প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সারাদেশের অধিভুক্ত কলেজগুলোর লাখ লাখ শিক্ষার্থীদের শিক্ষা আন্তর্জাতিক অঙ্গনে সুগম করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আইডিপি এডুকেশন বাংলাদেশ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এটি সোমবার সকালে রাজধানীর গুলশানে আইডিপি বাংলাদেশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, অপরদিকে আইডিপি এডুকেশন বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন কান্ট্রি ডাইরেক্টর রাজিব মাহবুবুল।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, "আমাদের শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে এবং তাদের কাজের সুযোগ সম্প্রসারণে এই সমঝোতা স্মারক একটি সময়োপযোগী পদক্ষেপ।" আইডিপি এডুকেশনের সাথে এই অংশীদারিত্বের ফলে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার ক্ষেত্রে সঠিক দিকনির্দেশনা পাবে বলে উল্লেখ করেন তিনি।
আইডিপি এডুকেশন বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর রাজিব মাহবুবুল বলেন, "বিশ্বজুড়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছে আইডিপি।" তিনি আরো বলেন, "জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুবিশাল শিক্ষার্থী গোষ্ঠীর সাথে কাজ করার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের বিশ্বাস, এই উদ্যোগ তরুণ শিক্ষার্থীদের আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।"
এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের চেয়ারম্যান শেখ মুজাহিদুল ইসলাম, আইডিপি এডুকেশন বাংলাদেশের হেড অব আইইএলটিএস অপারেশনস ইলোরা শাহাব শর্মি এবং অস্ট্রেলিয়া সরকারের ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কমিশনের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ডাইরেক্টর মোস্তাফিজুর রহমান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ সমঝোতা স্মারকের আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয় ও আইডিপি বাংলাদেশ যৌথভাবে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, এডুকেশন ফেয়ার এবং আইইএলটিএস বিষয়ক সচেতনতামূলক সেশনের আয়োজন করার পরিকল্পনা নিয়েছে, যা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন