০৭:২৫ পি.এম
নতুন বছরের শুরু মানেই ছুটির পরিকল্পনার সময়। ঈদ, পূজা, ধর্মীয় ও সামাজিক উৎসবের দিনগুলোকে সামনে রেখে অনেকেই আগে থেকেই অবকাশযাপনের পরিকল্পনা করে থাকেন। জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে। তালিকায় সাধারণ ও নির্বাহী আদেশে ঘোষিত সরকারি ছুটির পাশাপাশি ঐচ্ছিক ছুটির বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। এই ছুটিগুলোর সঙ্গে সাপ্তাহিক ছুটির সংমিশ্রণে কিছু সময় টানা তিন থেকে চার দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৫ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালে সরকারি ছুটির সংখ্যা হবে মোট ২৯ দিন। এর মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটির দিন হিসেবে গণ্য হবে। ফলে কার্যকর সরকারি ছুটির সংখ্যা হবে ২২ দিন।
এছাড়া, ধর্মীয় উৎসব উপলক্ষে সরকারি কর্মচারীরা নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। তবে এই ছুটি নেওয়ার জন্য বছরের শুরুতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে ঘোষিত সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হয়ে ঐচ্ছিক ছুটি নেওয়ার অনুমতি দেওয়া হতে পারে।
আরও পড়ুন: মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার
মাসভিত্তিক তালিকায়
জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ধর্মীয় উৎসব ও পর্ব উপলক্ষে ঐচ্ছিক ছুটির দিন নির্ধারণ করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে কর্মরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের জন্য সামাজিক উৎসব উপলক্ষেও ছুটি রাখা হয়েছে।
দেখে নিন ২০২৭ সালের মাসভিত্তিক ঐচ্ছিক ছুটির তালিকা এবং টানা ছুটির সুযোগ।
জানুয়ারি
আরও পড়ুন: সারজিস আলম: গণহত্যাকারী হাসিনার অলীক ডিসেম্বর বাংলাদেশে আসবে না
জানুয়ারি মাসে দুদিন ঐচ্ছিক ছুটির সুযোগ রয়েছে। ১ জানুয়ারি ইংরেজি নববর্ষ উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। দিনটি পড়েছে শুক্রবার। ৬ জানুয়ারি পবিত্র শবে মিরাজ উপলক্ষে মুসলিম ধর্মাবলম্বীদের জন্য ঐচ্ছিক ছুটি রয়েছে। দিনটি বুধবার।
ফেব্রুয়ারি
ফেব্রুয়ারি মাসে তিন দিন ঐচ্ছিক ছুটির সুযোগ রয়েছে। ১০ ফেব্রুয়ারি বুধবার ভস্ম বুধবার উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সরস্বতী পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা ঐচ্ছিক ছুটি পাবেন। পরবর্তী দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ১১ ফেব্রুয়ারি ছুটি নিলে টানা তিন দিন অবকাশ কাটানোর সুযোগ থাকবে।
এদিকে, বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঘী পূর্ণিমার সম্ভাব্য তারিখ ২০ ফেব্রুয়ারি। দিনটি শনিবার হওয়ায় এটি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে।
আরও পড়ুন: জিয়া সেদিন তাহেরের সাথে ক্যান্টনমেন্টের বাইরে গেলে ফিরে আসতেন না: ব্রি. সাখাওয়াত
মার্চ
মার্চ মাসে সাত দিন ঐচ্ছিক ছুটির সুযোগ রয়েছে। ৬ মার্চ শনিবার সনাতন ধর্মাবলম্বীদের শিবরাত্রি ব্রত। পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিন ১৩ মার্চ শনিবার মুসলিম চাকরিজীবীরা ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। তবে উভয় দিনই সাপ্তাহিক ছুটির মধ্যে পড়েছে।
২২ মার্চ সোমবার সনাতন ধর্মাবলম্বীদের দোলযাত্রা উপলক্ষে ঐচ্ছিক ছুটি রয়েছে। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন্য ২৫ মার্চ বৃহস্পতিবার পুণ্য বৃহস্পতিবার, ২৬ মার্চ শুক্রবার পুণ্য শুক্রবার, ২৭ মার্চ শনিবার পুণ্য শনিবার এবং ২৮ মার্চ রোববার ইস্টার সানডে উপলক্ষে ছুটির সুযোগ রয়েছে।
এছাড়া, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের সাধারণ ছুটিও রয়েছে। ফলে ২৫ মার্চ ও ২৮ মার্চ ঐচ্ছিক ছুটি নিলে সাপ্তাহিক ছুটি ও সাধারণ ছুটি মিলিয়ে খ্রিষ্টান ধর্মাবলম্বী চাকরিজীবীরা টানা চার দিন ছুটি কাটাতে পারবেন।
আরও পড়ুন: ঢাবিতে ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
এপ্রিল
এপ্রিল মাসে সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটির সুযোগ রয়েছে। ৪ এপ্রিল রোববার হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা ছুটি নিতে পারবেন। এর আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিনের অবকাশের সুযোগ রয়েছে।
বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর অনুরূপ সামাজিক উৎসব উপলক্ষে ১২ ও ১৫ এপ্রিল ঐচ্ছিক ছুটি নিতে পারবেন সংশ্লিষ্ট জনগোষ্ঠীর কর্মচারীরা। ১২ এপ্রিল সোমবার এবং ১৫ এপ্রিল বৃহস্পতিবার। এ ছাড়া ১৩ এপ্রিল মঙ্গলবার চৈত্রসংক্রান্তি উপলক্ষে তিন পার্বত্য জেলা ছাড়া দেশের অন্যত্র সংশ্লিষ্ট জনগোষ্ঠীর কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটি রয়েছে।
মে
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার পরিকল্পনা আ.লীগের
মে মাসে মুসলিম ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ঐচ্ছিক ছুটির সুযোগ রয়েছে। ১৯ মে বুধবার বুদ্ধপূর্ণিমার আগের দিন এবং ২১ মে শুক্রবার বুদ্ধপূর্ণিমার পরদিন বৌদ্ধ ধর্মাবলম্বীরা ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।
চাঁদ দেখা সাপেক্ষে ১৭ মে সোমবার পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার কথা। ঈদের চতুর্থ দিন ২১ মে শুক্রবার মুসলিম চাকরিজীবীরা ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়েছে।
জুন
জুন মাসে ঐচ্ছিক ছুটির তালিকায় আলাদা কোনো দিন রাখা হয়নি।
আরও পড়ুন: রাজধানীতে আবারও যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড
জুলাই
জুলাই মাসে বৌদ্ধ ধর্মাবলম্বীদের আষাঢ়ী পূর্ণিমার সম্ভাব্য তারিখ ১৮ জুলাই রোববার। এর আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এদিন ঐচ্ছিক ছুটি নিলে টানা তিন দিনের ছুটি কাটানোর সুযোগ রয়েছে।
এছাড়া ২৮ জুলাই বুধবার পবিত্র আখেরি চাহার শোম্বা উপলক্ষে মুসলিম চাকরিজীবীরা ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।
আগস্ট
আগস্ট মাসে কোনো ঐচ্ছিক ছুটি নির্ধারণ করা হয়নি।
সেপ্টেম্বর
চাঁদ দেখা সাপেক্ষে ১৩ সেপ্টেম্বর সোমবার ফাতেহা-ই-ইয়াজদহম পালিত হতে পারে। এ উপলক্ষে মুসলিম ধর্মাবলম্বীরা ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।
১৫ সেপ্টেম্বর বুধবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমার সম্ভাব্য তারিখ। ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের মহালয়া অনুষ্ঠিত হবে। মহালয়া উপলক্ষে ঐচ্ছিক ছুটি নিলে পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন সনাতন ধর্মাবলম্বীরা।
অক্টোবর
অক্টোবর মাসে সনাতন ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কয়েকটি ঐচ্ছিক ছুটির সুযোগ রয়েছে। শারদীয় দুর্গাপূজার সপ্তমী ও অষ্টমী উপলক্ষে ৭ ও ৮ অক্টোবর যথাক্রমে বৃহস্পতিবার ও শুক্রবার ঐচ্ছিক ছুটি নিতে পারবেন সনাতন ধর্মাবলম্বীরা। ৯ অক্টোবর শনিবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ১০ অক্টোবর রোববার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। ফলে দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ থাকছে।
১৪ অক্টোবর বৃহস্পতিবার লক্ষ্মীপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের ঐচ্ছিক ছুটি রয়েছে। একই দিন বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমার সম্ভাব্য তারিখ। এদিন ঐচ্ছিক ছুটি নিলে পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে উভয় ধর্মের চাকরিজীবীরা টানা তিন দিনের ছুটি কাটাতে পারবেন।
এ ছাড়া ২৮ অক্টোবর বৃহস্পতিবার শ্যামাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের ঐচ্ছিক ছুটি রয়েছে। পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় এ সময়ও টানা তিন দিনের অবকাশ কাটানোর সুযোগ থাকবে।
নভেম্বর
নভেম্বর মাসে কোনো ঐচ্ছিক ছুটি নির্ধারণ করা হয়নি।
ডিসেম্বর
২০২৭ সালের ২৫ ডিসেম্বর শনিবার যিশুখ্রিষ্টের জন্মদিন বা বড়দিন। এ উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন্য ২৪ ডিসেম্বর শুক্রবার এবং ২৬ ডিসেম্বর রোববার ঐচ্ছিক ছুটির সুযোগ রয়েছে। ২৬ ডিসেম্বর ঐচ্ছিক ছুটি নিলে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিনের অবকাশ কাটাতে পারবেন তারা।
এদিকে, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ ডিসেম্বর রোববার পবিত্র শবে মিরাজ পালিত হতে পারে। এ উপলক্ষে মুসলিম চাকরিজীবীরাও ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। এর আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় তাদেরও টানা তিন দিনের ছুটি কাটানোর সুযোগ রয়েছে।
তবে ঐচ্ছিক ছুটির তালিকায় একাধিক দিন থাকলেও একজন সরকারি কর্মচারী নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন এ ছুটি নিতে পারবেন। এ জন্য বছরের শুরুতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন