১০:৩৯ পি.এম
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র ড. মাহদী আমিনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মি. জোরিস ভ্যান বোমেল নেতৃতে একটি প্রতিনিধিদল বৈঠক করেছে।
আজ মঙ্গলবার এই বৈঠকটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি শিক্ষা ও কর্মসংস্থান খাতে সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে কৃষি, মেরিটাইম খাত, টেক্সটাইল শিল্প, পানি ব্যবস্থাপনা এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ (অ্যাগ্রো-প্রসেসিং) বিষয়ে সহযোগিতার সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেছে। নেদারল্যান্ডসের প্রতিনিধিদল বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে তাদের আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতা ভাগাভাগি করার আগ্রহ প্রকাশ করেছে।
আরও পড়ুন: চকরিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আকিত হোসেন সজিব গ্রেফতার
বিশেষ করে অ্যাগ্রো-প্রসেসিং, খাদ্য সংরক্ষণ, কৃষি মূল্য সংযোজন এবং কৃষিভিত্তিক শিল্প উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে আগ্রহ দেখা গেছে।
এছাড়া, প্রতিনিধিদলটি বাংলাদেশের শিক্ষা খাতে অগ্রগতি, নারীর ক্ষমতায়ন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণের প্রশংসা করেছে। পাশাপাশি, প্রাথমিক পর্যায়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নারীদের সক্রিয় অংশগ্রহণ ও সাফল্যেরও ভূয়সি প্রশংসা করে তারা। পানি ব্যবস্থাপনা, নদী শাসন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য নেদারল্যান্ডসের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশ সরকারের সঙ্গে এই খাতে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে নেদারল্যান্ডস। আর বাংলাদেশের তরুণ জনগণের দক্ষতা উন্নয়ন, কর্মমুখী প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রেও সহযোগিতার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়।
বৈঠকে মাহদী আমিন দেশের বেকারত্ব হ্রাস, কর্মসংস্থান বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ গঠনে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি তথ্য-প্রযুক্তি (আইটি), টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন, দক্ষতা ও কার্যক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবনী শিল্প বিকাশ এবং ই-কমার্স খাতের সম্প্রসারণ বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে গৃহীত পদক্ষেপসমূহ তথা প্রধানমন্ত্রীর উদ্যোগে তরুণদের জন্য মাতৃভাষা এবং ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা সম্পর্কেও আলোচনা করেন।
আরও পড়ুন: আওয়ামী লীগ আখ্যা দিয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সিপিবি কার্যালয়ে হামলা
শেষে, বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো শক্তিশালী করা, যৌথ ব্যবসায়িক উদ্যোগ বৃদ্ধি করা, শিক্ষা বিনিময় কর্মসূচি সম্প্রসারিত করা, কর্মসংস্থান বিনিময় এবং 'পিপল-টু-পিপল' যোগাযোগ বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন