ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রাঙামাটিতে সড়ক ও নৌপথে দুর্ঘটনা রোধে সচেতনতামূলক প্রচারণা


রাঙামাটিতে সড়ক ও নৌপথে দুর্ঘটনা রোধে সচেতনতামূলক প্রচারণা

রাঙামাটিতে সড়ক ও নৌপথে দুর্ঘটনা রোধে চালক ও যাত্রীদের সচেতন করতে লিফলেট বিতরণ ও পথসভা করেছে নিরাপদ যাত্রা ফাউন্ডেশন। বুধবার (২১ অক্টোবর) দুপুরে জেলা শহরের রিজার্ভ বাজার সিএনজি স্টেশন, লঞ্চঘাট ও পাহাড়িকা বাস কাউন্টারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
‎
‎কর্মসূচিতে সড়কে ট্রাফিক আইন মেনে চলা, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করা এবং নৌপথে অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন থেকে বিরত থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে নৌযানে যাত্রীদের জন্য লাইফ জ্যাকেট নিশ্চিত করা এবং নৌ আইন মেনে চলার আহ্বান জানান বক্তারা।
‎
‎পথসভায় বক্তারা বলেন, সড়ক ও নৌপথে দুর্ঘটনা কমাতে চালক, যানবাহন ও নৌযানের মালিক এবং যাত্রীদের সচেতন হতে হবে। আইন মেনে চলার পাশাপাশি দায়িত্বশীল আচরণ ও জনসচেতনতা বাড়ানো গেলে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব।
‎
‎নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের রাঙামাটি জেলা সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবীব আজমের সভাপতিত্বে পথসভায় সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রাজু।
‎
‎এতে বক্তব্য দেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন, সংগঠক মো. ইভান শফি এবং সদস্য মো. শাহ আলম ও মো. ইমরান। এ ছাড়া সংগঠনের অন্য সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এসআই মনোয়ার হোসেন, ট্রাফিক পুলিশের সদস্য, স্থানীয় চালক ও সাধারণ যাত্রীরা উপস্থিত ছিলেন।
‎
‎কর্মসূচিতে চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় চালক ও পথচারীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাসিক প্রশাসক রিটন

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন  রাসিক প্রশাসক রিটন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিবেশ ও আয়োজনের খোঁজখবর নেন।

বুধবার (দুপুরে) নগরীর পবাপাড়া চতুর্বেদী পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে তিনি এ কার্যক্রম শুরু করেন। পরে রাজারহাতা কালীমন্দির পূজামণ্ডপ, রাজারহাতা শিবমন্দির পূজামণ্ডপ ও হরিজন শিবমন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মো. মাহফুজুর রহমান রিটন সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে শারদীয় দুর্গাপূজার আনন্দ ও উৎসবমুখর পরিবেশে সবার অংশগ্রহণের বিষয়ে খোঁজখবর নেন।

পবাপাড়া চতুর্বেদী পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চতুর্বেদী মন্দির পরিচালনা কমিটির সভাপতি রুহিন মোহন মণ্ডল, সহসভাপতি সুমন্ত সরকার, কোষাধ্যক্ষ মানিক চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক চন্দন পাল, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ সরকার অপু, দপ্তর সম্পাদক শিমুল কুমার, প্রচার সম্পাদক অমৃত কুমার ঘোষ এবং উপদেষ্টামণ্ডলীর সদস্য অসীম কুমার ঘোষ ও উত্তম সাহা।

এ সময় আরও উপস্থিত ছিলেন শাহ মখদুম থানা বিএনপির সদস্যসচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনিসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির মনোনীত প্রার্থীর সঙ্গে নেতাকর্মীদের থাকার আহ্বান চিফ হুইপের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


বিএনপির মনোনীত প্রার্থীর সঙ্গে নেতাকর্মীদের থাকার আহ্বান চিফ হুইপের

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর সঙ্গে নেতাকর্মীদের থাকার আহ্বান জানিয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জিয়া মঞ্চ বরিশাল বিভাগীয় সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

চিফ হুইপ উল্লেখ করেন, ‘দেশকে ভালো করার জন্য সব কাজে অংশ নিচ্ছে তৃনমূল নেতাকর্মীরা। ২৫ কোটি বৃক্ষরোপণ, ২০ হাজার কিলোমিটার খাল খনন, পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব ভালো কাজ করছেন, তার সঙ্গে দেশকে এগিয়ে নিতে কাজ করছে তৃণমূল নেতাকর্মীরা। তৃনমূলকে শক্তিশালী করতে প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।’

নুরুল ইসলাম মনি বলেন, ‘সুন্দর ও ভালো ভোটের অঙ্গীকার শতভাগ বাস্তবায়ন করা হবে। স্থানীয় সরকার নির্বাচনে সব দল অংশ নিতে পারবে।’

চিফ হুইপ প্রধানমন্ত্রী দেশের মানুষের কল্যাণে কাজ করছেন উল্লেখ করে তার হাতকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এর আগে দুপুর ১২ টায় জিয়া মঞ্চের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন চিফ হুইপ। সম্মেলনের শুরুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এবং পরে জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলনের সূচনা করা হয়।

সম্মেলনে বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনসহ জিয়া মঞ্চের বরিশাল বিভাগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের স্টেট ব্যাংকে সাইবার হামলা, গ্রাহকদের তথ্য ডার্ক ওয়েবে ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


ভারতের স্টেট ব্যাংকে সাইবার হামলা, গ্রাহকদের তথ্য ডার্ক ওয়েবে ফাঁস

ভারতের সবচেয়ে বড় ঋণদাতা প্রতিষ্ঠান স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) সন্দেহভাজন সাইবার হামলার পর তদন্ত কার্যক্রম শুরু করেছে। এ ঘটনায় ডার্ক ওয়েবে হাজারো গ্রাহকের ব্যক্তিগত তথ্যসহ রেকর্ড ফাঁস হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (২১ অক্টোবর) স্টক এক্সচেঞ্জে প্রকাশিত এক নথিতে ব্যাংকটি জানায়, প্রাথমিক বিশ্লেষণের মাধ্যমে গ্রাহকদের ব্যক্তিগত তথ্যসংবলিত প্রায় ৪ হাজার রেকর্ড শনাক্ত করা হয়েছে। এসবিআই তথ্য ফাঁসের ঘটনার তদন্ত করছে।

ব্যাংকটি আরও জানায়, প্রাথমিক মূল্যায়নের অংশ হিসেবে ডার্ক ওয়েবে পাওয়া প্রায় ৩ লাখ ৭৫ হাজার রেকর্ড বিশ্লেষণ করা হয়েছে।

এই তথ্য ফাঁসের ঘটনা ভারতের ব্যাংকিং খাতের সাইবার নিরাপত্তা ঝুঁকির বিষয়টি সামনে এনেছে। ঋণদাতা প্রতিষ্ঠানগুলো ডিজিটাল সেবা সম্প্রসারণ করছে এবং ক্রমবর্ধমানভাবে গ্রাহকদের সংবেদনশীল তথ্য সংরক্ষণ করছে। এর ফলে এসব তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর আগে, গত জুলাইয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংক অব বারোদা-ও একই ধরনের ঘটনার তথ্য জানিয়েছিল।

গ্রান্ট থর্নটন ভারতের অংশীদার বিবেক আইয়ার মন্তব্য করেন, ‘আর্থিক পরিষেবা খাতে প্রযুক্তির ব্যাপক পরিবর্তন, বিশেষ করে ডিজিটালাইজেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের কারণে সাইবার নিরাপত্তার ঝুঁকির ক্ষেত্র ক্রমাগত পরিবর্তিত হচ্ছে।’

তিনি আরও বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোর শুধু সাইবার নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করলেই হবে না, তাদের নিরাপত্তা কার্যক্রম পরিচালনাকেন্দ্রগুলোকেও আরও শক্তিশালী করতে হবে।

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বারবার ঋণদাতা প্রতিষ্ঠানগুলোকে সাইবার ঝুঁকি সম্পর্কে সতর্ক করে আসছে, যা দেশের আর্থিক স্থিতিশীলতার ক্ষতি করতে পারে।

ভারতের আর্থিক ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ ব্যাংক হিসেবে বিবেচিত এসবিআই জানিয়েছে, ফাঁস হওয়া রেকর্ডে গ্রাহকদের নাম, নিবন্ধিত মোবাইল নম্বর, জন্মতারিখ, ইমেইল ও বাসার ঠিকানা অন্তর্ভুক্ত ছিল। এছাড়া শাখা ও গ্রাহক শনাক্তকরণ নম্বর এবং ঋণসংক্রান্ত রেকর্ড ও সম্ভাব্য গ্রাহকদের তথ্যও এতে ছিল।

ব্যাংকটি জানিয়েছে, তথ্য ফাঁসের সম্ভাব্য উৎস ও ব্যাপ্তি নির্ধারণের পাশাপাশি গ্রাহক ও ব্যাংকের জন্য কী ধরনের ঝুঁকি তৈরি হয়েছে, তা মূল্যায়ন করতে বিস্তারিত তদন্ত চলছে।

তবে এসবিআই বলেছে, এ ঘটনায় ব্যাংকটির মূল ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক ফলাফল কিংবা ব্যবসা পরিচালনার ধারাবাহিকতার ওপর উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি।

সূত্র: দ্য প্রিন্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন ছিন্ন হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন ছিন্ন হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নাটোর, ২১ অক্টোবর, ২০২৬ : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন উল্লেখ করেছেন যে, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধন কখনো ভাঙবে না। তিনি বলেন, "শত বছর ধরে সম্প্রীতির এই ঐতিহ্য আমরা হৃদয়ে ধারণ করে রেখেছি।"

লালপুরের দুইশ বছরের প্রাচীন শ্রী শ্রী কালীমাতা মন্দির ও শ্রী শ্রী গৌর গোবিন্দ দেব বিগ্রহ মন্দিরের অফিস কক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার মধ্যরাতে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, এই দেশে সকল ধর্মের মানুষ একত্রে বসবাস করেন। একজনের বিপদে অন্যজন এগিয়ে আসেন।

প্রতিমন্ত্রী জানিয়েছেন, ভিন্ন ধর্মের সহাবস্থানের ফলে আমাদের জাতিসত্তা বৈচিত্র্যময় হয়ে উঠেছে। এই বৈচিত্র্যময় জাতিসত্তাই আমাদের সামনে এগিয়ে চলার শক্তি প্রদান করে। তিনি বলেন, "সম্প্রীতির এই বন্ধনকে আরও দৃঢ় করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।"

মন্দির কমিটির সভাপতি শতদল কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মেশকাতুল ইসলাম, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম এবং লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ পাপ্পু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক আনন্দ মোহন সাহা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাত ২টা পর্যন্ত প্রতিমন্ত্রী লালপুর উপজেলার ধুপইল সার্বজনীন বাজার মন্দির, ওয়ালিয়া সার্বজনীন দুর্গা মন্দির ও ত্রিমোহিনী শিব মন্দিরসহ ১০টি মণ্ডপ পরিদর্শন করেন এবং দুর্গাপূজার কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

এর আগে তিনি বাগাতিপাড়া উপজেলার শ্রী শ্রী শিব-কালী মাতা মন্দিরে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। পরে দয়ারামপুর, গালিমপুর, জামনগর ও পৌরসভা এলাকার বিভিন্ন মণ্ডপে গিয়ে পূজা আয়োজক ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%