প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২২ জুন ভোরে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তার আগে দুঃসংবাদ পেয়েছে লা আলবিসেলেস্তেরা। কারণ ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় ম্যাচটিতে খেলতে পারবেন না রাইট ব্যাক গনসালো মন্তিয়েল। তার অনুপস্থিতিতে শুরুর একাদশে দেখা যেতে পারে নাউয়েল মোলিনাকে-এমনটাই জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের একাদেশ ছিলেন মন্তিয়েল। কিন্তু চোটের কারণে বৃহস্পতিবার তিনি দলের সঙ্গে পূর্ণ অনুশীলন করতে পারেননি। পরীক্ষায় তার ডান হ্যামস্ট্রিংয়ে সমস্যা ধরা পড়েছে। তবে স্বস্তির বিষয় হলো, মন্তিয়েলের চোট খুব বেশি গুরুতর নয়। এরপরও ঝুঁকি এড়াতেই অস্ট্রিয়ার বিপক্ষে তাকে মাঠে নামাতে চান না লিওনেল স্কালোনি।
দলের সূত্রের বরাতে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আজ এবং আগামীকাল অনুশীলন করার কথা রয়েছে মন্তিয়েলের। তবে ম্যাচের জন্য তাকে বিবেচনা করছেন না স্কালোনি। মলিনাই অস্ট্রিয়া ম্যাচে খেলার দৌঁড়ে এগিয়ে আছেন, যিনি আলজেরিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে খেলেছিলেন।
বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দেওয়ার আগেও চোট ছিল মন্তিয়েলের। তবে প্রতিবেদনে দাবি করা হয়েছে, বর্তমান চোটের সঙ্গে সেটার কোনো সম্পর্ক নেই। এর আগে রিভার প্লেটের হয়ে অ্যাপার্তুরা টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার সময় অন্য পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মন্তিয়েল, ফলে তিনি বেলগ্রানের বিপক্ষে ফাইনাল খেলতে পারেননি।
বিশ্বকাপ প্রস্তুতি পর্বেও পুরোপুরি ছন্দে ছিলেন না মন্তিয়েল। প্রায় এক সপ্তাহ আলাদা অনুশীলন করার পাশাপাশি হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচেও খেলতে পারেননি তিনি। যদিও পরে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ফেরার ইঙ্গিত দেন ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার।
মন্তিয়েলের এই নতুন চোট আর্জেন্টিনার জন্য বড় কোনো উদ্বেগের কারণ নয়। অস্ট্রিয়া ম্যাচের পর জর্ডানের বিপক্ষে পরবর্তী ম্যাচের আগে সুস্থ হওয়ার জন্য প্রায় এক সপ্তাহ সময় পাবেন তিনি। কোচিং স্টাফ আশা করছে, সে সময়ের মধ্যেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।
সূত্র: ওয়ান ফুটবল
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন