১২:০৪ পি.এম
শরীরে কালো কাপড়ের বেল্টে পেঁচিয়ে ৪ দশমিক ৫ কেজি স্বর্ণ বহনের অভিযোগে ঢাকা কাস্টমস হাউস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক নাগরিককে আটক করেছে, যিনি মালয়েশিয়ার বাসিন্দা। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় আট কোটি টাকা বলে জানা গেছে।
রবিবার (৪ অক্টোবর) কাস্টমস হাউস, ঢাকা একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করে।
কাস্টমসের তথ্য অনুসারে, মালয়েশিয়ান এয়ারলাইনসের কুয়ালালামপুর থেকে ঢাকাগামী এমএইচ-০১৯৬ ফ্লাইটে যাত্রী ইয়াং ডন সিউ (৪৩) ঢাকায় পৌঁছান। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে, বিমানবন্দরে অবতরণের পর থেকেই তাকে নজরদারিতে রাখা হয়।
আরও পড়ুন: গাজার নাসের হাসপাতালে ইসরাইলি হামলায় নিহত ৪ ফিলিস্তিনি
ব্যাগেজ সংগ্রহের পর গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় তাকে আলাদা করা হয়। পরে গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে তার শরীরে তল্লাশি চালানো হলে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে তার শরীর থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
কাস্টমস জানায়, উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে চারটি এক কেজি ওজনের এবং পাঁচটি ১০০ গ্রাম ওজনের বার রয়েছে। সব মিলিয়ে ৯টি স্বর্ণবারের মোট ওজন ৪ দশমিক ৫ কেজি। এগুলোর বিশুদ্ধতা ২৪ ক্যারেট।
স্বর্ণের বারগুলো বিশেষ কায়দায় কালো কাপড়ের বেল্টে পেঁচানো ছিল। পরবর্তীতে সেগুলো যাত্রীর শার্টের নিচে লুকানো অবস্থায় পাওয়া যায়।
কাস্টমসের দাবী, ওই যাত্রী কোনো ব্যাগেজ ঘোষণা করেননি। স্বর্ণ বহনের জন্য কোনো বৈধ নথি বা দলিলও তিনি দেখাতে পারেননি।
আরও পড়ুন: কানাডা কেন অভিবাসনকে গুরুত্ব দিচ্ছে, তিন বছরে ৩৮০০০০ অভিবাসী গ্রহণের লক্ষ্য
এ ঘটনায় কাস্টমস আইন, ২০২৩ এবং ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল অ্যাক্ট, ১৯৪৭ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি কার্যক্রমের অংশ হিসেবে কাস্টমস আইন, ২০২৩-এর ১৯১ ধারা অনুযায়ী স্বর্ণগুলো সাময়িকভাবে আটক করা হয়েছে। যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে ফৌজদারি মামলা করার প্রক্রিয়া চলছে।
কাস্টমস হাউস, ঢাকা জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে অবৈধ স্বর্ণ চোরাচালান প্রতিরোধ ও জাতীয় স্বার্থ সুরক্ষায় তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন