঘটে।

নিহত ছাত্রদের মধ্যে রয়েছে, জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) এবং আবু জাফর (১৫)। তিনজনের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরে অবস্থিত।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা এবং শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ এই তথ্যটি নিশ্চিত করেছেন।

ওসি জাহাঙ্গীর বাদশা জানান, মাগরিবের নামাজের আগে মাদ্রাসায় অজু করার সময় ৪ ছাত্র আহত হন। আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন। আর একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড্যাফোডিলের ফুটবল উন্মাদনা নজর কাড়ল নেইমারের, দিয়েছেন লাইক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


ড্যাফোডিলের ফুটবল উন্মাদনা নজর কাড়ল নেইমারের, দিয়েছেন লাইক

বাংলাদেশে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা, বিশেষ করে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের আবেগ, এটি একটি নতুন ঘটনা নয়। তবে দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এবার ফুটবলপ্রেম দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। জাতীয় ও আন্তর্জাতিক বহু গণমাধ্যমে ড্যাফোডিলের ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ার পর, এবার সেই ভালোবাসার প্রতিফলন দেখা গেছে খোদ ব্রাজিলের তারকা নেইমার জুনিয়রের কাছ থেকে।

শনিবার (২০ জুন) সকালে বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ চলাকালীন বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে খেলা উপভোগ করতে প্রায় ১০ হাজারের বেশি শিক্ষার্থী ও ফুটবলপ্রেমী জড়ো হন। গোল হওয়ার সাথে সাথে হলুদ জার্সি ও ব্রাজিলের পতাকা হাতে শিক্ষার্থীরা ক্যাম্পাসকে মুখরিত করে তুলে। একপর্যায়ে তারা সমস্বরে ‘নেইমার, নেইমার’ স্লোগান দিতে থাকে।

বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইফতেখার ইফতি সেই মুহূর্তের একটি রিল ভিডিও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন। ভিডিওটি ক্ষণिकায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে এবং লক্ষাধিক ফুটবলপ্রেমীর নজর কাড়ে। কিন্তু সবচেয়ে বড় চমক আসে তখন, যখন ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী তারকা নেইমার জুনিয়র তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই ভিডিওতে রিঅ্যাক্ট করেন।

এর আগে, ১৭ জুন আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ, ২০ জুন ব্রাজিল-হাইতি ম্যাচ এবং ১৪ জুন ব্রাজিল-মরক্কো ম্যাচের সময় ড্যাফোডিলের শিক্ষার্থীদের উচ্ছ্বাসের ভিডিও জাতীয় গণমাধ্যমসহ আন্তর্জাতিক ক্রীড়া প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেক আন্তর্জাতিক ক্রীড়া গণমাধ্যম ও ফুটবল বিশ্লেষকেরাও সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও শেয়ার করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ফক্স সকার, ইএসপিএন, মার্কা, টিওয়াইসি স্পোর্টস, দিয়ারিও ওলে এবং জনপ্রিয় ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

প্রিয় তারকার কাছ থেকে এমন ভার্চুয়ালি পাওয়া সাড়া ড্যাফোডিল ক্যাম্পাসের পাশাপাশি দেশের ব্রাজিল সমর্থকদের মধ্যেও আনন্দ ছড়িয়ে দিয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ড্যাফোডিলের ফুটবল সংস্কৃতি ও সমর্থকদের উচ্ছ্বাস আলোচিত হওয়ার কারণে ক্যাম্পাসে বিশ্বকাপের আমেজ আরও বৃদ্ধি পেয়েছে।

ড্যাফোডিলের কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, আমাদের ক্যাম্পাস সবসময় খেলাধুলাবান্ধব। বড় পরিসরের নিজস্ব ক্যাম্পাস থাকার কারণে খেলাধুলা ও খেলা দেখার আয়োজনগুলোও বিশেষ হয়ে যায়। ফুটবল নিয়ে আমাদের উন্মাদনা অনেক পুরোনো। গত বিশ্বকাপেও আমরা তা দেখেছি। এবার আমরা শুরু থেকেই বিশ্বকে জানাতে চাই, বাংলাদেশে ফুটবলপ্রেমীদের আবেগ ও উচ্ছ্বাস কতটা গভীর। আমরা আশা করি, আমাদের প্রিয় খেলোয়াড়রাও জানুক, বাংলাদেশে তাদের প্রতি ভালোবাসা কতটা ব্যাপক।

ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা নেইমারের এই ছোট্ট একটি ‘লাইক’ যেন প্রমাণ করে দেয়, ভৌগোলিক দূরত্ব যতই থাকুক না কেন, বাংলাদেশি সেলেসাও সমর্থকদের ভালোবাসা ঠিকই পৌঁছে যায় তাদের প্রিয় তারকার কাছে, জানিয়েছেন শিক্ষার্থীরা। এখন শিক্ষার্থীদের প্রত্যাশা, একদিন বাংলাদেশ থেকে ড্যাফোডিলের ফুটবলপ্রেমীদের সমর্থনের বার্তা পৌঁছে যাবে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর কাছেও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর বিতর্ক দেখা দিয়েছে। কমিটিতে সাবেক ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের পদ দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। এর প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ, সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে কর্মসূচি পালন করেছেন তারা।
গত বুধবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ রামেক ছাত্রদলসহ রাজশাহীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শাখা কমিটি ঘোষণা করে। এর মধ্যে রামেক, রাজশাহী কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ও রাজশাহী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউট শাখা রয়েছে।
রামেক ছাত্রদলের কমিটিতে সহসভাপতি পদ পেয়েছেন মিজানুর রহমান। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, তিনি আগে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সংগঠনের পদেও ছিলেন। তাদের দাবি, একসময় হোস্টেল কক্ষে মাদক সেবনের অভিযোগে তাকে শাস্তির মুখোমুখি হতে হয়েছিল। এছাড়া ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর তার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা।
এই কমিটির সভাপতি হয়েছেন আমরি মীম এবং সাধারণ সম্পাদক হয়েছেন রিমন আলী। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদ পাওয়া আবু হানিফা হানিফের বিরুদ্ধেও ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ করেছেন নেতাকর্মীরা।
এদিকে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের কমিটি নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। কমিটির আহ্বায়ক আবু সাঈদ হাসানকে বিবাহিত ও ব্যবসায়ী দাবি করে অনেকে প্রশ্ন তুলেছেন। তবে আবু সাঈদ বলেন, বিবাহিত হওয়া দায়িত্ব পালনের ক্ষেত্রে বাধা নয়। অনেক বড় ইউনিটেও বিবাহিতরা দায়িত্বে আছেন।
সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শামানুল হক হৃদয়ের বিরুদ্ধেও সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট ও আচরণের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছিল বলে জানা গেছে।
একই কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান সুইটের বিরুদ্ধেও মাদক ও অন্যান্য মামলার অভিযোগ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটিতেও কয়েকজন নেতাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সভাপতি মাহমুদ হাসান লিমন বিবাহিত বলে অভিযোগ করেছেন অনেকে। এছাড়া কয়েকজন নেতার বিরুদ্ধে অতীতে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
রাজশাহী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদ পাওয়া শেখ নূর মোহাম্মদ ইমনকে নিয়েও স্থানীয় নেতাদের মধ্যে আপত্তি রয়েছে। তাদের দাবি, তিনি অতীতে ভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের কমিটি নিয়েও অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় নেতাদের অভিযোগ, কয়েকজন পদপ্রাপ্ত নেতার অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন রয়েছে।
কমিটি ঘোষণার পর শুক্রবার রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ ও সরকারি সিটি কলেজের সামনে বিক্ষোভ করেন ক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় সড়ক অবরোধ ও টায়ার জ্বালানোর ঘটনাও ঘটে। সরকারি সিটি কলেজে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে বলে জানা গেছে।
রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন বলেন, কলেজ ইউনিটের এসব কমিটি কীভাবে হয়েছে তা আমরা জানি না। কেন্দ্র আমাদের সঙ্গে আলোচনা করেনি। ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা বাদ পড়েছেন—এ কারণে ক্ষোভ তৈরি হয়েছে। বিষয়টি কেন্দ্রকে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালাল-শাহপরান মাজারের আয়-ব্যয়ের হিসাব রাখবে জেলা প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


শাহজালাল-শাহপরান মাজারের আয়-ব্যয়ের হিসাব রাখবে জেলা প্রশাসন

সিলেটে অবস্থিত হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজারের আয়-ব্যয়ের হিসাব এবার থেকে জেলা প্রশাসন তদারকি করবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুনভাবে দুটি দানবাক্সও স্থাপন করা হয়েছে। এছাড়া, দানবাক্সের নিরাপত্তা ও নজরদারির জন্য সেখানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।

রোববার (২১ জুন) জেলা প্রশাসনের এই উদ্যোগ অনেকের কাছে স্বাগত পেয়েছে, তবে সাতশো বছরের ইতিহাসে প্রথমবারের মতো মাজারের দান ব্যবস্থাপনায় প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ নিয়ে বিতর্কও সৃষ্টি হয়েছে।

অলি আউলিয়ার পুণ্যভূমি হিসেবে পরিচিত সিলেটে প্রতিদিন হাজারো ভক্ত ও দর্শনার্থী আসেন হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজারে। মানত পূরণ ও ধর্মীয় অনুভূতির প্রেক্ষাপটে ভক্তরা নগদ অর্থের পাশাপাশি স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান সামগ্রীও দান করেন দানবাক্সে। দীর্ঘকাল ধরে মাজার কমিটি এসব দান খয়রাতের অর্থ ও সম্পদের কার্যকর ব্যবস্থাপনা করে আসছিল, কিন্তু সম্প্রতি অভিযোগ উঠেছে যে, খাদেম নামে একটি সিন্ডিকেট মাজারের বিপুল অর্থ ও সম্পদ ভোগদখল করছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন নতুন উদ্যোগ গ্রহণ করছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশনায় একটি কমিটি আগামী এক মাস ধরে মাজারের আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনা করবে। ইতোমধ্যে পুরনো দানবাক্স তুলে নতুন দানবাক্স স্থাপন করা হয়েছে।

এবং জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, মাজারের দানের কোনো অর্থ সরকার নিবে না। অনিয়ম দূর করার মাধ্যমে সব অর্থ মাজার, মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে ব্যয় করা হবে। পাশাপাশি মাজারকেন্দ্রিক একটি মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।

এজন্য একজন অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক করে খাদেম, মসজিদ ও মাদ্রাসার প্রতিনিধিদের নিয়ে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

অন্যদিকে শাহজালাল মাজারের মোতাওয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান মাজারের দান খয়রাতের অর্থ ভোগের বিষয়ে বলেছেন, "আয়ের কোনো নির্দিষ্ট পরিসংখ্যান নেই। কারণ প্রতি মাসে সমান আয় হয় না। এই অর্থ দিয়ে বিদ্যুৎ বিল, পানির বিল ও কর্মচারীদের বেতন দেয়া হয়। আমরা যে খাই না, তা নয়। আমরা খাই, আবার মাজারের খরচও চালাই। এভাবেই এত বছর ধরে চলে আসছে।" তিনি আরও জানিয়েছেন, সিটি করপোরেশন ইতোমধ্যে মাজারের আয়-ব্যয়ের কিছু নথিপত্র সংগ্রহ করেছে এবং সেগুলো জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। জেলা প্রশাসকের সঙ্গে আয়-ব্যয়ের স্বচ্ছতার ঘাটতির বিষয়টিও বৈঠকে উঠে এসেছে।

এদিকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী সময় সংবাদকে জানিয়েছেন, মাজারের দানের অর্থ মাজার উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের একটি দরগাহ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পে ব্যয় করা হবে।

বর্তমানে দুই মাজারের উন্নয়ন কাজ চলছে যার ব্যয় প্রায় ৩৫ কোটি টাকা। প্রকল্পে মাজার কর্তৃপক্ষের পাঁচ কোটি টাকা দেয়ার কথা ছিল, তবে প্রকল্পের ৬৫ শতাংশ কাজ শেষ হলেও সেই অর্থ এখনও পরিশোধ হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সব মিলিয়ে মাজারের অর্থ ব্যবস্থাপনার দীর্ঘদিনের অস্বচ্ছতা দূর করতে প্রশাসনের নতুন উদ্যোগ কতটা কার্যকরী হবে, সেদিকেই এখন নজর সিলেটবাসীর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%