মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
০৬:৩১ পি.এম
‘কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে’—এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় আনুষ্ঠানিকভাবে কৃষক স্মার্ট কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৮ জুলাই ২০২৬) স্থানীয় দক্ষিণ বড়মাছুয়া এলাকার (ওয়ার্ড নং- ৭, ৮ ও ৯) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ১২৯, পিরোজপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো: রুহুল আমীন দুলাল।
বড় মাছুয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি মঠবাড়িয়া সাংসদ মোঃ রুহুল আমীন দুলাল, কৃষি কর্মকর্তা কামরুননেসা সুমি, পৌর বিএনপির সাবেক আহবায়ক কে এম হুমায়ুন কবির, প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে এম নিজামুল কবীর মিরাজ প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে কৃষকদের ডিজিটাল সেবার আওতায় আনার এই উদ্যোগ একটি মাইলফলক। স্মার্ট কার্ড পাওয়ার পর কৃষকরা কৃষি উপকরণ সহায়তা, সরকারি প্রণোদনা ও ঋণ সুবিধাসহ কৃষি সংক্রান্ত সব সেবা অত্যন্ত দ্রুত ও হয়রানিমুক্তভাবে গ্রহণ করতে পারবেন। এই কার্ডের মাধ্যমে কৃষকের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি হবে, যা ভবিষ্যতে কৃষি উন্নয়নের পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে, যা চীনে উচ্চ শিক্ষা, চাকুরি ও ব্যবসায়িক সম্ভাবনা এবং উন্নত চিকিৎসাসেবা সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়েছে। শনিবার রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে মালিশা গ্রুপ ও আরশি গ্লোবাল কেয়ার এই সেমিনারের আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন উক্ত করেন, বর্তমান বিশ্বে উচ্চ শিক্ষা, ব্যবসা, চাকরি ও উন্নত চিকিৎসা এই চারটি ক্ষেত্রে আন্তর্জাতিক যোগাযোগের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সুতরাং বিদেশে শিক্ষা গ্রহণ, কর্মসংস্থান, ব্যবসায়িক সম্প্রসারণ কিংবা উন্নত চিকিৎসা সব ক্ষেত্রেই সঠিক তথ্য, স্বচ্ছ প্রক্রিয়া এবং নির্ভরযোগ্য সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, এই সেমিনার শুধু চিকিৎসা নয়, বরং উচ্চ শিক্ষা, ব্যবসা ও চাকরির ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে এবং রাজশাহীর মানুষের জন্য কার্যকর তথ্য ও দিকনির্দেশনা প্রদান করবে।
তিনি আরো বলেন, রাজশাহী শিক্ষানগরীর পরিচিতি রয়েছে। আমরা চাই আগামীতে স্বাস্থ্যনগরী হিসেবে গড়ে তুলতে। এর জন্য বিশেষায়িত হাসপাতালের প্রয়োজন রয়েছে। রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হলে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
সেমিনারে চীনে উচ্চ শিক্ষার বিভিন্ন সুযোগ, শিক্ষার্থী ভিসা, ব্যবসা ও আমদানি-রপ্তানির সম্ভাবনা, আধুনিক চিকিৎসাসেবা, মেডিকেল ভিসা এবং ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।
এছাড়া রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ হাসেন আলী, ইসলামী ব্যাংক মেডিকেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. মোঃ জাহাঙ্গীর আলম সহ অন্যান্য অতিথিবৃন্দও উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে একটি দল দুর্বৃত্ত। শনিবার (১৮ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এদিন ভোর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম এবং সদর থানার অফিসার ইনচার্জ মো: নাজমুস সাকিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জুলাই স্মৃতিস্তম্ভের পাশে কিছু পোড়া কাপড় এবং ছাই পড়ে রয়েছে। তবে স্মৃতিস্তম্ভের মূল কাঠামোর বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার ‘আল-সাদিক হৃদয়’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রচার করা হয়। ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি একটি জ্বলন্ত কাপড় স্মৃতিস্তম্ভের দিকে নিক্ষেপ করছেন। এরপর সেখানে আগুন জ্বলতে দেখা যায়।
এছাড়া জানা গেছে, আল-সাদিক হৃদয় বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে লেখা পড়া শেষে প্রায় চার মাস আগে স্ত্রীসহ মালয়েশিয়া পাড়ি জমান সাদিক। পড়াশুনার সময় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগে (বর্তমানে নিষিদ্ধঘোষিত সংগঠন) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বাড়ি জামালপুর জেলার মাহমুদপুর ইউনিয়নে হওয়ার কারণে স্থানীয় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) এবং অঙ্গ সংগঠনের মিছিলে, সভা-সেমিনারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন সাদিক।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং পুলিশ।
জামালপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। আমরা আগে থেকেই এমন ঘটনার আশঙ্কার কথা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছিলাম। কিন্তু এরপরও ভোর রাতে দুর্বৃত্তরা এসে স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। প্রতিবাদ হিসেবে আজ সন্ধ্যায় স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হবে।
এদিকে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম বলেন, তদন্ত ছাড়া এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।
কথা হলে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মো: নাজমুস সাকিব জানান, তদন্ত চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গত ৬ জুলাই থেকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ফলে এখন পর্যন্ত অন্তত ৫০ জন নিহত হয়েছেন। একই সময়ে ৫০০ জনের বেশি আহত হয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভিন্ন স্থানে মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক ও সামরিক উভয় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে।
আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা জোরদার করেছে। এর জবাবে, ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।
এদিকে, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এর ফলে বিশ্ব জ্বালানি বাজারেও প্রভাব পড়েছে; আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। চলমান এমন অবস্থার মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাটি ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন বিএনপি নেতা শামসুল হক দিপু। এ সময় তিনি জানান, ইউনিয়নে ইতোমধ্যে ১৫টি উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে এবং চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কাজ ঘুরে দেখেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তিনি বলেন, “পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমনের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে নেছারাবাদ উপজেলাজুড়ে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। উপজেলার মোট ১৫০টি উন্নয়ন প্রকল্পের কাজ বর্তমানে চলছে, যার অধিকাংশই শেষ পর্যায়ে।”
তিনি আরও বলেন, “নদী ভাঙন রোধে শহীদ বাজার এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে, যা খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ। এছাড়া জলাবাড়ি, ছারছিনা ও আমরাজুড়ি এলাকায় ইতোমধ্যে জিও ব্যাগ ফেলার কাজ সম্পন্ন হয়েছে, ফলে এসব এলাকার মানুষ ভাঙনের ঝুঁকি থেকে অনেকটা রক্ষা পাবে।”
শামসুল হক দিপু বলেন, “সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, সে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এবং নেছারাবাদকে একটি আধুনিক ও উন্নত উপজেলায় রূপান্তর করা হবে।”
স্থানীয়রা জানান, চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা, নদীভাঙন প্রতিরোধ এবং সার্বিক জীবনযাত্রার মান আরও উন্নত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ