১০:১৯ পি.এম
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, ১৫০ শয্যার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণাধীন অবস্থায় চালু হলে এটি চট্টগ্রাম মহানগরী এবং আশপাশের অঞ্চলে অগ্নিদগ্ধ ও গুরুতর দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা করবে।
সোমবার, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চীনের অর্থায়নে নির্মাণাধীন চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট পরিদর্শন করেন। এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিশেষায়িত এ ইউনিট চালু হলে অগ্নিদগ্ধ ও দুর্ঘটনায় আহত রোগীদের জন্য দ্রুত এবং আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে গুরুতর রোগীদের চিকিৎসার জন্য রাজধানীর ওপর নির্ভরতা কমে যাবে।
আরও পড়ুন: রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত
এ বিষয়ে তিনি জানান, গণপ্রজাতন্ত্রী চীন সরকারের প্রায় ১৮০ কোটি টাকার অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় ছয়তলা ভিত্তির ওপর একটি ছয়তলা আধুনিক হাসপাতাল ভবন নির্মাণের কাজ চলছে।
মেয়র বলেছেন, নতুন ভবনে ১৫০ শয্যার বার্ন ইউনিট, চারটি আধুনিক অপারেশন থিয়েটার, নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), নারী ও পুরুষের জন্য পৃথক উচ্চনির্ভরশীল ইউনিট (এইচডিইউ) এবং শিশুদের জন্য বিশেষ এইচডিইউসহ আধুনিক চিকিৎসাসুবিধা থাকবে।
পরিদর্শন শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চট্টগ্রামের মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ প্রকল্পে অংশীদার হতে পেরে চীন সরকার আনন্দিত।
এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরও পড়ুন: রংপুরে ডাম্পট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৩ জন নিহত, ১৮ আহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন