ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাসিকের প্রকৌশল বিভাগের অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত


রাসিকের প্রকৌশল বিভাগের অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের কার্যক্রমের অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে নগর ভবনে সরিৎ দত্ত গুপ্ত নগর সভা কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বলেন, সততা, দক্ষতা ও যোগ্যতা দিয়ে প্রত্যেককে নিজ নিজ অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। দায়িত্ব পালনে কোন অবহেলা করা যাবে না। ভালো কাজের জন্য রয়েছে পুরস্কার।

রাসিক প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করেছেন এ দেশটাকে এগিয়ে নিতে। তিনি আমাকে এ মহানগরীর উন্নয়নে কাজ করার দায়িত্ব প্রদান করেছেন। আপনাদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়ন করতে চাই।

আরও পড়ুন: মদনে শিশু ধর্ষণ ও গর্ভধারণ মামলা, রায় ১১ নভেম্বর

তিনি আরো বলেন, নাগরিক সেবার এ প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে আপনাদের সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আপনাদের সকলের সমন্বিত প্রচেষ্টায় আগামী ১ থেকে ২ বছরের মধ্যে এ নগরী হয়ে উঠবে দেশের অন্যতম সুন্দর নগরী।

তিনি আরও বলেন, নতুন নতুন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ণে আপনাদের ভূমিকা অপরিসীম। নাগরিক বিভিন্ন সমস্যা চিহ্নিত করে ওয়ার্ড পর্যায়ে তথ্য সংগ্রহের মাধ্যমে আগামীতে সকল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল হবার পরামর্শ প্রদান করেন তিনি।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত সভায় রাজশাহী মহানগরীতে চলমান উন্নয়ন প্রকল্পের সার্বিক তথ্য চিত্র উপস্থাপন করেন তত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ। সভায় রাসিকের প্রকৌশল বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গাইবান্ধায় নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানিতে কট্টর ডানপন্থী এএফডির সম্মেলন অনুষ্ঠিত গণবিক্ষোভ সত্ত্বেও

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


জার্মানিতে কট্টর ডানপন্থী এএফডির সম্মেলন অনুষ্ঠিত গণবিক্ষোভ সত্ত্বেও

জার্মানির কট্টর ডানপন্থী দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)’র সম্মেলন ঠেকাতে শনিবার হাজারো মানুষ বিক্ষোভে অংশ নিয়ে প্রধান সড়ক অবরোধ নিশ্চিত করে এবং গণপরিবহন চলাচলে বিঘ্ন ঘটালেও শেষ পর্যন্ত দলটির কংগ্রেস বন্ধ করা যায়নি।

জার্মানির এরফুর্ট থেকে এএফপি জানায়, বিক্ষোভকারীরা অবরোধ গড়ে তোলার আগেই এএফডির অনেক প্রতিনিধি ভোরে এরফুর্টের সম্মেলনকেন্দ্রে পৌঁছে যান। নির্ধারিত সময়েই সম্মেলন শুরু হয় ও কর্মসূচির মাধ্যমে পরিস্থিতি আগেই শুরু হয়েছিল।

দেশজুড়ে বিভিন্ন এলাকা থেকে আসা বিক্ষোভকারীরা মূলত শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেন। তারা জাতীয় জনমত জরিপে শীর্ষে থাকা দলটির বিরুদ্ধে অবস্থান নেন। পুলিশের হিসাবে প্রায় ৩১ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন, যদিও আয়োজকদের দাবি এ সংখ্যা অন্তত ৫০ হাজার।

তারা পূর্বাঞ্চলীয় থুরিঙ্গিয়া রাজ্যের রাজধানী এরফুর্টে প্রবেশের একাধিক সড়ক অবরোধ করেন। কিছু বিক্ষোভকারী মোটরওয়ে সেতু থেকে দড়ি বেয়ে নিচে নেমে বিক্ষোভে অংশ নেন। এএফপির সাংবাদিকদের তথ্যমতে, কয়েকটি সংগঠন শহরের কেন্দ্রস্থলে অবস্থান কর্মসূচিও পালন করে।

শহর কর্তৃপক্ষ জানায়, বাস ও ট্রাম চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে এবং অনেকেরই অসুবিধা হয়।

পূর্বাঞ্চলীয় শহর গেরা থেকে আসা ১৯ বছর বয়সী বিক্ষোভকারী লেনে ক্রুগ এএফপিকে বলেন, ‘ডানপন্থার দিকে ঝুঁকে পড়ার বিরুদ্ধে একটি বার্তা দেওয়া জরুরি।’

তার ভাষায়, ‘এএফডি একটি গণতন্ত্রবিরোধী দল, যারা ঘৃণা ছড়ায়।’ এলা নামে আরেক বিক্ষোভকারী ট্রামলাইনে নিজেদের আটকে দেওয়া একটি দলের সদস্য ছিলেন।

৪৪ বছর বয়সী এ বিক্ষোভকারী, যিনি শুধু নিজের প্রথম নাম প্রকাশ করেন, বলেন, ‘১৯৩৩ থেকে ১৯৪৫ সালের সময় আর কখনো ফিরে আসতে দেওয়া যাবে না।’ তিনি নাৎসি শাসনামলের প্রতি ইঙ্গিত করেন।

তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক দলগুলোকে বুঝতে হবে, এএফডির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।’

দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীরা অবরোধ তুলে সম্মেলনকেন্দ্রের দিকে মিছিল করেন। দুই দিনের এ সম্মেলন ঘিরে কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

সহিংসতার আশঙ্কা থাকলেও অধিকাংশ বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। তবে বিচ্ছিন্ন সংঘর্ষে পুলিশ মরিচের স্প্রে ব্যবহার করেছে বলে জানানো হয়েছে।

নাৎসি অতীতের কারণে জার্মানির অনেক মানুষ মনে করেন, কট্টর ডানপন্থী রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার তাদের বিশেষ নৈতিক দায়িত্ব রয়েছে।

সমালোচকদের মতে, নাৎসিদের একটি ঐতিহাসিক সম্মেলনের ১০০ বছর পূর্তিতে কাছাকাছি ভাইমারে স্মরণীয় সেই সময়ের সঙ্গে মিল রেখে এরফুর্টে এএফডির সম্মেলন আয়োজন ছিল ইচ্ছাকৃত উসকানি। তবে এ অভিযোগ অস্বীকার করেছে দলটি।

এএফডির সহসভাপতি আলিস ভাইডেল বলেন, দলটি গণতন্ত্রবিরোধী- এ অভিযোগ ভিত্তিহীন। তিনি সম্মেলনে বলেন, ‘আমরাই জার্মানির নতুন গণমানুষের দল।’ তিনি আরও বলেন, ‘এএফডি দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত। কারণ আমরা, জার্মান জনগণ এবং জার্মানি সুশাসনের যোগ্য।’

সাবেক পূর্ব জার্মানির রাজ্যগুলোতে আসন্ন নির্বাচনে প্রথমবারের মতো ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে দলটি।

জরিপে দেখা যাচ্ছে, সেপ্টেম্বরে স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে দলটি একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। জাতীয় পর্যায়েও গত বছরের নির্বাচনের পর থেকে দলটি জনমত জরিপে শীর্ষে বা শীর্ষের কাছাকাছি অবস্থানে রয়েছে। ওই নির্বাচনে দলটি ২০ শতাংশ ভোট পেয়ে চ্যান্সেলর ফ্রিডরিশ মেরৎসের মধ্য-ডানপন্থী সিডিইউ/সিএসইউ জোটের পর দ্বিতীয় হয়েছিল।

পুনর্নির্বাচিত হলেন দুই সহসভাপতি। এএফডির আরেক সহসভাপতি টিনো ক্রুপাল্লাও ভাইডেলের বক্তব্যের প্রতিধ্বনি করে বলেন, ‘হয়তো খুব শিগগিরই আমরা একাই সরকার গঠন করতে পারব।’

তিনি বলেন, ‘যারা আমাদের দলীয় সম্মেলন বন্ধ করতে চেয়েছিল, সেই গণতন্ত্রবিরোধীদের জন্য সেটিই হবে সবচেয়ে উপযুক্ত জবাব।’ প্রত্যাশামতো ভাইডেল ও ক্রুপাল্লা আরও দুই বছরের জন্য দলের সহসভাপতি হিসেবে পুনর্র্নিবাচিত হয়েছেন।

ভাইডেল ৮১ শতাংশ এবং ক্রুপাল্লা ৭০ শতাংশ ভোট পেয়েছেন। দুই বছর আগের নির্বাচনের তুলনায় এবার তাদের প্রাপ্ত ভোটের অবস্থান উল্টে গেছে; তখন ক্রুপাল্লা বেশি ভোট পেয়েছিলেন।

চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস এএফডির উত্থান ঠেকানোকে নিজের অন্যতম প্রধান রাজনৈতিক লক্ষ্য হিসেবে ঘোষণা করেছেন। এএফডিকে ক্ষমতার বাইরে রাখতে অন্য সব দল তাদের সঙ্গে জোট করতে অস্বীকৃতি জানিয়েছে।

এএফডির দাবি, সাবেক চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল এক দশক আগে বিপুলসংখ্যক শরণার্থী ও আশ্রয়প্রার্থীকে জার্মানিতে প্রবেশের অনুমতি দেওয়ার আগে খ্রিস্টীয় গণতান্ত্রিক দল যে রক্ষণশীল অবস্থান ধারণ করত, তারা এখন সেই রাজনৈতিক অবস্থানই প্রতিনিধিত্ব করছে।

তবে সমালোচকদের অভিযোগ, এএফডির কিছু নেতা নাৎসি অপরাধকে খাটো করে দেখেন এবং নিষিদ্ধ কট্টর ডানপন্থী উগ্রপন্থী গোষ্ঠীর সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে।

দলের সবচেয়ে কট্টরপন্থী নেতাদের একজন বিয়র্ন হ্যোকে এ সম্মেলনে এএফডির তথাকথিত ‘অসামঞ্জস্য তালিকা’ সংশোধনের একটি বিতর্কিত প্রস্তাব তুলেছিলেন। এ তালিকায় উল্লেখ রয়েছে, কোন কোন উগ্রপন্থী সংগঠনের সদস্য হলে এএফডির সদস্য থাকা যাবে না।

তবে দলীয় নেতৃত্বের চাপের মুখে হ্যোকে শেষ পর্যন্ত প্রস্তাবটি প্রত্যাহার করেন। যদিও ভাইডেল ঘোষণা দেন, আগামী এক বছরের মধ্যে তালিকাটি পুনর্বিবেচনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেইমার পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত: আনচেলত্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


নেইমার পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত: আনচেলত্তি

চলতি বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিরুদ্ধে মাঠে নামার ঠিক আগমুহূর্তে ব্রাজিল শিবিরে এসেছে দারুণ এক সুখবর। সেলেসাওদের প্রধান তারকা নেইমার জুনিয়র এখন পুরোপুরি ফিট এবং ম্যাচটিতে পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত বলে নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিলের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ফোলিয়া দে সঁ পাওলো’-কে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি নেইমারের শারীরিক ও মানসিক অবস্থার ভূয়সী প্রশংসা করেন। ব্রাজিলিয়ান সুপারস্টারের ফিটনেস নিয়ে জানতে চাওয়া হলে আনচেলত্তি সাফ জানিয়ে দেন, ‘হ্যাঁ, ও পুরো ৯০ মিনিট খেলার জন্যই তৈরি।’

বিশ্বকাপের ম্যাচে পুরোটা সময় খেলার জন্য নেইমার নিজে যেমন মরিয়া হয়ে আছেন, তেমনি চোট কাটিয়ে ফেরার পুরো সময়টাতে তার একাগ্রতা ও দলের প্রতি দায়বদ্ধতা ছিল সত্যিই চোখে পড়ার মতো। নেইমারের ভেতরের জেদটা লুকাতে চাননি আনচেলত্তি, তবে তার পেশাদারিত্বের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।

সাবেক রিয়াল মাদ্রিদ কোচ আরও বলেন, ‘পুরো সময় খেলতে না পেরে ও যে খুব একটা খুশি, তা নয়; কিন্তু ওর আচরণ এক্কেবারে নিখুঁত। মাঠের ভেতরে ওর ফুটবলীয় স্কিল যেমন দুর্দান্ত, মাঠের বাইরে মানুষ হিসেবেও ও তেমনি বিনয়ী। দলের সবার কাছে ভীষণ জনপ্রিয় নেইমার আমাদের জন্য মস্ত বড় এক সম্পদ।’

জাপানের বিপক্ষে জয় দিয়ে ব্রাজিল শেষ ষোলোর টিকিট নিশ্চিত করলেও, গ্যাব্রিয়েল মার্তিনেল্লির সেই জয়সূচক গোলের পর ডাগআউটে আনচেলত্তিকে কেন খুব একটা উল্লাস করতে দেখা যায়নি সেই রহস্যের জটও এবার খুললেন সেলেসাও বস। কেবল নিজের শারীরিক কন্ডিশনই নয়, ম্যাচ শেষ হওয়ার শেষ সেকেন্ড পর্যন্ত মনোযোগ ধরে রাখতেই তার এই শান্ত থাকা।

৬৬ বছর বয়সী আনচেলত্তি বলেন, ‘আমার কাছে খেলা শেষ বাঁশি বাজার আগে শেষ হয় না। মার্তিনেল্লি গোল করার পরও ম্যাচে কয়েক মিনিট বাকি ছিল। ক্যারিয়ারে এমন অভিজ্ঞতা অনেক আছে, যেখানে জিতে গেছি ভেবে নিশ্চিন্ত ছিলাম কিন্তু শেষ মুহূর্তে ম্যাচ হাত ফসকে গেছে। তাই আমি জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্ত থাকি।’

নকআউট পর্বে নরওয়ের বিপক্ষে লড়াইকে অগ্নিপরীক্ষা হিসেবে দেখছেন সেলেসাও বস। প্রতিপক্ষ নরওয়ের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি তাদের তারকা আর্লিং হালান্ডকে নিয়েও শিষ্যদের সতর্ক করেছেন তিনি। আনচেলত্তি বলেন, ‘নরওয়ে ভীষণ গোছানো একটা দল, ওদের বেশ কিছু বিশ্বমানের খেলোয়াড় আছে। বিশেষ করে হালান্ড এই মুহূর্তে বিশ্বসেরাদের একজন। তাই ম্যাচটা যে কঠিন হতে যাচ্ছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমরা আত্মবিশ্বাসী যে নিজেদের সেরা ফুটবলটা খেলে আমরাই মাঠ ছাড়ব।’

আগামীকাল রবিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় শেষ ষোলোের এই মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। এখন দেখার বিষয়, দীর্ঘ সময় পর নেইমারকে পুরো ৯০ মিনিট মাঠে পেয়ে সেলেসাওরা কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে কি না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তৃতীয় বিয়ে করছেন আমির খান, অনুষ্ঠানে থাকবেন সাবেক দুই স্ত্রীও

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৮ পি.এম


তৃতীয় বিয়ে করছেন আমির খান, অনুষ্ঠানে থাকবেন সাবেক দুই স্ত্রীও

বলিউডের প্রখ্যাত তারকা আমির খান আগামীকাল (৫ জুলাই) তার প্রেমিকা গৌরী স্প্র্যাটের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। সম্প্রতি, তিনি নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনার পর, এবার বিয়ের আনুষ্ঠানিক আয়োজন চূড়ান্ত হওয়ায় এই বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

তবে অন্যান্য অনেক তারকাদের জাঁকজমকপূর্ণ বিয়ের বিপরীতে, আমির খান বেছে নিয়েছেন একেবারে ঘরোয়া আয়োজন। জানা গেছে, কোনো বিলাসবহুল ভেন্যু নয়, বরং মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনেই অনুষ্ঠিত হবে বিয়ের অনুষ্ঠান। পুরো আয়োজন রাখা হচ্ছে সাদামাটা ও পারিবারিক পরিবেশে।

অতিথি তালিকাও সীমিত রাখা হয়েছে। দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং অল্প কয়েকজন শুভাকাঙ্ক্ষীই এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বিয়ের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো, আমির খানের সাবেক দুই স্ত্রী ও তার সন্তানদেরও অনুষ্ঠানে থাকার সম্ভাবনা। এটি বোঝা যায় যে, বিচ্ছেদের পরও পারিবারিক সম্পর্ককে সম্মান ও সৌহার্দ্যের সঙ্গে ধরে রেখেছেন অভিনেতা। ফলে, এই আয়োজন শুধু দুই মানুষের নতুন জীবনের সূচনা নয়, বরং একটি বড় পরিবারের মিলনমেলাও হতে যাচ্ছে।

সম্প্রতি এক ভিডিও বার্তায় আমির জানান, আড়ম্বরপূর্ণ উদযাপনের চেয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোই তার কাছে বেশি মূল্যবান। একই সঙ্গে, নতুন জীবনের জন্য তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া, ভালোবাসা এবং শুভকামনা কামনা করেছেন।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। আগের দুটি বৈবাহিক সম্পর্কের ইতি ঘটলেও সাবেক পরিবারের সদস্যদের সাথে তিনি সুসম্পর্ক বজায় রেখেছেন। অন্যদিকে, গৌরী স্প্র্যাটের এটি দ্বিতীয় বিয়ে। তার আগের সংসারের একটি ছেলে রয়েছে। আমিরের তিন সন্তানসহ চার সন্তানই এই নতুন অধ্যায়ে তাদের পাশে থাকবে বলে জানা গেছে।

ইতোমধ্যে, এই বিয়ে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বলিউড অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। জাঁকজমকের পরিবর্তে পরিবারকে অগ্রাধিকার দিয়ে এমন সরল আয়োজন অনেকের কাছেই ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির গভীর প্রভাব প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় থাকবে: শাহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


খামেনির গভীর প্রভাব প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় থাকবে: শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, খামেনির ‘গভীর প্রভাব’ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্মরণীয় হয়ে থাকবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্যতম প্রধান মধ্যস্থতাকারী শাহবাজ শরীফ তেহরানে অনুষ্ঠিত জানাজায় অংশ নিয়েছেন। খবর আলজাজিরার।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শেহবাজ শরিফ বলেন, খামেনির “প্রজ্ঞা, নেতৃত্ব এবং ইরান ও বৃহত্তর অঞ্চলের ওপর তার গভীর প্রভাব প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে।

পাকিস্তানের প্রতিনিধিদলে আরও ছিলেন বিলাওয়াল ভুট্টো জারদারি, দেশটির জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক এবং সেনাপ্রধান আসিম মুনিরসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%