ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করলেই টেকসই উন্নয়ন সম্ভব: জেলা প্রশাসক, বরগুনা


গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করলেই টেকসই উন্নয়ন সম্ভব: জেলা প্রশাসক, বরগুনা

 

'গ্রামীণ অর্থনীতি শক্তিশালী না হলে টেকসই জাতীয় উন্নয়ন সম্ভব নয়। দেশের উন্নয়নের প্রকৃত ভিত্তি হচ্ছে গ্রাম। গ্রামকে উন্নয়নের মূলধারায় এনে কর্মসংস্থান সৃষ্টি, কৃষির আধুনিকায়ন, সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণ এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল গ্রামীণ অর্থনীতি গড়ে তুলতে হবে।'

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার এই কথা বলেন।

আরও পড়ুন: শীর্ষ মাদক ডিলার গ্রেফতার: ২ বোতল ভারতীয় সিরাপ দিয়ে আদালতে সোপর্দ করলো দামকুড়া থানা পুলিশ

সোমবার (৬ জুলাই) ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বরগুনার যৌথ উদ্যোগে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, 'গ্রামই বাংলাদেশের প্রাণ। গ্রামীণ অর্থনীতি যত শক্তিশালী হবে, দেশের সামগ্রিক অর্থনীতিও তত সমৃদ্ধ হবে। তাই গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ তৈরি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তোলার উদ্যোগকে আরও গতিশীল করতে হবে।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দীর্ঘদিন ধরে সমবায়, ক্ষুদ্র ঋণ, প্রশিক্ষণ ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব কার্যক্রমকে আরও সম্প্রসারণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন সম্ভব।'

আরও পড়ুন: রায়পুরায় বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসা গুলিসহ নারী আটক

জেলা প্রশাসক বলেন, 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে গ্রামীণ জনগোষ্ঠীকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। প্রযুক্তিনির্ভর কৃষি, আধুনিক উৎপাদন ব্যবস্থা, যুব উদ্যোক্তা সৃষ্টি এবং নারীর ক্ষমতায়নের মাধ্যমে একটি টেকসই ও আত্মনির্ভরশীল গ্রামীণ অর্থনীতি গড়ে তুলতে হবে। সরকারের উন্নয়নের সুফল যেন সমাজের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, সে লক্ষ্যে সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।'

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, 'পল্লী উন্নয়ের প্রতিটি কর্মসূচি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই উন্নয়নের প্রকৃত লক্ষ্য অর্জন সম্ভব।'

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হলো গ্রামীণ উন্নয়ন। কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, ক্ষুদ্র ও কুটির শিল্প, সমবায় এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে সরকারি উন্নয়ন কর্মসূচির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সকলকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তন্ময়, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনির হোসেন কামাল, বিআরডিবি বরগুনার উপ-পরিচালক সরদার রফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, জেলা বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা সালেহ ফারুক, জেলা কৃষক দলের সভাপতি মাসুদুর রহমান, গণমাধ্যমকর্মীরা এবং বিআরডিবির সুফলভোগী সদস্য সমিতির সদস্যবৃন্দ।

আরও পড়ুন: ভাঙ্গায় চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলে দিতে হবে ৫০ লাখ টাকা চাঁদা

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে দুইজন সফল উদ্যোক্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি নতুন উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান এবং অর্ধশতাধিক সুফলভোগী সদস্যের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

বিআরডিবি, বরগুনার উপ-পরিচালক সরদার রফিকুল ইসলাম বলেন, জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপনের মূল উদ্দেশ্য হলো গ্রামীণ উন্নয়ন কার্যক্রমে মানুষের অংশগ্রহণ বৃদ্ধি এবং সফল উদ্যোক্তাদের উৎসাহিত করা। বিআরডিবি ঋণ সহায়তা, প্রশিক্ষণ ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ ইউরোপে ছড়িয়ে পড়েছে দাবানল, ঘরবাড়ি ছেড়েছেন হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


দক্ষিণ ইউরোপে ছড়িয়ে পড়েছে দাবানল, ঘরবাড়ি ছেড়েছেন হাজারো মানুষ

দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশে সোমবার ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে হাজারো মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য করা হয়েছে।

একই সাথে বিখ্যাত ট্যুর দ্য ফ্রান্স সাইকেল প্রতিযোগিতার একটি ধাপে দর্শক প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। পর্তুগাল, স্পেন, ফ্রান্স ও গ্রিসের বিভিন্ন স্থানে কয়েক শত দমকলকর্মী দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন। এসব আগুনের কারণে ১৯ হাজার হেক্টরেরও বেশি জমি পুড়ে গেছে, যা নিউইয়র্কের ম্যানহাটনের দ্বিগুণেরও বেশি। ফ্রান্সের ইল-সুর-তেত থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর প্রকাশ করেছে।

এরই মধ্যে আবারও তাপমাত্রা বাড়তে শুরু করেছে। পূর্বাভাসে বলা হয়েছে, অঞ্চলের কয়েকটি স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। সম্প্রতি একটি রেকর্ড ভাঙা তাপপ্রবাহের ধাক্কা এখনো পুরোপুরি কাটানোর সুযোগ পায়নি এই অঞ্চল।

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পেরপিনিয়াঁ শহরের কাছে দুর্গম এলাকায় ছড়িয়ে পড়া ‘বিশাল’ দাবানল নিয়ন্ত্রণে ৭০০ দমকলকর্মী এবং বিশেষায়িত বিমান কাজ শুরু করেছে। এই ঘটনায় ১০ হাজারের বেশি স্থানীয় বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, প্রবল বাতাস, তীব্র গরম এবং অস্বাভাবিক শুষ্ক আবহাওয়ার কারণে রোববার ভোরের পর থেকে আগুনের বিস্তার প্রায় তিন গুণ বেড়েছে, যার ফলে ৪ হাজার ৬০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। আহত হয়েছেন একজন দমকলকর্মী ও একজন স্থানীয় বাসিন্দা।

নিজের পদবি প্রকাশ করতে অনিচ্ছুক ত্রেভিয়াখ গ্রামের ৫৩ বছর বয়সী বাসিন্দা পাত্রিস বলেন, ‘আগুন বাড়িঘর থেকে মাত্র ৩০০ মিটার দূরে চলে আসে। এত দ্রুত আগুন ছড়াবে, তা কল্পনা করিনি। পরিস্থিতি আতঙ্কের কাছাকাছি পৌঁছে গিয়েছিল।’

৩০ বছর বয়সী শার্লট পিনিওল বলেন, রোববার ভোরে যাদের প্রথমে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি তাদের একজন। তিনি বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে ধোঁয়া দেখতে পাই। এরপর ধীরে ধীরে তা আমাদের আরও কাছে চলে আসে। রাত ১টার দিকে সিটি হলের একজন এসে দরজায় কড়া নেড়ে আমাদের চলে যেতে বলেন।’

গত জুনের ভয়াবহ তাপপ্রবাহের পর এই দাবানল দেখা দেয়। এটি ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়াবহ তাপপ্রবাহ। এতে অতিরিক্ত কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। বিজ্ঞানীদের সংগঠন ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন জানাচ্ছে, জলবায়ু পরিবর্তন না হলে এমন তাপপ্রবাহ ‘প্রায় অসম্ভব’ ছিল।

আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। এতে কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করে বলছে, এ বছরের গ্রীষ্মকালীন দাবানলের মৌসুম স্বাভাবিক সময়ের এক মাস আগেই শুরু হয়েছে।

ফরাসি ফায়ার সার্ভিসের কর্নেল এরিক বেলজিওইনো বলেছেন, ‘জলবায়ু পরিবর্তন এখন বাস্তবতা। আমরা এর পরিণতি ভোগ করছি। অথচ জুলাই মাসের শুরুই মাত্র।’ পিরেনিজ পর্বতমালার কাছে দাবানল এলাকার বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দাবানলের বিরুদ্ধে লড়াই করা সদস্যদের জন্য মৌসুমটি দীর্ঘ হবে। আপনারা আমাদের সহযোগিতা করুন।’

এদিকে, ফ্রান্সের কর্তৃপক্ষ জানাচ্ছে, সোমবার পিরেনিজ অঞ্চলে অনুষ্ঠিত ট্যুর দ্য ফ্রান্স সাইকেল প্রতিযোগিতার তৃতীয় ধাপ দর্শক ছাড়া আয়োজন করা হবে। এই প্রতিযোগিতার এ ধাপে সাইক্লিস্টরা সোমবার স্পেন থেকে ফ্রান্সে প্রবেশ করবেন।

আঞ্চলিক প্রিফেক্ট পিয়ের রেনো দ্য লা মোথ সাংবাদিকদের বলেন, ‘ফ্রান্সের অংশে শুধু প্রতিযোগী সাইক্লিস্ট এবং প্রতিযোগিতা পরিচালনার জন্য প্রয়োজনীয় যানবাহন চলাচল করবে।’ তিনি বলেন, ‘সাধারণ মানুষকে রেসের পথ কিংবা গন্তব্যস্থলের কাছে না যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘অর্থাৎ, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, অন্তত ফ্রান্সের অংশে এবার ট্যুর দ্য ফ্রান্স দর্শকশূন্যভাবেই অনুষ্ঠিত হবে।’

অপরদিকে, গ্রিসে সপ্তাহের শেষে উত্তরাঞ্চলীয় থেসালোনিকিতে বনাঞ্চলের আগুন ছড়িয়ে পড়ে দুটি কারখানায়। এতে আশপাশের এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি বাসিন্দাদের জানালা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্পেনের উত্তর-পূর্বাঞ্চলের কোস্তা ব্রাভা উপকূলের কাছে লাগা আগুন দুই দিনে ২ হাজার ২০০ হেক্টরের বেশি এলাকা পুড়ে ফেলেছে। দমকল বাহিনী জানাচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি এবং আগুনের ভেতরে ছড়িয়ে থাকা অসংখ্য ধিকিধিকি জ্বলতে থাকা স্থানগুলোর কারণে আগুন নিয়ন্ত্রণের কাজ আরও কঠিন হচ্ছে।

পর্তুগালের জরুরি সেবা বিভাগ জানাচ্ছে, দেশটির উত্তরাঞ্চলে প্রায় ১৩ হাজার হেক্টর বন ও ঝোপঝাড় ধ্বংস করা দাবানলের প্রায় ৮০ শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে।

এছাড়া, ক্রোয়েশিয়ার হভার দ্বীপ ও আলবেনিয়ার তালে এলাকায় বড় ধরনের দাবানলে কয়েক শত হেক্টর বন, আঙুরখেত ও ঝোপঝাড় পুড়ে গেছে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ।

পর্তুগাল, স্পেন ও দক্ষিণ ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনের জন্য তাপপ্রবাহ সতর্কতা জোরদার করা হয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সোমবার শুরু হওয়া নতুন তাপপ্রবাহ উত্তর দিকে ছড়িয়ে পড়বে এবং আগামী সপ্তাহের শেষ দিক পর্যন্ত স্থায়ী হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে নেত্রকোণায় আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


জাতীয় পল্লী উন্নয়ন দিবসে নেত্রকোণায় আলোচনা সভা অনুষ্ঠিত

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের মাধ্যমে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে।

আজ সোমবার সকালে ১০টায় জেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), জেলা দপ্তর, নেত্রকোণার যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে যেখানে বিভিন্ন উন্নয়নমূলক স্টল আয়োজন করা হয়, সেখানে অতিথিবৃন্দ ওইসব স্টল পরিদর্শন করেন। এসব স্টলে স্থানীয় গ্রামীণ নারী ও উদ্যোক্তাদের উৎপাদিত বাঁশ-বেতের বিভিন্ন হস্তশিল্প, নান্দনিক নকশিকাঁথা ও বুটিকের কাজ অতিথিবৃন্দ ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মো. নুরুজ্জামান এবং পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান, বিআরডিবি নেত্রকোণার উপ-পরিচালক সজল চন্দ্র সূত্রধর প্রমুখ।

বক্তারা সভায় বলেন, টেকসই উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। বক্তারা সরকারের কার্যক্রম ও বিআরডিবির উন্নয়নমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং গ্রামীণ অর্থনীতিকে আরো গতিশীল করার ওপর জোর দেন।

সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ। এ মুহূর্তে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও বিআরডিবির স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যাটো সম্মেলনের আগে মেলোনির সঙ্গে বিরোধ উসকে দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


ন্যাটো সম্মেলনের আগে মেলোনির সঙ্গে বিরোধ উসকে দিলেন ট্রাম্প

বর্তমান সপ্তাহে তুরস্কে শুরু হতে যাওয়া ন্যাটো সম্মেলনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বিরোধ আবারও উসকে দিলেন।

সোমবার(৬ জুলাই) ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে সম্প্রতি ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের সময়কার দুজনের একটি ছবি পোস্ট করেছেন।

ছবির পোস্টে তিনি মন্তব্য করেন, নিষেধাজ্ঞা আদেশ প্রয়োজন। এবারের ন্যাটো সম্মেলনে জোটের অন্যান্য নেতাদের পাশাপাশি ট্রাম্প ও মেলোনির সাক্ষাতের কথাও রয়েছে।

গত সপ্তাহে ট্রাম্প দাবি করেছিলেন, সাম্প্রতিক জি-৭ সম্মেলনের সময় মেলোনি বারবার তার সঙ্গে ছবি তোলার অনুরোধ করেছিলেন। মার্কিন প্রেসিডেন্টের ভাষ্যমতে, মেলোনি ‘বারবার’ ছবি তোলার জন্য পীড়াপীড়ি করেছিলেন। তবে মেলোনি এই অভিযোগকে ‘সম্পূর্ণ বানোয়াট’ বলে প্রত্যাখ্যান করেছেন।

তিনি বলেন, ইতালি বা আমি কখনোই কোনো কিছুর জন্য অনুরোধ বিনয় করি না। উপস্থিতিতে তিনি উল্লেখ করেন, আমি আজ আমেরিকা বিরোধী নই, অতীতে আমি কখনো নতজানু হইনি। আমি এমন একজন মানুষ, যিনি বিশ্বাস করি ঐক্যবদ্ধ অবস্থায় পশ্চিমা বিশ্ব অধিক শক্তিশালী এবং ঐক্যবদ্ধ পশ্চিমা বিশ্বের অংশ হিসেবে ইতালিও শক্তিশালী। এই কারণে আমি কাজ করেছি এবং করে যাচ্ছি।

এখন এই বিবাদের ফলে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ওয়াশিংটনে তার পূর্বনির্ধারিত সফর বাতিল করেছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প ও মেলোনির মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এর অন্যতম কারণ হলো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপে সমর্থন প্রদানে ইতালির অনীহা।

সূত্র: আনাদোলু এজেন্সি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয়করণ ও বেতন বৃদ্ধির দাবিতে ডাক কর্মচারীদের কর্মবিরতি মেহেরপুরে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


জাতীয়করণ ও বেতন বৃদ্ধির দাবিতে ডাক কর্মচারীদের কর্মবিরতি মেহেরপুরে

জাতীয়করণ ও বেতন বৃদ্ধির দাবি নিয়ে মেহেরপুর শাখা পোস্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। গত সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সারা দেশের মতো মেহেরপুর জেলাতেও প্রধান ডাকঘরের সামনে ব্যানার এবং ফেস্টুন নিয়ে কর্মবিরতি পালন করেছেন জেলার ২৯টি শাখা পোস্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। এই কারণে বিভিন্ন শাখা পোস্ট অফিসের কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।

কর্মবিরতি চলাকালে জেলা ডাক কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদুর রহমান জানান, মেহেরপুর জেলার ২৯টি শাখা পোস্ট অফিসে মোট ৭৫ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। তবে, তারা যে বেতন পান, তা দিয়ে বর্তমান বাজার পরিস্থিতির মধ্যে পরিবার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাদের দাবি হচ্ছে চাকরি জাতীয়করণ এবং বেতন কাঠামোর যৌক্তিক সংস্কার।

এছাড়া তিনি আরও বলেন, একজন শাখা পোস্টমাস্টারের মাসিক বেতন মাত্র ৪ হাজার ৪৬০ টাকা, পোস্টম্যানের ৪ হাজার ৩৫৪ টাকা, রানারের ৪ হাজার ২৭৭ টাকা এবং নৈশপ্রহরীর বেতন মাত্র ৪ হাজার টাকা। এই বেতন দিয়ে সংসার চালানো প্রায় অসম্ভব বলেও তিনি মন্তব্য করেছেন।

কাথুলি শাখা পোস্ট অফিসের এডি পোস্টমাস্টার জানিয়েছেন, তিনি ১৯৭৯ সাল থেকে এই পেশায় কর্মরত আছেন। চাকরিতে যোগদানের সময় তার বেতন ছিল মাত্র ৭০ টাকা। আজ ২০২৬ সালে এসে ৪৭ বছর চাকরি করার পর তার বেতন মাত্র ৪ হাজার ৪৬০ টাকা। বর্তমান সময়ে এই বেতন দিয়ে সংসার চালানো সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেছেন।

জেলা ডাক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম রেজা জানান, যারা দিনমজুর হিসেবে কাজ করেন, তারাও মাসে ন্যূনতম ২০ হাজার টাকা উপার্জন করেন। অথচ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সেবা খাতে কাজ করেও তারা তুলনামূলকভাবে অনেক কম বেতন পাচ্ছেন। তাই তাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের কাছে আহ্বান জানানো হচ্ছে। কর্মবিরতিতে অংশ নেওয়া অন্যান্য কর্মচারীরা বলেছেন, দীর্ঘকাল ধরে একই বেতন কাঠামো বহাল থাকায় তারা মানবেতর জীবন যাপন করছেন। যদি দ্রুত চাকরি জাতীয়করণ ও বেতন বৃদ্ধি না হয়, তবে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%