ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

৯ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময়সীমা ঘোষণা ও জরুরি নির্দেশনা


৯ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময়সীমা ঘোষণা ও জরুরি নির্দেশনা

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

ঘোষণা অনুযায়ী, আগামী ২ আগস্ট থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। বিলম্ব ফি ছাড়া নিবন্ধন করা যাবে ৩০ আগস্ট পর্যন্ত।

সোমবার (২৭ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: টিনের চালের নিচে ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার, অ্যানেসথেসিয়া চিকিৎসক নেই

বিজ্ঞপ্তিতে বোর্ডের আওতাধীন সব স্বীকৃতিপ্রাপ্ত এবং পাঠদানের অনুমতিপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদেরকে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, শুধুমাত্র অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ এবং পূর্বে রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরাই নবম শ্রেণিতে ভর্তি ও নিবন্ধনের সুযোগ পাবে। রেজিস্ট্রেশনের সময় শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বরসহ সব প্রয়োজনীয় তথ্য অনলাইনে সংযুক্ত করতে হবে। অনলাইনে আপলোড করা তথ্যের বাইরে কোন দাবি গ্রহণ করা হবে না।

শিক্ষার্থীদের বয়সের বিষয়েও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। নিবন্ধনের সময় কোনো শিক্ষার্থীর বয়স ১২ বছরের কম বা ১৮ বছরের বেশি হলে তার রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে না বলে উল্লেখ করা হয়েছে এতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রুপ বা বিভাগ নির্বাচনের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা শিক্ষার্থীদের বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখা ও সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেবেন। পরে শিক্ষার্থীরা অভিভাবকের সঙ্গে আলোচনা করে বিভাগ নির্বাচন করবে এবং প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন দেবে। প্রয়োজন হলে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল বিবেচনায় নিয়েও গ্রুপ নির্ধারণ করা যাবে।

আরও পড়ুন: পুলিশ সদর দপ্তরে সংযুক্ত হলেন অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির

রেজিস্ট্রেশন কার্যক্রমে তথ্যের নির্ভুলতা নিশ্চিত করার জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিশিক্ষকসহ তিন সদস্যের একটি ‘রেজিস্ট্রেশন কমিটি’ গঠন করতে হবে। চূড়ান্তভাবে তথ্য সাবমিট করার আগে কমিটি ভর্তি ফরমের সঙ্গে অনলাইন তথ্য মিলিয়ে দেখবে। উল্লেখ্য, এ কাজে কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের সম্পৃক্ত করা যাবে না। তথ্যগত ভুল বা অনিয়মের জন্য প্রতিষ্ঠানপ্রধান ও কমিটির সদস্যরা যৌথভাবে দায়ী থাকবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বোর্ড নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জনপ্রতি ১৯৬ টাকা। নির্ধারিত সময় পেরিয়ে বিলম্ব ফিসহ নিবন্ধন করতে হলে ৩৩৬ টাকা পরিশোধ করতে হবে, যার মধ্যে ১৫০ টাকা বিলম্ব ফি হিসেবে যুক্ত থাকবে। রেজিস্ট্রেশন, ক্রীড়া, স্কাউট, গার্লস গাইড, বিজ্ঞান ও প্রযুক্তি, রেড ক্রিসেন্ট এবং বিএনসিসি ফি মিলিয়ে এই ফি নির্ধারণ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ফি পরিশোধের জন্য শিক্ষা বোর্ডে যাওয়ার প্রয়োজন হবে না। প্রতিষ্ঠানগুলো ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে OEMS/eSIF-এ প্রবেশ করে ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ‘eSIF SSC 2026’ অপশন থেকে সোনালী সেবা স্লিপ প্রিন্ট করবে। ব্যাংকে ফি জমার ২৪ ঘণ্টা পর পেমেন্ট ক্লিয়ার হলে ই-এসআইএফ পূরণ করা যাবে। একই চালানের ফটোকপি ব্যবহার করে ব্যাংকে অর্থ জমা দেয়া যাবে না।

এছাড়া, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন বাবদ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ১ হাজার টাকা এবং বিশ্ব স্কাউট সংস্থার ফি হিসেবে ৪০০ টাকা সোনালী ব্যাংকের নির্ধারিত হিসাবে পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে।

আরও পড়ুন: সুইটি এখনও জেলে আছে, ২ মাস পর বাড়ি ফিরবে; দাবি মায়ের

নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি বা স্বীকৃতি নবায়ন হালনাগাদ নেই, তাদের প্রতি তিন বছর মেয়াদি নির্ধারিত ফি পরিশোধ করে অনলাইনে নবায়নের আবেদন করতে হবে। সম্প্রতি স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে।

নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে বা এ-সংক্রান্ত কোনো জটিলতা তৈরি হলে তার সম্পূর্ণ দায়দায়িত্ব সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় বহুল আলোচিত ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে সেই ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হককে অবশেষে লঘুদন্ড

আন্তর্জাতিক ডেস্ক

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


কলাপাড়ায় বহুল আলোচিত ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে সেই ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হককে অবশেষে  লঘুদন্ড

পটুয়াখালীর কলাপাড়ায় বহুল আলোচিত ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডের অভিযোগে কলাপাড়ার সাবেক ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হককে অবশেষে শাস্তি দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা-৫ শাখা ২৩ জুলাই এই শাস্তি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, শহিদুল হক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন না করেই ওই ৪২টি ভুয়া কবুলিয়তে স্বাক্ষর করে দেন। এর ফলে মোট ৭১ দশমিক ৬৩ একর সরকারি খাসজমি অব্যবস্থাপনার শিকার হয় এবং এটি সরকারের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়।

সোমবার সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ২০২২ সালে কলপাড়ায় কর্মরত থাকাকালীন সময়ে বিপুল অংকের টাকা ঘুষ নিয়ে ২৫ কোটি টাকা মূল্যের ৭২ একর খাস জমি তিনি বন্দোবস্ত দেন ৪২ বিত্তবানের নামে। এ সময় ইউএনও'র দায়িত্বের পাশাপাশি শহিদুল হক সহকারী কমিশনারের (ভূমি) অতিরিক্ত দায়িত্বেও ছিলেন। খাস জমি বন্দোবস্ত কাণ্ডের বিষয়টি ফাঁস হয়ে পড়ার পর জেলা প্রশাসনের নেতৃত্বে একটি দায়সারা গোছের ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়। দ্রুততার সঙ্গে অভিযুক্ত ইউএনও নিজে বাদী হয়ে সার্ভেয়ার মো. হুমায়ুন কবিরকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ সার্ভেয়ার হুমায়ুনকে গ্রেফতার করে জেলা কারাগারে পাঠানোর পর মামলার অভিযোগ দুদক আইনের আওতায় থানা থেকে তদন্তের জন্য দুদক জেলা কার্যালয়ে পাঠানো হয়। এরপর দুদক অনুসন্ধানে নামে এবং এটা দীর্ঘকাল অবধি প্রক্রিয়াধীন থাকে। রহস্যজনক কারণে দুদকের কাছে এ সম্পর্কিত আর কোন তথ্য জানা যায়নি। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার অনুচ্ছেদ অনুযায়ী এই কাজকে অসদাচরণ হিসেবে গণ্য করা হয় এবং ২০২৫ সালে শহিদুল হকের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। অভিযোগের জবাবে তিনি লিখিত বক্তব্য দাখিল করেন এবং ব্যক্তিগত শুনানির আবেদন জানান।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ৫ নভেম্বর তাঁর শোনানি অনুষ্ঠিত হয়। তবে শোনানিতে দেওয়া তার বক্তব্য সন্তোষজনক বিবেচিত না হওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয় একজন তদন্তকারী কর্মকর্তাকে নিয়োগ দেয়। তদন্তকারী কর্মকর্তা তার প্রতিবেদনে বেশ কিছু গুরুত্বপূর্ণ অসঙ্গতির কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে অনুমোদিত সীমার বাইরে গিয়ে অস্বাভাবিক সংখ্যক কবুলিয়ত তৈরি হওয়া, জমির পরিমাণে বড় ধরনের অসামঞ্জস্য থাকা এবং সংশ্লিষ্ট নথিপত্রে দৃশ্যমান কাটাছেঁড়ার চিহ্ন থাকা। তদন্ত কর্মকর্তার মতে, এসব গুরুত্বপূর্ণ বিষয় ঠিকভাবে যাচাই না করেই স্বাক্ষর দেওয়া প্রশাসনিক দায়িত্ব পালনে স্পষ্ট অবহেলার চিহ্ন প্রকাশ করে। এই পর্যবেক্ষণে ভিত্তি করে তিনি প্রতিবেদনে জানান, শহিদুল হকের বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে। সেজন্য সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার সংশ্লিষ্ট বিধানের আওতায় শহিদুল হকের এক বছরের জন্য বেতন বৃদ্ধি স্থগিত রাখার লঘুদণ্ড দেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের নির্মাণ কাজ শুরু, এক লাখের বেশি কর্মসংস্থানের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের নির্মাণ কাজ শুরু, এক লাখের বেশি কর্মসংস্থানের সম্ভাবনা

চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এর নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পাওয়া যাবে প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এক লাখের বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) ভাইস প্রেসিডেন্ট লি চাংগুই এবং বাংলাদেশ সিইআইজেড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ওয়াং বেনকিয়ান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

অনুষ্ঠানে প্রায় ৭০ জন চীনা ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন। এসময় সিইআইজেডের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের উদ্বোধন, কয়েকটি সাব-লিজ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এবং বৃক্ষরোপণের মাধ্যমে নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেন, দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি করা এবং ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত হওয়ার লক্ষ্য অর্জনের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে বিনিয়োগ। সিইআইজেডের অগ্রগতি সরকারের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ দেশি-বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত। সিইআইজেডের নির্মাণকাজের সূচনা কেবল একটি প্রকল্পের উদ্বোধন নয়, বরং এটি বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্বের নতুন ভিত্তি।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মন্তব্য করেন, চট্টগ্রামে সিইআইজেডের নির্মাণকাজের সূচনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের সফলতার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি যোগ করেন, দুই দেশের নেতৃত্বের ঐকমত্যকে বাস্তব উন্নয়নে রূপ দেবার জন্য চীন বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত।

বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, প্রধানমন্ত্রী জুন মাসের বেইজিং ও দালিয়ান সফরের পরে ৩০টির বেশি চীনা কোম্পানি এই জোনে প্রায় ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যে নতুন শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় অনুমোদন ১৪ দিনের মধ্যে সম্পন্ন করার ব্যবস্থা চালু করা হবে।

প্রায় ৮০০ একর জমির ওপর গড়ে উঠছে সিইআইজেড, যা সরকার-টু-সরকার (জি-টু-জি) উদ্যোগে নির্মিত হচ্ছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ৩০ শতাংশ এবং চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন (সিআরবিসি) ৭০ শতাংশ মালিকানায় বাংলাদেশ সিইআইজেড কোম্পানি লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে।

বিশ্বমানের শিল্প অবকাঠামো গড়ে তুলতে সিইআইজেডের সহায়ক অবকাঠামো নির্মাণে প্রায় ৪ হাজার ১৮৯ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর আওতায় জেটি, চার লেন সড়ক, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি), গ্যাস ও পানি সরবরাহ ব্যবস্থা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, সাবস্টেশন এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে।

প্রকল্পটির অবকাঠামো নির্মাণকাল ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কর্ণফুলী টানেল, চট্টগ্রাম সমুদ্রবন্দর এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী হওয়ায় এ অর্থনৈতিক অঞ্চলটি আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প বিনিয়োগের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে বেজা।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিইআইজেড বাস্তবায়নের মাধ্যমে রপ্তানিমুখী শিল্পায়ন, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রামকে আধুনিক শিল্প ও লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদান কার্যক্রম উদ্বোধন করতে সুইডেন যাচ্ছেন ইসি আনোয়ারুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদান কার্যক্রম উদ্বোধন করতে সুইডেন যাচ্ছেন ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার সুইডেন যাচ্ছেন। তিনি সুইডেনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

 অনুযায়ী, নির্বাচনী কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার আগামী ৩০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত সুইডেন সফর করবেন। তিনি এই সময় কালটিতে দেশের বাইরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রবাসে ভোটাধিকার প্রয়োগ, ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা বিষয়ক একটি সভায় অংশ নেবেন।

এটি সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত এক সরকারি আদেশ থেকে জানা গেছে। এতে বলা হয়েছে, ২৮ জুলাইয়ের কাছাকাছি সুবিধাজনক কোনো তারিখে তিনি সুইডেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। এরপর ৭ আগস্ট বা অন্য উপযুক্ত কোনো তারিখে সুইডেন ছেড়ে আসবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয় ও আইডিপি এডুকেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


জাতীয় বিশ্ববিদ্যালয় ও আইডিপি এডুকেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সারাদেশের অধিভুক্ত কলেজগুলোর লাখ লাখ শিক্ষার্থীদের শিক্ষা আন্তর্জাতিক অঙ্গনে সুগম করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আইডিপি এডুকেশন বাংলাদেশ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এটি সোমবার সকালে রাজধানীর গুলশানে আইডিপি বাংলাদেশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, অপরদিকে আইডিপি এডুকেশন বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন কান্ট্রি ডাইরেক্টর রাজিব মাহবুবুল।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, "আমাদের শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে এবং তাদের কাজের সুযোগ সম্প্রসারণে এই সমঝোতা স্মারক একটি সময়োপযোগী পদক্ষেপ।" আইডিপি এডুকেশনের সাথে এই অংশীদারিত্বের ফলে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার ক্ষেত্রে সঠিক দিকনির্দেশনা পাবে বলে উল্লেখ করেন তিনি।

আইডিপি এডুকেশন বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর রাজিব মাহবুবুল বলেন, "বিশ্বজুড়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছে আইডিপি।" তিনি আরো বলেন, "জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুবিশাল শিক্ষার্থী গোষ্ঠীর সাথে কাজ করার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের বিশ্বাস, এই উদ্যোগ তরুণ শিক্ষার্থীদের আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।"

এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের চেয়ারম্যান শেখ মুজাহিদুল ইসলাম, আইডিপি এডুকেশন বাংলাদেশের হেড অব আইইএলটিএস অপারেশনস ইলোরা শাহাব শর্মি এবং অস্ট্রেলিয়া সরকারের ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কমিশনের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ডাইরেক্টর মোস্তাফিজুর রহমান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ সমঝোতা স্মারকের আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয় ও আইডিপি বাংলাদেশ যৌথভাবে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, এডুকেশন ফেয়ার এবং আইইএলটিএস বিষয়ক সচেতনতামূলক সেশনের আয়োজন করার পরিকল্পনা নিয়েছে, যা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%