বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং
১০:০৬ এম
ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে, এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস। এই সময়ে আকাশ আংশিক মেঘলা হয়ে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
দিনে তাপমাত্রা কমে যেতে পারে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে এই তথ্য। পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৫ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে—এমন একটি ইঙ্গিতের পর আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ অনেকটাই কমেছে। এর ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। ব্রেন্ট এবং পশ্চিম টেক্সাস মধ্যবর্তী সূচকের উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম নেমে এসেছে গত চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের অগ্রগতি নিয়ে ইতিবাচক মন্তব্য আসার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১ শতাংশের বেশি কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৩৮ ডলার বা ১ দশমিক ৮৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭১ দশমিক ৫৭ ডলারে দাঁড়িয়েছে।
অপর দিকে, পশ্চিম টেক্সাস মধ্যবর্তী সূচকের অপরিশোধিত তেলের দাম ৯২ সেন্ট বা ১ দশমিক ৩২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৮ দশমিক ৫৮ ডলারে নেমে এসেছে। দুই সূচকই মার্চের পর সর্বনিম্ন দামে লেনদেন শেষ করেছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পৃথকভাবে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা যথাক্রমে ‘খুব ভালো’ এবং ‘অত্যন্ত ভালো’ভাবে এগোচ্ছে।
রয়টার্সের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার তেলের দাম ১ শতাংশের বেশি কমে মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। কাতারে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে ট্রাম্পের মন্তব্যের পর বাজারে সরবরাহ নিয়ে শঙ্কা কমে যায়।
স্যাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন বলেন, কাতারে চলমান আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। ফলে তেলের দাম আরও কমেছে এবং সামনে আরও কমার সম্ভাবনাও রয়েছে।
বুধবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক ‘খুব ভালো’ অবস্থায় রয়েছে এবং কাতারে সাম্প্রতিক বৈঠকগুলোও ইতিবাচক হয়েছে।
সরাসরি আলোচনার সঙ্গে যুক্ত একটি সূত্র এবং ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা এবং স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে দোহায় কারিগরি পর্যায়ের আলোচনা করেছে যুক্তরাষ্ট্র এবং ইরান।
তবে অন্তর্বর্তী সমঝোতার ব্যাখ্যা নিয়ে দুই দেশের অবস্থানে এখনো পার্থক্য রয়েছে। এমনকি গত সপ্তাহেও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়েছে।
প্রাইস ফিউচার্স গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক ফিল ফ্লিন বলেন, হরমুজ প্রণালি দিয়ে আরও বেশি তেল পরিবহনের সম্ভাবনায় বাজারে আশাবাদ তৈরি হয়েছে। তার মতে, পরিস্থিতি স্বাভাবিক হলে বিশ্বে আগের যেকোনো সময়ের তুলনায় আরও বেশি তেল উৎপাদনের সুযোগ সৃষ্টি হতে পারে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল যুদ্ধ শুরুর আগের পর্যায়ে ফিরে এসেছে। তবে এ বিষয়ে তিনি কোনো পরিসংখ্যান দেননি।
এদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে দেশটির অপরিশোধিত তেলের মজুত ৩৮ লাখ ব্যারেল কমে ৪০ কোটি ৮৪ লাখ ব্যারেলে নেমেছে। ২০১৮ সালের সেপ্টেম্বরের পর এটি সর্বনিম্ন মজুত। ৪ জুলাইয়ের ছুটিকে সামনে রেখে দেশটির শোধনাগারগুলোর চাহিদা বাড়ায় এই মজুত কমেছে। তবে রয়টার্সের জরিপে বিশ্লেষকদের ৪৫ লাখ ব্যারেল কমার যে পূর্বাভাস ছিল, প্রকৃত হ্রাস তার চেয়ে কম।
রয়টার্সের আরেক জরিপে দেখা গেছে, টানা পাঁচ মাস বাড়ার পর এবং ইরান-সংঘাত শুরুর পর প্রথমবারের মতো ২০২৬ সালের তেলের দামের পূর্বাভাস কমিয়েছেন বিশ্লেষকেরা। একই সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় সচল থাকায় দীর্ঘমেয়াদে বৈশ্বিক তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা কমেছে।
এ পরিস্থিতিতে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্রেন্ট তেলের দাম প্রায় ৪৫ ডলার কমেছে, যা ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর সবচেয়ে বড় ত্রৈমাসিক দরপতন। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম কমেছে প্রায় ৩১ ডলার, যা ২০২০ সালের কোভিড-১৯ মহামারির পর সবচেয়ে বড় ত্রৈমাসিক পতন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
উপাচার্যের আশ্বাসের পরও অনাস্থা প্রকাশ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পদোন্নতি ও আপগ্রেডেশনের দাবিতে আন্দোলনরত কর্মকর্তারা।
তবে শিক্ষার্থীদের স্বার্থ ও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বিবেচনায় নিয়ে তারা কর্মসূচির সময়সীমা কমানোর নিয়েছেন তারা।
বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন আন্দোলনরত কর্মকর্তারা।
তারা জানান, আগামীকাল থেকে প্রতিদিন দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করা হবে। শিক্ষার্থীদের সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রমে যেন নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়টি বিবেচনায় নিয়েই কর্মসূচির সময় কমানো হয়েছে।
আন্দোলনরত কর্মকর্তাদের অভিযোগ, পদোন্নতি ও আপগ্রেডেশন সংক্রান্ত বিষয়ে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর কাছ থেকে একাধিকবার আশ্বাস পেলেও তা বাস্তবায়িত হয়নি। সর্বশেষ আলোচনাতেও কোনো কার্যকর অগ্রগতি না হওয়ায় তারা আশ্বাসের ওপর আস্থা হারিয়েছেন। ফলে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
তারা আরও বলেন, শুরুতে কর্মবিরতি এবং পরে অবস্থান কর্মসূচি পালন করা হলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পরিস্থিতির উন্নতি না হলে ভবিষ্যতে আন্দোলনের কর্মসূচি আরও কঠোর করা হতে পারে।
এর আগে, গত ২৮ জুন নির্ধারিত পদোন্নতি বোর্ড অনুষ্ঠিত না হওয়ায় উপাচার্যের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দেন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা।
আন্দোলনকারীরা জানান, ১৬ জুলাই শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সেদিনের অবস্থান কর্মসূচি স্থগিত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের ফলে বিপর্যস্ত অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,২৯৫ জনে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ। এই ভয়াবহ বিপর্যয়ের এক সপ্তাহ পেরিয়ে গেলেও মৃতের পরিবারের সদস্যরা জীবিত স্বজনদের ফেরার আশা ছাড়ছেন না। কিন্তু উদ্ধারকাজে ধীরগতির জন্য আর কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা অনেক কমে যাওয়ার মতামত প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এ দেশের উপকূলীয় অঞ্চল শক্তিশালী জোড়া ভূমিকম্পে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। লা গুয়াইরা শহরের ধসে পড়া ভবনগুলোতে কেউ আর জীবিত অবস্থায় নেই, এটি নিশ্চিত হয়ে উদ্ধারকর্মীরা সেগুলোকে 'মৃত' বা 'D' চিহ্ন দিয়ে চিহ্নিত করছেন। প্রতিদিন ধ্বংসস্তূপ থেকে অসংখ্য মৃতদেহ বের করা হচ্ছে।
ভূমিকম্পের এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরেও স্বজনেরা জীবিত প্রিয়জন ফিরে পাওয়ার আশা পুরোপুরি ছাড়েননি। তবে সময়ের সাথে সাথে তাদের সেই আশা নিভে আসছে।
ধ্বংসস্তূপের নিচে জীবনের খোঁজের চেয়ে টিকে থাকার লড়াই এখন বড় হয়ে উঠেছে। স্বাভাবিক জীবনযাত্রা ভেঙে পড়েছে, তীব্র খাদ্য ও পানি সংকট দেখা দিয়েছে। ত্রাণ শিবিরের সামনে খাবারের জন্য মানুষের মধ্যে হাহাকার এবং কাড়াকাড়ি চলছে, যা চরম বিশৃঙ্খলার দিকে পরিচালিত করছে। এর মধ্যে ব্যাপক চুরি ও লুটপাটও দেখা দিয়েছে।
দীর্ঘকাল ধরে চলা অর্থনৈতিক সংকট এবং মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার স্বাস্থ্য খাত আগে থেকেই দুর্বল ছিল। বর্তমানে রাজধানী কারাকাসের হাসপাতালগুলো আহত মানুষের ভিড়ে উপচে পড়ছে। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের তীব্র ঘাটতির কারণে চিকিৎসকরা কেবল গুরুতর রোগীদের অগ্রাধিকার দিতে বাধ্য হচ্ছেন। এদিকে হাম ও ডিপথেরিয়ায় সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার মারাত্মক ঝুঁকি সৃষ্টি হয়েছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা সতর্ক করা হয়েছে।
চরম মানবিক সংকটের প্রেক্ষাপটে বিশ্ব খাদ্য কর্মসূচি ইতিমধ্যে ভেনেজুয়েলার ৫ লাখ মানুষের তিন মাসের খাবারের জন্য জরুরি ভিত্তিতে ৫ কোটি ডলারের সহায়তা চেয়েছে।
কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘস্থায়ী মার্কিন নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক সাহায্য, প্রয়োজনীয় তহবিল এবং উদ্ধারকাজের ভারি যন্ত্রপাতি পৌঁছানোর পথ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ সাময়িকভাবে কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে, তাও এই বিশাল ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য একেবারেই অপ্রতুল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই। বৃহস্পতিবার (২ জুলাই) এই সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় প্রদান করেছে।
এর ফলে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এখন আর কোনো আইনি জটিলতার সম্মুখীন হচ্ছে না। সম্প্রতি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সংকট দূর করার জন্য ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আদালতের নির্দেশের কারণে ওই প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ