ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, আহত কয়েক ডজন


গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, আহত কয়েক ডজন

গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। শুক্রবার (৩১ জুলাই) গাজার বিভিন্ন স্থানে এসব হামলা করা হয়।

আনাদোলু এজেন্সি রিপোর্ট করেছে, মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় আবু আরিফ সড়কে ইসরায়েলি হামলায় ৩৩ বছর বয়সী মাহমুদ মোহাম্মদ ফাতায়ী নিহত হয়েছেন। শুহাদা আল-আকসা হাসপাতালের চিকিৎসা সূত্র জানাচ্ছে, একই এলাকায় সালাহ আল-দিন সড়কে ইসরায়েলি হামলায় ৩৮ বছর বয়সী মোহাম্মদ আবদেল নাসের আল-খাতিবও প্রাণ হারিয়েছেন।

চিকিৎসা সূত্রের বরাতে আনাদোলু জানায়, আবু আরিফ সড়কে থাকা জনতার একদলকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় দুজন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

আরও পড়ুন: ‘বর্তমান নিয়ন্ত্রণরেখায় যুদ্ধ স্থগিতে সম্মত ইউক্রেন’

এদিকে, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্ব দিকে অবস্থিত একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি আহত হয়েছেন। আল-আওদা হাসপাতালের চিকিৎসা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের মতে, ইসরায়েলি গোয়েন্দারা ফোনের মাধ্যমে বাসিন্দাদের ওই এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়ার পর, আল-হাওয়াজরি পরিবারের একটি বহুতল ভবনে বিমান হামলা চালিয়ে সেটি ধ্বংস করা হয়।

দেইর আল-বালাহর দক্ষিণে অন্য একটি পরিবারের বাড়িতেও ইসরায়েলি হামলা ঘটেছে। এতে বাড়িটি ধ্বংস হয়েছে এবং সেখানে বেশ কয়েকজন আহত হয়েছেন, চিকিৎসা সূত্র জানিয়েছে।

দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাসলাহ এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় আরও কিছু ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: নেতানিয়াহুর তুরস্কের বিরুদ্ধে সামরিক সংঘাতের সম্ভাবনার ইঙ্গিত

এ ছাড়া আল-আলাম ও আবু হামিদ গোলচত্বরের কাছে, ইসরায়েলি সামরিক যান থেকে গুলি চালালে দুজন মাঝারি আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।

উত্তর গাজা সিটির আল-সাফতাউই এলাকায় ইসরায়েলি হামলায় আরও চার ফিলিস্তিনি আহত হন। শুক্রবার ভোরে গাজা সিটির উত্তর-পশ্চিমাংশে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে করা ড্রোন হামলায় একজন নারী এবং একজন শিশু আহত হয়। জাবালিয়া ও গাজা সিটিতে আল-ইসরায়েলি কোয়াডকপ্টারের গুলিতেও পৃথকভাবে দুজন আহত হয়েছেন।

যুদ্ধবিরতির মধ্যেও হামলা অব্যাহত রয়েছে।

আনাদোলুর প্রতিবেদনে পরিস্কার করা হয়েছে, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত চুক্তির ফলে গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ ঘটানো এবং এর সঙ্গে সামঞ্জস্য রেখে ইসরায়েলি বাহিনীর ধাপে ধাপে প্রত্যাহার হবে। তবে সাংবাদিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গাজায় ইসরায়েলি হামলা চলছেই।

আরও পড়ুন: ট্রাম্প-রুবিওর নীরবতা ইসরাইলকে বেপরোয়া করছে: মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন

আনাদোলুর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার ২০৯ ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৯৪৩ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। হামলায় গাজায় বিপুল ধ্বংসযজ্ঞও হয়েছে।

এর আগে ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি আহত হয়েছেন বলেও দাবী করা হয়েছে। এই সময়ে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে উটের সঙ্গে সেনাবাহিনীর গাড়ির সংঘর্ষে মেজর নিহত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১১:০৭ এম


ভারতে উটের সঙ্গে সেনাবাহিনীর গাড়ির সংঘর্ষে মেজর নিহত

ভারতে উটের সঙ্গে সেনাবাহিনীর একটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গাড়ির চালক হিসেবে দায়িত্ব পালনরত মেজর নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়ে দুই সেনা কর্মকর্তা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

পুলিশ জানায়, মধ্যপ্রদেশের বাসিন্দা এবং ২৬ বছর বয়সী মেজর হামজা আরিফ ছিল গাড়ির চালক। হঠাৎ করে একটি উট সড়কে উঠে এলে গাড়িটি সেটিকে ধাক্কা দেয় এবং সংঘর্ষের পর গাড়িটি চার থেকে পাঁচবার উল্টে যায়, শেষে প্রায় ১০০ মিটার দূরে গিয়ে থামে।

পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পরে তিন সেনা কর্মকর্তাকে দ্রুত সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মেজর হামজা আরিফকে মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, নিহত হামজা আরিফের মাত্র এক মাস আগে বিয়ে হয়েছিল। দুর্ঘটনায় আহত দুই সেনা কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট আয়ুষ্মান এবং লেফটেন্যান্ট অভিনব রাঠোর, যারা বর্তমানে সেনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১১:১১ এম


নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ কেন্দ্রীয় ছাত্রদল প্রত্যাহার করেছে।

বহিষ্কারের পর ৯১ দিন গত হওয়ার পর শুক্রবার (৩১ জুলাই) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্ত অনুযায়ী দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই সংবাদ নিশ্চিত করে।

জানা গেছে, চলতি বছরের ৩০ এপ্রিল, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের এই তিন নেতাকে বহিষ্কার এবং সভাপতির পদ স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রদল। পরে যদিও সভাপতির পদ পুনবহাল করা হয়, কিন্তু এ তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়নি। সেই সময় তাদেরকে দলীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল। সবশেষ, ৯১ দিন পর গতকাল শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রদল নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহ-সভাপতি আখতারুজ্জামান বিশাল ও সহ-সাধারণ সম্পাদক তানভীর হোসেন শাওনের বিরুদ্ধে থাকা বহিষ্কারাদেশ প্রত্যাহার করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর সাংগঠনিক সকল কার্যক্রম পরিচালনায় তাদের জন্য আর কোন বাধা রইলো না। এখন থেকে তারা দলীয় সকল কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে সক্ষম হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেরুর সাবেক প্রেসিডেন্ট কারাগার থেকে মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৬ এম


পেরুর সাবেক প্রেসিডেন্ট কারাগার থেকে মুক্ত

পেরুর সাবেক প্রেসিডেন্ট ওলান্তা হুমালার বিরুদ্ধে দেওয়া ১৫ বছরের কারাদণ্ড বাতিল করেছে দেশটির সাংবিধানিক আদালত। একই সঙ্গে আদালত তার বিরুদ্ধে চলা পুরো ফৌজদারি মামলার কার্যক্রমও বাতিল ঘোষণা করেছে।

আদালতের এই সিদ্ধান্তের পর শুক্রবার রাতে রাজধানী লিমার বারবাদিয়ো কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

ওলান্তা হুমালা ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট ছিলেন। ২০২৫ সালে একটি আদালত তাকে অর্থ পাচারের মামলায় দোষী সাব্যস্ত করে ১৫ বছরের কারাদণ্ড দেয়। অভিযোগ ছিল, ২০০৬ ও ২০১১ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের জন্য তিনি ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট উগো চাভেজ এবং ব্রাজিলের নির্মাণ প্রতিষ্ঠান ওডেব্রেখটের কাছ থেকে অবৈধ অর্থ নিয়েছিলেন।

রায় ঘোষণার পরই হুমালা জানিয়েছিলেন, তিনি উচ্চ আদালতে আপিল করবেন। পরে বিষয়টি পেরুর সাংবিধানিক আদালতে যায়। আদালত মামলার শুনানি শেষে তার বিরুদ্ধে পরিচালিত পুরো ফৌজদারি কার্যক্রম বাতিল করে দেয়।

আদালতের সিদ্ধান্তের পর শুক্রবার রাতে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এ সময় কারাগারের বাইরে তার অনেক সমর্থক জড়ো হন। মুক্তি পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলে হুমালা দাবি করেন, তিনি এবং তার পরিবার রাজনৈতিক ও বিচারিক হয়রানির শিকার হয়েছেন। রায়ের পর হুমালার আইনজীবী হুলিও এস্পিনোজা গোয়েনা সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, নির্বাচনী প্রচারের জন্য যে অর্থ নেওয়ার অভিযোগ আনা হয়েছিল, আদালতের মতে তা অর্থ পাচারের অপরাধের মধ্যে পড়ে না। তিনি এই বিষয়টি উল্লেখ করে বলেন, এখন মামলাটি আনুষ্ঠানিকভাবে খারিজ করার দায়িত্ব সংশ্লিষ্ট ফৌজদারি আদালতের। এই মামলায় হুমালার স্ত্রী নাদিন এরেদিয়াকেও ২০২৫ সালে অর্থ পাচারের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তাকেও ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে রায়ের পর তিনি ব্রাজিলের দূতাবাসে আশ্রয় চান এবং পরে নিরাপদে ব্রাজিলে যাওয়ার অনুমতি পান।

ওলান্তা হুমালা ছিলেন পেরুর চার সাবেক প্রেসিডেন্টের একজন, যাদের নাম ব্রাজিলের নির্মাণ প্রতিষ্ঠান ওডেব্রেখটের বহুল আলোচিত দুর্নীতি কেলেঙ্কারিতে উঠে আসে। অভিযোগ ছিল, হুমালা ও তার স্ত্রী মিলে গড়ে তোলা ন্যাশনালিস্ট পার্টির জন্য ওডেব্রেখটের কাছ থেকে ৩০ লাখ ডলার অবৈধ অর্থ নিয়েছিলেন। সেই অর্থ ২০১১ সালের নির্বাচনী প্রচারে ব্যবহার করা হয়। এছাড়া ২০০৬ সালের নির্বাচনী প্রচারের জন্য তারা ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট উগো চাভেজের কাছ থেকে আরো দুই লাখ ডলার নিয়েছিলেন বলেও অভিযোগ ছিল। তবে শুরু থেকেই হুমালা ও তার স্ত্রী সব অভিযোগ অস্বীকার করে আসছিলেন। তাদের দাবি ছিল, রাজনৈতিক উদ্দেশ্যেই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ওডেব্রেখট কেলেঙ্কারির কারণে পেরুর আরো কয়েকজন সাবেক প্রেসিডেন্ট আইনি জটিলতায় পড়েন। উল্লেখ্য যে, ওডেব্রেখট কেলেঙ্কারি হলো বিশ্বের অন্যতম বৃহৎ দুর্নীতি ও ঘুষ কেলেঙ্কারি, যা ব্রাজিলভিত্তিক নির্মাণ প্রতিষ্ঠান ওডেব্রেখট-এর সঙ্গে জড়িত। এই প্রতিষ্ঠানটি ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দেশে সরকারি ঠিকাদারির কাজ পাওয়ার জন্য সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের শত শত কোটি ডলার ঘুষ দেয়। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকা আলেহান্দ্রো তোলেদোকে গত বছর ওডেব্রেখটের কাছ থেকে ৩ কোটি ৫০ লাখ ডলার ঘুষ নেওয়ার দায়ে ২০ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়।

১৯৮৫ থেকে ১৯৯০ এবং ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত দুই দফায় প্রেসিডেন্ট থাকা আলান গার্সিয়া ২০১৯ সালে আত্মহত্যা করেন। তার বিরুদ্ধে ওডেব্রেখটের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তারের প্রস্তুতি চলছিল। যদিও তিনি জীবিত অবস্থায় সব অভিযোগ অস্বীকার করেছিলেন। এছাড়া ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকা পেদ্রো পাবলো কুচিনস্কির বিরুদ্ধেও তদন্ত চলছে। অভিযোগ রয়েছে, সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে থাকার সময় তিনি ওডেব্রেখটের কাছ থেকে কয়েক মিলিয়ন ডলার পেয়েছিলেন। তবে কুচিনস্কিও দাবি করে আসছেন, ওই অর্থ নেওয়ার মধ্যে কোনো অবৈধতা ছিল না।

সাবেক সেনা কর্মকর্তা ওলান্তা হুমালা ২০০০ সালে জাতীয়ভাবে আলোচনায় আসেন। সে সময় তিনি তৎকালীন প্রেসিডেন্ট আলবার্তো ফুহিমোরির বিরুদ্ধে স্বল্প সময়ের একটি সামরিক বিদ্রোহের নেতৃত্ব দেন। ২০০৬ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিলেও তিনি জিততে পারেননি। পরে ২০১১ সালের নির্বাচনে তুলনামূলক মধ্যপন্থী নীতি নিয়ে প্রচার চালিয়ে ডানপন্থী প্রার্থী কেইকো ফুহিমোরিকে পরাজিত করেন। কেইকো ছিলেন সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুহিমোরির বড় মেয়ে।

২০১৬ সালে প্রেসিডেন্টের দায়িত্ব শেষ হওয়ার কিছুদিন পরই তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ওই সময় ওডেব্রেখট স্বীকার করে, ব্যবসায়িক সুবিধা পাওয়ার জন্য তারা লাতিন আমেরিকার বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলকে শত শত মিলিয়ন ডলার ঘুষ দিয়েছিল। এরপর হুমালা ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়। বিচার শুরুর আগে তাদের এক বছর আটক রাখা হয় এবং পরে ২০২৫ সালে আদালত তাদের দোষী সাব্যস্ত করে। তবে সর্বশেষ সাংবিধানিক আদালতের রায়ে হুমালার সাজা বাতিল হওয়ায় তিনি মুক্তি পেলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যে তুর্কি নাগরিক গ্রেপ্তার, হামাসকে অর্থ ও রসদ দেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১১:২০ এম


যুক্তরাজ্যে তুর্কি নাগরিক গ্রেপ্তার, হামাসকে অর্থ ও রসদ দেওয়ার অভিযোগ

যুক্তরাজ্যে শুক্রবার তুরস্কের একজন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি একটি ভুয়া আন্তর্জাতিক মানবিক সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা পরিচয়ে হামাসকে অর্থ, খাদ্য ও অন্যান্য রসদ সরবরাহের ষড়যন্ত্রে জড়িত ছিলেন।

গ্রেপ্তার হওয়া এই ব্যক্তির নাম মোহাম্মদ ইউসুফ হাসনা এবং তিনি ৪৫ বছর বয়সী। ইস্তাম্বুলের বাসিন্দা হাসনাকে প্রত্যর্পণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাজ্যে আটক রাখা হবে। পরে তাকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেওয়া হবে। মার্কিন অ্যাটর্নি জেমি ম্যাকডোনাল্ড বলেছেন, মানবিক সহায়তার আড়ালে হাসনা হামাসের শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে সংগঠনটিকে অর্থ, খাদ্য ও অন্যান্য রসদ সরবরাহ করে আসছিলেন।

যুক্তরাষ্ট্র হামাসকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। হাসনার পক্ষে যুক্তরাষ্ট্রে কে আইনজীবী হিসেবে দায়িত্ব নেবেন, তা এখনো জানা যায়নি। তার বিরুদ্ধে হামাসকে বস্তুগত সহায়তা দেওয়ার ষড়যন্ত্র, সন্ত্রাসবাদে অর্থায়নের ষড়যন্ত্র এবং সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ আনা হয়েছে।

এই প্রতিটি অভিযোগে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। মার্কিন সরকারের অভিযোগ অনুযায়ী, অন্তত ২০২৩ সাল থেকে হাসনা হামাসের শীর্ষ নেতা ও পরিচালনা পর্ষদের সদস্য গাজী হামাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%