১০:৪৪ এম
মাদারীপুরসহ পুরো অঞ্চলে প্রধানমন্ত্রীর তারেক রহমানের দক্ষিণবঙ্গ সফরকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে তিনি ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা দেন এবং ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
সকাল থেকেই টানা বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা মহাসড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করেন। তারা হাতে দলীয় পতাকা ও ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগানে পুরো মহাসড়ক মুখর করে তোলেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। নিরাপত্তা বলয়ের মধ্য দিয়েই তার গাড়িবহর দক্ষিণবঙ্গের পথে অগ্রসর হয়।
আরও পড়ুন: কুলাউড়ায় জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালিত, বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মাদারীপুর-১ আসনের বিএনপির নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। মাদারীপুর-২ আসনের মোস্তফাপুর বাসস্ট্যান্ডে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান এবং মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহানের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। অপরদিকে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের নেতৃত্বে কালকিনি উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ির সামনের অংশে অবস্থান করে হাত নেড়ে মহাসড়কের দুই পাশে অপেক্ষমাণ নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন। প্রধানমন্ত্রী তার এই অভিবাদনে নেতাকর্মীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা যায়।
তবে উচ্ছ্বাসের পাশাপাশি নেতাকর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত অংশ দ্রুত ছয় লেনে উন্নীত করার দাবি জানান। তাদের মতে, দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও গতিশীল করতে এই প্রকল্প বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
সকাল প্রায় সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর মাদারীপুর অংশ অতিক্রম করে বরিশালের উদ্দেশে এগিয়ে যায়।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দফা দাবি ১১-দলীয় জোটের
নেতাকর্মীদের আশা, প্রধানমন্ত্রীর এই দক্ষিণবঙ্গ সফরের মাধ্যমে এ অঞ্চলের উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে। দীর্ঘ ২২ বছর পর দক্ষিণবঙ্গে তারেক রহমানের এই সফর, এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম দক্ষিণাঞ্চল সফর হওয়ায় বিষয়টিকে তারা বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন