মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি
০৬:৩৪ পি.এম
জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে একটি দল দুর্বৃত্ত। শনিবার (১৮ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এদিন ভোর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম এবং সদর থানার অফিসার ইনচার্জ মো: নাজমুস সাকিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জুলাই স্মৃতিস্তম্ভের পাশে কিছু পোড়া কাপড় এবং ছাই পড়ে রয়েছে। তবে স্মৃতিস্তম্ভের মূল কাঠামোর বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার ‘আল-সাদিক হৃদয়’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রচার করা হয়। ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি একটি জ্বলন্ত কাপড় স্মৃতিস্তম্ভের দিকে নিক্ষেপ করছেন। এরপর সেখানে আগুন জ্বলতে দেখা যায়।
এছাড়া জানা গেছে, আল-সাদিক হৃদয় বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে লেখা পড়া শেষে প্রায় চার মাস আগে স্ত্রীসহ মালয়েশিয়া পাড়ি জমান সাদিক। পড়াশুনার সময় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগে (বর্তমানে নিষিদ্ধঘোষিত সংগঠন) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বাড়ি জামালপুর জেলার মাহমুদপুর ইউনিয়নে হওয়ার কারণে স্থানীয় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) এবং অঙ্গ সংগঠনের মিছিলে, সভা-সেমিনারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন সাদিক।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং পুলিশ।
জামালপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। আমরা আগে থেকেই এমন ঘটনার আশঙ্কার কথা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছিলাম। কিন্তু এরপরও ভোর রাতে দুর্বৃত্তরা এসে স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। প্রতিবাদ হিসেবে আজ সন্ধ্যায় স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হবে।
এদিকে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম বলেন, তদন্ত ছাড়া এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।
কথা হলে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মো: নাজমুস সাকিব জানান, তদন্ত চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গত ৬ জুলাই থেকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ফলে এখন পর্যন্ত অন্তত ৫০ জন নিহত হয়েছেন। একই সময়ে ৫০০ জনের বেশি আহত হয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভিন্ন স্থানে মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক ও সামরিক উভয় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে।
আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা জোরদার করেছে। এর জবাবে, ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।
এদিকে, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এর ফলে বিশ্ব জ্বালানি বাজারেও প্রভাব পড়েছে; আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। চলমান এমন অবস্থার মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাটি ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন বিএনপি নেতা শামসুল হক দিপু। এ সময় তিনি জানান, ইউনিয়নে ইতোমধ্যে ১৫টি উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে এবং চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কাজ ঘুরে দেখেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তিনি বলেন, “পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমনের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে নেছারাবাদ উপজেলাজুড়ে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। উপজেলার মোট ১৫০টি উন্নয়ন প্রকল্পের কাজ বর্তমানে চলছে, যার অধিকাংশই শেষ পর্যায়ে।”
তিনি আরও বলেন, “নদী ভাঙন রোধে শহীদ বাজার এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে, যা খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ। এছাড়া জলাবাড়ি, ছারছিনা ও আমরাজুড়ি এলাকায় ইতোমধ্যে জিও ব্যাগ ফেলার কাজ সম্পন্ন হয়েছে, ফলে এসব এলাকার মানুষ ভাঙনের ঝুঁকি থেকে অনেকটা রক্ষা পাবে।”
শামসুল হক দিপু বলেন, “সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, সে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এবং নেছারাবাদকে একটি আধুনিক ও উন্নত উপজেলায় রূপান্তর করা হবে।”
স্থানীয়রা জানান, চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা, নদীভাঙন প্রতিরোধ এবং সার্বিক জীবনযাত্রার মান আরও উন্নত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অপসাংবাদিকতা বা অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, বিএনপি সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। তবে কিছু সাংবাদিক বিশেষ করে কিছু মোবাইল সাংবাদিক নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। তাদের এ ধরণের অপসাংবাদিকতা থেকে বিরত থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে, আতিকুর রহমান রুমন সূচনা বক্তব্যে এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন শনিবার বেলা সাড়ে তিনটার দিকে করা হয়েছিল।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত প্রেস সচিব বলেন, গত ১৭/১৮ বছরের দুঃশাসনে আমাদের সংবাদপত্রের ওপর নানা হস্তক্ষেপ, বিভিন্ন কালো আইন আমরা দেখেছি। কিন্তু আমাদের বিএনপি সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন।
তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা যতটুকু থাকতে প্রয়োজন, আপনারা সাংবাদিকরা গত পাঁচ মাসে সেই স্বাধীনতা পেয়েছেন। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা নিয়ে স্বাধীনভাবে চলছে। তথাপি কিছু দুঃখজনক সত্য, কিছু সাংবাদিক অপসাংবাদিকতা করছে। স্বাধীন সংবাদ পরিবেশনের অন্তরালে এই কাজগুলো করা হচ্ছে।
অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, যারা এসব অপসাংবাদিকতা করছেন, আমি আশা করি তারা এ ধরণের তৎপরতা থেকে বিরত থাকবেন।
সম্প্রতি ঘটে যাওয়া একটি ছাত্র আন্দোলনের উদাহরণ টেনে রুমন বলেন, এই আন্দোলনের পরিস্থিতি সম্পর্কে আমি সব সময় খোঁজ রাখছি। এ সময় আমি এক ছোট ভাইকে জিজ্ঞাসা করলাম উত্তরায় কয়জন ছাত্র অবস্থান নিয়েছে। সেই ছোট ভাই বললো, ১৫ জনের মতো। পরে ভিডিওতে দেখলাম ২৫ থেকে ৩০ জন। তখন ওই ছোট ভাই আইডি কার্ড দেখে জানিয়েছে প্রকৃত ছাত্র ১৫ জন, অন্যরা মোবাইল সাংবাদিক। এর মানে আপনারা বুঝতে পারেন, আন্দোলনকারীদের কিভাবে উস্কানো হয়েছে অপসাংবাদিকতার মাধ্যমে। আমি এ ঘটনার নিন্দা প্রকাশ করছি।
আতিকুর রহমান রুমন বলেন, আমাদের সরকারের বয়স মাত্র পাঁচ মাস। বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট সরকার এই দেশে যে পরিস্থিতি তৈরি করেছে, দেশকে ঋণে জর্জরিত করে রেখেছে, বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানকে যে অকার্যকর করেছে, সেগুলো ঠিক করতে অনেক সময় লাগবে। সেখানে বর্তমান সরকারকে যদি পাঁচ মাস সময়ও না দেন, তাহলে কিভাবে হবে?
তিনি বলেন, আমি আবারও বলছি, কেউ কষ্ট পাবেন না। আমরা আপনাদেরই লোক। আপনাদের সঙ্গে আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সরকারের গত পাঁচ মাসের নানা অর্জন ও কার্যক্রম তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলী।
এ সময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার মাহফুজুর রহমানসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জেলায় একটি উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঝিনাইদহ সদর উপজেলা শাখার আয়োজনে আজ শনিবার সকাল ১০টায় ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি অ্যাড. কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু এবং ঝিনাইদহ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির। প্রধান বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আব্দুস সবুর মিয়া। বিশেষ বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ কে এম নাজমুল ইসলাম।
এছাড়া কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হারুনার রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঝিনাইদহ সদর উপজেলা শাখার সভাপতি আবু জাফরের সভাপতিত্বে এবং রাজধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা আফরোজের সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা আলোচনা করেন প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়ন, শিক্ষক সমাজের ঐক্য সুদৃঢ়করণ, দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর।
সম্মেলনের শেষ পর্বে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঝিনাইদহ সদর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে রাজধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা আফরোজ সভাপতি এবং চুটলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু মাসুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ