শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:৪৪ পি.এম
ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের কারণে বর্তমানে দুই দেশের বিনোদনজগতে নানা ধরনের বিধিনিষেধ রয়েছে। তবে অতীতে পরিস্থিতি ছিল একেবারেই আলাদা। সেই সময়ে দুই দেশের চলচ্চিত্র ও ক্রীড়াঙ্গনের তারকাদের ঘিরে নানা সম্পর্কের গুঞ্জনও ছড়িয়েছিল। বিশেষ করে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় অভিনেত্রীদের কথিত প্রেমের সম্পর্ক নিয়ে একসময় ব্যাপক আলোচনা হয়েছে।
চলুন জেনে নেওয়া যাক এরকম কিছু প্রেমিক যুগল সম্পর্কে-
জিনাত আমান ও ইমরান খান
সত্তরের দশকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জিনাত আমান এবং পাকিস্তানের তারকা ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সম্পর্ক নিয়ে বেশ জোরালো গুঞ্জন ছড়িয়েছিল। তাদের প্রেমের গল্প সে সময় বিনোদন অঙ্গনে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছিল। তবে শেষ পর্যন্ত নানা উত্থান-পতনের মধ্য দিয়ে সেই সম্পর্ক পরিণতি পায়নি। পরে দুজনই নিজেদের জীবনে আলাদা পথে এগিয়ে যান।
ওয়াসিম আকরাম ও সুস্মিতা সেন
২০০৮ সালে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম ও বলিউড অভিনেত্রী, সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেনকে ঘিরে প্রেমের গুঞ্জন তুমুল আলোচনায় আসে। একটি অনুষ্ঠানে তাদের পরিচয় হয়। এরপর বন্ধুত্ব থেকে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার খবর ছড়িয়ে পড়ে। যদিও দুজনের কেউই প্রকাশ্যে তাদের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেননি।
সানিয়া মির্জা ও শোয়েব মালিক
ভারত-পাকিস্তান সীমান্ত পেরিয়ে সবচেয়ে বেশি আলোচিত জুটিগুলোর একটি ছিল ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের। ২০১০ সালে হায়দরাবাদে জমকালো আয়োজনে বিয়ে করেন তারা। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর অবশ্য সেই সম্পর্কেও ভাঙন ধরে। ২০২৪ সালে জানা যায়, তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ এরও আগে সম্পন্ন হয়েছিল।
আয়েশা টাকিয়া ও শহীদ আফ্রিদি
বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়া ও পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদিকে নিয়েও একসময় প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। বিভিন্ন প্রতিবেদনে তাদের সম্পর্কের দাবি করা হলেও এর পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফলে বিষয়টি শেষ পর্যন্ত গুঞ্জন হিসেবেই থেকে যায়।
শোয়েব আখতার ও সোনালি বেন্দ্রে
বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রের প্রতি নিজের ভালো লাগার কথা প্রকাশ্যেই জানিয়েছিলেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। সোনালিকে তিনি অত্যন্ত পছন্দ করতেন বলে বিভিন্ন সময়ে জানিয়েছেন। তবে অভিনেত্রীর পক্ষ থেকে এ বিষয়ে কখনো কোনো সাড়া পাওয়ার খবর মেলেনি। ফলে শোয়েবের সেই ভালো লাগা শেষ পর্যন্ত একতরফা বলেই বিবেচিত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লালমনিরহাট, ১৮ সেপ্টেম্বর ২০২৬ : কুড়িগ্রামের ফুলবাড়ী ও লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত অঞ্চলে পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার, বিজিবি’র লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ও শুক্রবার বালারহাট, ঝাউরানী ও গংগারহাট বিওপির আওতাধীন কুড়িগ্রামের ফুলবাড়ী এবং লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে পৃথক অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় চোরাকারবারিরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। অভিযানকালে বালারহাট বিওপি এলাকা থেকে ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ঝাউরানী বিওপি এলাকা থেকে ৯৯ বোতল ইস্কাপ সিরাপ এবং গংগারহাট বিওপি এলাকা থেকে ৮১ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের মোট সরকারি সিজার মূল্য আনুমানিক একলাখ ২৬ হাজার ২৫০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা মালিবাগ, মহাখালী ও আগারগাঁওয়ের পরের ঘটনা। তবে, পুলিশ নিশ্চিতভাবে জানাতে পারেনি কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটে থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। যাত্রাবাড়ী থানার ডিইউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে ককটেল বিস্ফোরণ হতে পারে। তবে বর্তমানে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হচ্ছে না। থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তারা তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) প্রধান পদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক মনোনীত রিচার্ড শ্রোয়ারের নাম আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে।
হোয়াইট হাউস বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) একটি সংক্ষিপ্ত স্মারকলিপির মাধ্যমে এই সিদ্ধান্ত চূড়ান্ত করে, যখন রিপাবলিকান পার্টির প্রভাবশালী সিনেটর র্যান্ড পল বিরোধী দল ডেমোক্র্যাটদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রক্রিয়া আটকে দেন।
রিপোর্টে বলা হয়েছে, গত জুনে ট্রাম্প শ্রোয়ারকে আইসিই প্রধান হিসেবে মনোনয়ন দেন, যিনি বর্তমানে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারির জ্যেষ্ঠ সহকারী হিসেবে কর্মরত। তবে বিশাল একটি কেন্দ্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃত্ব দেওয়ার পূর্ব অভিজ্ঞতা না থাকার কারণে ট্রাম্পঘনিষ্ঠ শ্রোয়ারের নিয়োগ নিয়ে মিত্রদের মধ্যে অসন্তোষ ও সমালোচনা শুরু থেকেই ছিল।
সিনেটের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির প্রধান র্যান্ড পল মিনেসোটার মিনিয়াপোলিসে আইসিই এবং বর্ডার প্যাট্রোলের গুলিতে দুই ফিলিস্তিনি-আমেরিকানসহ মার্কিন নাগরিক নিহতের তদন্ত রিপোর্ট হোয়াইট হাউসের কাছে দাবি করেছিলেন। মিনিয়াপোলিসে রেনে গুড ও অ্যালেক্স প্রেটি নামের দুই বিক্ষোভকারী নিহতের ঘটনায় হোয়াইট হাউস পর্যাপ্ত তথ্য না দেওয়ায় তিনি পুরো কমিটির সামনে শ্রোয়ারের নিয়োগ চূড়ান্ত ভোটাভুটির বিষয়টি ঝুলিয়ে রাখেন।
২০১৭ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ এই অভিবাসন সংস্থায় সিনেট অনুমোদিত কোনো স্থায়ী প্রধান নেই; ডেভিড ভেনচুরেলার মতো বিভিন্ন ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে এতদিন সংস্থাটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
অবৈধ অভিবাসীদের বের করে দিতে ট্রাম্প প্রশাসন যখন ইতিহাসের সবচেয়ে বড় নির্বাসন অভিযানের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই তার এই কঠোর নীতি নিজ দলের অভ্যন্তরেই প্রবল প্রতিরোধের মুখে পড়ছে। ফ্লোরিডার রিপাবলিকান প্রতিনিধি মারিয়া এলভিরা সালাজার প্রকাশ্যে সতর্ক করেছেন যে ট্রাম্পের বিতর্কিত এই নীতি ২০২৪ সালের নির্বাচনে সমর্থন দেওয়া বিপুল পরিমাণ ভোটারকে রিপাবলিকানদের থেকে দূরে ঠেলে দিচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে গোলাম আযমের লেখা ‘মনটাকে কাজ দিন’ বইটি উপহার দেওয়ার ঘটনায় ক্যাম্পাসে ক্ষোভ ও বিতর্ক সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বইটি ফুলের সঙ্গে উপহার হিসেবে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এই বইটি বিতরণ করা হয়। এ ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল এবং বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতারা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের আয়োজন করে শেকৃবি শাখা ছাত্রশিবির। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলের পাশাপাশি গোলাম আযমের লেখা ‘মনটাকে কাজ দিন’ বইটিও উপহার দেওয়া হয়।
গোলাম আযম ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের জন্য ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাকে ৯০ বছরের কারাদণ্ড প্রদান করে। ২০১৪ সালের অক্টোবরে তিনি মৃত্যুবরণ করেন।
নবীনবরণ অনুষ্ঠানে তার লেখা বই বিতরণের ঘটনায় শিক্ষার্থীদের একাংশ এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, নবীন শিক্ষার্থীদের বরণ করার মতো অনুষ্ঠানে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তির লেখা বই বিতরণের মাধ্যমে তার মতাদর্শকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়েছে।
শেকৃবি শাখা ছাত্রদলের সভাপতি আহমেদুল কবীর তাপস বলেন, "নবীন শিক্ষার্থীদের আবেগ ও সরলতাকে ব্যবহার করে কোনো বিতর্কিত রাজনৈতিক মতাদর্শকে স্বাভাবিক বা গ্রহণযোগ্য করার চেষ্টা হলে তার প্রতিবাদ করা হবে।"
তিনি আরও বলেন, "ক্যাম্পাস রাজনৈতিক কর্মকাণ্ড যেন মুক্তিযুদ্ধের ইতিহাস, শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের স্বার্থের প্রতি দায়িত্বশীল থাকে।"
ঘটনার নিন্দা জানিয়ে শেকৃবি শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক রাফিউর রহমান রুহান বলেন, "গোলাম আযমের মতো একজন ব্যক্তিকে সাংগঠনিকভাবে উদযাপন বা তার মতাদর্শকে প্রতিষ্ঠার চেষ্টা করা হলে তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।"
তবে বইটি উপহার দেওয়ার বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন শেকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান নাঈম। তিনি বলেন, "গোলাম আযম একজন সম্মানীয় ব্যক্তি। তার লেখনী সহজ-সরল। বইটির বিষয়বস্তুর গুরুত্ব বিবেচনা করেই নবীন শিক্ষার্থীদের এটি উপহার দেওয়া হয়েছে।"
‘মনটাকে কাজ দিন’ বইটি বর্তমানে বিভিন্ন প্রকাশনা ও বিক্রয় প্ল্যাটফর্মে ইসলামি আত্মোন্নয়নমূলক বই হিসেবে তালিকাভুক্ত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ