মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ)
১০:০২ পি.এম
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি বলেন, 'সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'
প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন, 'গৌরীপুরের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।' তিনি দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
রবিবার (২৭ জুলাই) বিকেল ৪ টায় গৌরীপুর পাবলিক হলে আয়োজিত এ সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। উপজেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও সাবেক চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহীদ-এর সভাপতিত্বে এবং পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ-এর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওলামা দলের সদস্য আবু হানিফ রাজিব।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার উদ্দিন তালুকদার, উত্তর জেলা বিএনপির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নরুল হক, উত্তর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আলহাজাব্দুর রহমান বাবুল এবং পৌর বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) রমজান হোসেন খান জুয়েল।
এছাড়াও বক্তব্য ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল সোবহান সুলতান, শাহ ওবায়দুল্লাহ সুমন, শাহীন মুন্সী, একে এম আব্দুল্লাহ, ইঞ্জিনিয়ার মো. শাহজাহান, উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক (ভিপি শামছু), উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী তানজিন চৌধুরী লিলি, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, স্বেচ্ছাসেবক দল নেতা আতাউর রহমান আল আমিন, শাহীন আলম তারা, ছাত্রদল নেতা জুনায়েত খান পাঠান সাব্বির, পৌর ছাত্রদল নেতা জাঙ্গীর আলম রক্তিম, কলেজ ছাত্রদল নেতা শাহীন আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি,র পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শাহজাহান কবির হিরা, নিজাম উদ্দিন সরকার, জয়নাল আবেদীন খোকন প্রমুখ।
সভায় সংগঠনকে আরও শক্তিশালী করার উপর এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে। শেষে নেতাকর্মীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয় অধ্যাপক নীতিমালা-২০২৩ অনুযায়ী, আগামী পাঁচ বছরের জন্য ‘জাতীয় অধ্যাপক’ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মাহবুব উল্লাহ।
এ তথ্য সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা) একটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে, প্রজ্ঞাপনটিতে সই করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নাছিমা খন্দকার।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রফেসর ড. মাহবুব উল্লাহ সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন না। তিনি নিজের পছন্দমতো ক্ষেত্রে গবেষণার কাজ করবেন এবং গবেষণা সংস্থা বা শিক্ষায়তনের সাথে সংশ্লিষ্ট থাকবেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) তিনি তার গবেষণার ক্ষেত্র সম্পর্কে অবহিত করবেন।
এছাড়া, গবেষণা সংস্থা বা শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকলে, তাদের কাছে নিজের শিক্ষা বা গবেষণামূলক কাজের অগ্রগতির বার্ষিক প্রতিবেদন পেশ করবেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ইউজিসি চেয়ারম্যানকে তার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত রাখবে এবং গবেষণালব্ধ ফল শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে পাঠাবে।
স্বীয় পদে অধিষ্ঠিত থাকা অবস্থায়, প্রফেসর ড. মাহবুব উল্লাহ অন্য কোনো বেতনভুক্ত চাকরি করা যাবে না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. কামাল হোসেন মুফতিকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
এ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, পরিত্যক্ত ভবন ও শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার জন্য অভিযোগের পরিপ্রেক্ষিতে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের শৃঙ্খলা-২ শাখা থেকে গতকাল ২৫ জুলাই রোববার একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ২৫ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনকালে হাসপাতালটিতে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, পরিত্যক্ত ভবন ও শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এসব কারণে চিকিৎসাসেবার মান ও সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী কোনো কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা প্রস্তাব বা রুজু হলে অভিযোগের মাত্রা, দায়িত্ব থেকে বিরত রাখার প্রয়োজনীয়তা এবং তদন্তে প্রভাব বিস্তারের আশঙ্কা বিবেচনায় নিয়ে সাময়িক বরখাস্ত করা যেতে পারে।
এমতাবস্থায় ডা. কামাল হোসেন মুফতিকে প্রজ্ঞাপনের তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কৃষিপ্রযুক্তিভিত্তিক (অ্যাগ্রো-টেক) শিল্পের সম্প্রসারণ ঘটাতে পারলে দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। তিনি বলেছেন যে, কৃষি গবেষণা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির মাধ্যমে কুড়িগ্রামের মতো কৃষি সমৃদ্ধ জেলার আর্থসামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।
সোমবার কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে কৃষির ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. আব্দুল্লাহ-আল-মামুন পদক্ষেপের গুরুত্ব তুলে ধরে বলেন, কৃষির পাশাপাশি কৃষিপ্রযুক্তি খাতে সরকারের বিনিয়োগের সুফল শিক্ষার্থী, গবেষক এবং তরুণ উদ্যোক্তাদের কাছে পৌঁছে দিতে হবে। তিনি কৃষিভিত্তিক শিল্পের পাশাপাশি কৃষি পর্যটনের সম্ভাবনাকেও কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন।
পরে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ভূমি নির্বাচন বিষয়ে স্থানীয় অংশীজনদের সঙ্গে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় ইউজিসি সদস্য জানান যে, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি নির্বাচনে স্বচ্ছতা, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, কৃষি উৎপাদনে ব্যবহৃত তিন ফসলি বা এক ফসলি জমি অধিগ্রহণ না করে খাস জমিকে অগ্রাধিকার দেওয়া উচিত। একই সঙ্গে তিনি সহজ যোগাযোগ ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং জমি অধিগ্রহণকে কেন্দ্র করে কৃত্রিম মূল্যবৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ড. মামুন বলেন, রাজনৈতিক বা ব্যক্তিগত মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জেলার সব শ্রেণি-পেশার মানুষকে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন যে, চলতি বছরের মধ্যেই স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি নির্বাচন চূড়ান্ত করার লক্ষ্যে ইউজিসি কাজ করছে।
সমন্বয় সভার আগে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাসের সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং স্থানীয় উচ্চশিক্ষা সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম, জেলা পুলিশ সুপার এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, ১৫০ শয্যার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণাধীন অবস্থায় চালু হলে এটি চট্টগ্রাম মহানগরী এবং আশপাশের অঞ্চলে অগ্নিদগ্ধ ও গুরুতর দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা করবে।
সোমবার, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চীনের অর্থায়নে নির্মাণাধীন চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট পরিদর্শন করেন। এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিশেষায়িত এ ইউনিট চালু হলে অগ্নিদগ্ধ ও দুর্ঘটনায় আহত রোগীদের জন্য দ্রুত এবং আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে গুরুতর রোগীদের চিকিৎসার জন্য রাজধানীর ওপর নির্ভরতা কমে যাবে।
এ বিষয়ে তিনি জানান, গণপ্রজাতন্ত্রী চীন সরকারের প্রায় ১৮০ কোটি টাকার অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় ছয়তলা ভিত্তির ওপর একটি ছয়তলা আধুনিক হাসপাতাল ভবন নির্মাণের কাজ চলছে।
মেয়র বলেছেন, নতুন ভবনে ১৫০ শয্যার বার্ন ইউনিট, চারটি আধুনিক অপারেশন থিয়েটার, নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), নারী ও পুরুষের জন্য পৃথক উচ্চনির্ভরশীল ইউনিট (এইচডিইউ) এবং শিশুদের জন্য বিশেষ এইচডিইউসহ আধুনিক চিকিৎসাসুবিধা থাকবে।
পরিদর্শন শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চট্টগ্রামের মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ প্রকল্পে অংশীদার হতে পেরে চীন সরকার আনন্দিত।
এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ