১২:০৪ পি.এম
বেইজিং জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে রাষ্ট্রপ্রধান পর্যায়ের কৌশলগত যোগাযোগ দুই দেশের সম্পর্কের স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
শনিবার (৩ অক্টোবর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন। নভেম্বরে চীনের শেনঝেনে অনুষ্ঠিতব্য এপেকের অর্থনৈতিক নেতাদের বৈঠকের সময় শি জিনপিং ও পুতিনের সম্ভাব্য দ্বিপাক্ষিক বৈঠক সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
গুও জিয়াকুন বলেন, রাষ্ট্রপ্রধান পর্যায়ের কৌশলগত নেতৃত্ব চীন-রাশিয়া সম্পর্কের স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভিত্তি।
আরও পড়ুন: টিকটক ইলন মাস্কের তথ্যচিত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে
তিনি জানান, পুতিনের এপেকের অনানুষ্ঠানিক বৈঠকে অংশগ্রহণকে চীন স্বাগত জানাচ্ছে। পাশাপাশি, এপেকের চীন বর্ষকে সফল করতে রাশিয়ার সঙ্গে সহযোগিতা করতে বেইজিং প্রস্তুত রয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও উল্লেখ করেন, দুই দেশের শীর্ষ পর্যায়ের নিয়মিত যোগাযোগ চীন-রাশিয়া সম্পর্কের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শি-পুতিনের সম্ভাব্য বৈঠক হলে সেখানে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ সৃষ্টি হতে পারে। তথ্যসূত্র: তাস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন