০৭:৩৬ পি.এম
তরুণদের সামাজিক নেতৃত্ব বিকাশ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং জনকল্যাণমূলক কার্যক্রমে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে অরাজনৈতিক সংগঠন ‘ইউথ কমিউনিটি ঢাকা-১১’। সংগঠনটির উদ্বোধনের পাশাপাশি এদিন নতুন কমিটিও ঘোষণা করা হয়েছে।
শনিবার (২০ জুন) এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও দলের ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম। এই অনুষ্ঠানে ঢাকা-১১ আসনের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ, তরুণ ও শিক্ষার্থীরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. এম এ কাইয়ুম উল্লেখ করেন, ‘শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলেই হবে না, এর পাশাপাশি শিক্ষার সঙ্গে মানবিক ও সামাজিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। যুবসমাজকে সঙ্গে নিয়ে ঢাকা-১১ আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি আদর্শ সমাজে পরিণত করার লক্ষ্যেই এই অরাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে।’
আরও পড়ুন: নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের
তিনি আরও বলেন, ‘এখানে কে কোন রাজনৈতিক দলের সমর্থক, সেটি মুখ্য নয়। মূল লক্ষ্য হলো ঢাকা-১১ এলাকায় একটি আদর্শ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলা।’ সমাজে প্রবীণদের অভিজ্ঞতা এবং তরুণদের উদ্যমকে কাজে লাগিয়ে সোসাইটিভিত্তিক সমাজ গঠনের কমিটিতে তরুণদের অন্তর্ভুক্ত করা হবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে অন্য বক্তারা তুলে ধরেন, যুবসমাজকে সংগঠিত করার বিকল্প নেই। মাদকাসক্তি, কিশোর গ্যাং, সন্ত্রাস, সামাজিক অবক্ষয় ও বেকারত্বের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করা উচিত। ‘ইউথ কমিউনিটি ঢাকা-১১’ এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং তরুণদের দক্ষতা উন্নয়নে উল্লেখযোগ্য কাজ করবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক ও জনকল্যাণমূলক একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচালিত হবে। সংগঠনের মাধ্যমে শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, স্বেচ্ছাসেবা, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক সহায়তামূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে নবঘোষিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক আদালত এগিয়ে যাচ্ছে: ডেপুটি প্রসিকিউটর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন