১১:৪৯ পি.এম
সাতক্ষীরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। তাদের সাথে ৭৩ লাখ ৫০ হাজার টাকার মালামাল আটক করা হয়েছে।
আজ বুধবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, তলুইগাছা, ঘোনা, হিজলদী এবং ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ এবং একটি বাংলাদেশি ট্রাক অন্তর্ভুক্ত রয়েছে। আটক চোরাকারবারিরা হলেন যশোরের নওয়াপড়া থানার ভুঁইকাড়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে ট্রাকচালক মো. আব্দুল কুদ্দুস (৪৭) এবং সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দাহ গ্রামের জিহাদ আলীর ছেলে ট্রাকের সহকারী চালক মো. শামীম হোসেন (২৪)।
আরও পড়ুন: ৯৬ লাখ টাকা চুরির ঘটনায় ভাগ নেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান শাহ আলম গ্রেপ্তার
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার চৌরঙ্গীর মোড় নামক স্থান থেকে, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার দাঁতভাঙ্গা মোড় নামক স্থান থেকে এবং হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বড়ালী নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
এছাড়া, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার মুফতিবাড়ী মোড় নামক স্থান থেকে ভারতীয় ওষুধ এবং মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
অন্যদিকে, ভোমরা বিওপির আওতাধীন আইসিপিতে দায়িত্বরত বিজিবি সদস্যরা ভোমরা স্থলবন্দর চেকপোস্ট এলাকার বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে একটি বাংলাদেশি ট্রাক থেকে ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ফোনের ১৫৬টি ডিসপ্লে জব্দ করেন।
এই তল্লাশি চলাকালীন আটক করা হয় ট্রাকচালক আব্দুল কুদ্দুস ও তার সহকারী শামীম হোসেনকে। জব্দকৃত বাংলাদেশি ট্রাকসহ ভারতীয় মালামালের মোট বাজারমূল্য ৭৩ লাখ ৫০ হাজার ৩০০ টাকা।
আরও পড়ুন: সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার দিতে বাধার অভিযোগ
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান এ বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। বিজিবির এ ধরনের অভিযান চোরাচালান প্রতিরোধে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন