ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

ফ্লাইওভার উদ্বোধনের আগেই খসে পড়ল কংক্রিট, আহত ইজিবাইক চালক


ফ্লাইওভার উদ্বোধনের আগেই খসে পড়ল কংক্রিট, আহত ইজিবাইক চালক

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভারের উদ্বোধনের শেষ পর্যায়ে এসে একটি পিলার থেকে কংক্রিটের একটি খণ্ড খসে পড়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার ফলে একটি ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক আহত হন।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে জেলা সদরের ফতুল্লা থানাধীন কাশিপুর এলাকায় ফ্লাইওভারের ৭২ নম্বর পিলারের নিচে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলের দিকে ফ্লাইওভারের ৭২ নম্বর পিলারের উপরের অংশ থেকে হঠাৎ করে কংক্রিটের দুটি বড় খণ্ড ইজিবাইকের ওপর পড়ে যায়। এতে চালক গুরুতর আহত হন। আহত চালককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে, তবে তার নাম এখনও জানা যায়নি। এই ঘটনার পর ফ্লাইওভারের নিচ দিয়ে পথচারী ও যানবাহনের চলাচলে নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: আজমিরীগঞ্জে কিন্ডারগার্টেন বিদ্যালয়ের তালা ভেঙে দেড় লাখ টাকার মালামাল চুরি

স্থানীয় রাজমিস্ত্রীরা জানান, খসে পড়া স্থানে গিয়ে দেখা যায় যে রড থেকে ঢালাই খসে পড়েছে। এই অবস্থাকে কনক্রিট স্পলিং বলা হয়। কংক্রিটের ভেতরে থাকা রড যদি কোনো কারণে বাতাস বা পানির সংস্পর্শে আসে, তবে তা মরিচা পড়ে। এর ফলে কংক্রিটের ঢালাই ফেটে খসে পড়ে। যেহেতু একটি স্থানে এমন সমস্যা দেখা দিয়েছে, তাই ফ্লাইওভারের অন্যান্য পিলারের স্থানগুলো পর্যবেক্ষণ করা প্রয়োজন বলে মনে করছেন তারা।

এ বিষয়ে দ্বিমত প্রকাশ করে পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের পরিচালক ওয়াহিদুজ্জামান বলেন, ‘এটি স্পলিং নয়। শ্রমিকরা কাজ করার সময় ভুলে একটি ব্লক রেখে এসেছিল। সেই ব্লকটি ইজিবাইকের উপর পড়ে যায়। এতে ইজিবাইকটি ভেঙে যায় এবং চালক আহত হয়েছেন। এ ছাড়া দ্বিতল সড়কটির কোথাও কোনো সমস্যা নেই। আশা করছি ডিসেম্বরের শেষের দিকে দ্বিতল সড়কটি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রযুক্তির অগ্রগতির চেয়ে সেবার মানোন্নয়ন জরুরি: তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩০ এম


প্রযুক্তির অগ্রগতির চেয়ে সেবার মানোন্নয়ন জরুরি: তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম

শুধু অনলাইনে সেবা গ্রহণ করাই পূর্ণাঙ্গ ডিজিটাল রূপান্তরের পরিচায়ক নয়, বরং নাগরিকদের জন্য সেবা কতটা সহজ, দ্রুত, স্বচ্ছ ও সহজলভ্য হয়েছে, সেই ভিত্তিতে ডিজিটাল রূপান্তরের সফলতা মূল্যায়ন করা উচিত বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

শুক্রবার আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ‘ইউএন গভর্ন্যান্স ইনোভেশন সামিট: অ্যাডভান্সিং ফিউচার-রেডি ইনস্টিটিউশন্স’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের অষ্টম অধিবেশনে ‘চ্যালেঞ্জিং কনভেনশনাল অ্যাপ্রোচেস টু গভর্ন্যান্স ইনোভেশন অ্যান্ড অ্যান্টিসিপেটরি গভর্ন্যান্স’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী উল্লেখ করেন, সরকারি প্রশাসনের পরিবর্তন কেবল প্রযুক্তির মাধ্যমে সম্ভব নয়। যদিও সংযোগ ডিজিটাল রূপান্তরের ভিত্তি, তবে প্রাতিষ্ঠানিক প্রস্তুতি সেই সংযোগকে জনকল্যাণে রূপান্তরিত করে। নতুন প্রযুক্তি ব্যবহারের আগে সমস্যাগুলো বোঝা জরুরি, বিদ্যমান প্রশাসনিক প্রক্রিয়া পর্যালোচনা করে অপ্রয়োজনীয় ধাপগুলো কমানো প্রয়োজন, প্রতিষ্ঠানের দায়িত্ব স্পষ্ট করা উচিত এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে।

আলোচনায় ফকির মাহবুব আনাম তিনটি সক্ষমতার ওপর গুরুত্বারোপ করেন। এগুলো হলো সক্ষম প্রতিষ্ঠান, দক্ষ জনবল ও জনগণের আস্থা।

তিনি বলেন, সক্ষম প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন স্পষ্ট জবাবদিহি, আন্তঃসংযোগযোগ্য তথ্যব্যবস্থা এবং কার্যকর সমন্বয়। নতুন প্রযুক্তি ব্যবহারে দক্ষতা, আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতা তৈরি করা জরুরি জনবলের মধ্যে। জনগণের আস্থা অর্জনে শক্তিশালী তথ্য ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা, গোপনীয়তা সুরক্ষা এবং সহজলভ্য অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

মন্ত্রী আরও বলেন, ‘প্রযুক্তি নাগরিককে সরকারি ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়াতে বাধ্য করবে না, বরং সরকারি ব্যবস্থাই নাগরিকের সঙ্গে খাপ খাওয়াবে।’ তিনি উল্লেখ করেন, প্রযুক্তি নিজেই প্রাতিষ্ঠানিক বাধা চিহ্নিত করে সংস্কার ত্বরান্বিত করতে পারে। তাই বাংলাদেশ সংস্কার ও প্রযুক্তিগত উদ্ভাবনকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এআই, অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আমাদের প্রশাসনকে আরও দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে পারে।’ সরকার এ লক্ষ্যেই কাজ করছে।

আলোচনা শেষে তিনি বলেন, কাগজভিত্তিক পদ্ধতিকে শুধুমাত্র অনলাইনে স্থানান্তর করার মানসিকতা থেকে সরে এসে নাগরিকের চাহিদা অনুযায়ী পুরো সেবা-প্রক্রিয়া নতুন করে সাজানো হচ্ছে। এতে অপ্রয়োজনীয় ধাপগুলো কমছে এবং প্রযুক্তির মাধ্যমে সরকার আরও সাড়াদানকারী, দক্ষ ও জবাবদিহিমূলক হয়ে উঠছে।

অধিবেশনে বাংলাদেশের মন্ত্রী ছাড়াও লেসোথোর মন্ত্রী মোয়েকেতসি মোৎসোয়ানে, মৌরিতানিয়ার ব্রাহিম বুলখেইর ও মেক্সিকোর ক্যারোলিনা প্লাটা লোপেজ অংশগ্রহণ করেন। আজারবাইজানের প্রেসিডেন্টের অধীন পাবলিক সার্ভিস ও সামাজিক উদ্ভাবনবিষয়ক রাষ্ট্রীয় সংস্থার উপ-চেয়ারম্যান জেহুন সালমানভ অধিবেশনটি সঞ্চালনা করেন।

সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা ভবিষ্যৎ উপযোগী প্রতিষ্ঠান গড়ে তোলা, প্রশাসনিক উদ্ভাবন এবং জনসেবায় প্রযুক্তির কার্যকর ব্যবহার নিয়ে মতবিনিময় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস: ৫ দিনে বজ্রসহ বৃষ্টি হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩০ এম


আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস: ৫ দিনে বজ্রসহ বৃষ্টি হতে পারে

হেমন্তের শীতল বাতাস প্রকৃতিতে শীতের অনুভূতি নিয়ে আসছে। এদিকে, সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশেপাশে অবস্থান করছে। এই পরিস্থিতিতে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম পূর্বাভাসে উল্লেখ করেছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এই অবস্থায় রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সোমবার (৯ নভেম্বর) একই সময় পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রবিবার সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। সোমবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম আরও জানিয়েছেন, মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া বুধবার (১১ নভেম্বর) একই সময় পর্যন্ত চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। তবে বুধবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

গত ২৪ ঘণ্টায় ফেনীতে দেশের সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল। তবে গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেলায় ছাত্রশিবিরের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩১ এম


জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেলায় ছাত্রশিবিরের প্রতিবাদ

ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে সীমানাপ্রাচীরে অবস্থিত জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি সাদা রং দিয়ে মুছে ফেলার ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখা তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

শনিবার, কলেজ ছাত্রশিবিরের সভাপতি মোন্তাকিম আহমেদ এবং সেক্রেটারি সাইমুন ইসলাম সানি এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদের কথা জানান।

বিবৃতিতে তারা উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায়। দীর্ঘকাল ধরে চলা অন্যায়, স্বৈরাচার এবং দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্রসমাজসহ সব স্তরের মানুষের সাহসী প্রতিরোধ ও আত্মত্যাগের মাধ্যমে এই গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে। ঢাকা কলেজ ক্যাম্পাসের দেয়ালে অঙ্কিত গ্রাফিতিগুলো নিছক দেয়ালচিত্র নয়; বরং এগুলো জুলাইয়ের সংগ্রাম, আত্মত্যাগ, প্রতিবাদ ও ঐতিহাসিক চেতনার দৃশ্যমান স্মারক। সেই গ্রাফিতি মুছে ফেলার মাধ্যমে একটি ঐতিহাসিক অধ্যায়ের স্মৃতিকে আড়াল করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এই যৌথ বিবৃতিতে তারা আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়াল শুধুমাত্র ইট-পাথরের অবকাঠামো নয়; বরং তা শিক্ষার্থীদের চিন্তা, প্রতিবাদ, সৃজনশীলতা ও ঐতিহাসিক চেতনা প্রকাশের অন্যতম মাধ্যম। জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলা শিক্ষার্থীদের আবেগ-অনুভূতি ও ইতিহাসের প্রতি অবজ্ঞার শামিল। রাজনৈতিক মতপার্থক্য কিংবা ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে কোনো ঐতিহাসিক স্মারক মুছে ফেলার সংস্কৃতি কখনোই কাম্য নয়।

মুছে ফেলা গ্রাফিতি পুনরায় অঙ্কনের আহ্বান জানিয়ে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বলেন, আমরা এ ঘটনার যথাযথ ব্যাখ্যা দাবি করছি এবং মুছে ফেলা গ্রাফিতিগুলো পুনরায় অঙ্কন ও সংরক্ষণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি। জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর সম্পদ নয়, এটি এ দেশের ছাত্রসমাজ ও আপামর জনতার সম্মিলিত সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস। দেয়াল থেকে গ্রাফিতি মুছে ফেলা গেলেও ইতিহাসের বাস্তবতা ও মানুষের স্মৃতি মুছে ফেলা সম্ভব নয় বলেও উল্লেখ করেন ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

এর আগে, গতকাল শুক্রবার ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজের সৌন্দর্যবর্ধনকে কেন্দ্র করে সীমানাপ্রাচীরে অবস্থিত জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলা হয়। পরে কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তারা এ বিষয়ে অবগত ছিলেন না। আর এমন কিছু হলে তা পুনরায় লেখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
বিপ্লব ও সংহতি দিবস

ঢাবিতে ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩১ এম


ঢাবিতে ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

জাতীয়তাবাদী ছাত্রদল বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীর উদ্বোধন শনিবার দুপুরে করা হয়। আজও এই প্রদর্শনী চলমান থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক নাসির উদ্দীন শাওন, আয়োজক কমিটির আহবায়ক আনিসুর রহমান খন্দকার অনিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

হাবিব উন নবী খান সোহেল অনুষ্ঠানে বলেন, “স্বাধীনতার পর বাংলাদেশকে অন্য একটি দেশের ওপর নির্ভরশীল করে রাখার চেষ্টা হয়েছিল। কিন্তু শহীদদের রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া বাংলাদেশের নিজস্ব শক্তি ও স্বকীয়তা রয়েছে। কোনো দেশের কাছে বাংলাদেশকে পরাধীন হতে দেওয়া হবে নাÑএমন আকাক্সক্ষা থেকেই ৭ নভেম্বরের ঘটনা ঘটেছিল।”

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, “আজ যা কিছু সুন্দর, যা কিছু সফল, তার সব অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। ৭ নভেম্বর না ঘটলে বাংলাদেশ নামের দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকত না।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%